Logo
Logo
×

অর্থনীতি

সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমছে

Icon

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৮ পিএম

সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমছে

সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ১ মার্চ থেকে নতুন দাম কার্যকর হবে। 'দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা' বিষয়ক টাক্সফোর্সের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের যারা ব্যবসায়ী আছেন বিভিন্ন পর্যায়ের তারা এটুকু নিশ্চিত করেছেন আগামী রমজানে যে পরিমাণ অত্যাবশ্যকীয় পণ্য বাজারে থাকা দরকার বা মজুর থাকা দরকার বা পাইপলাইনে থাকা দরকার সবগুলোই মোটামুটি পর্যাপ্ত আছে। 

তিনি বলেন, আপনারা সবাই জানেন ইউক্রেন- রাশিয়া যুদ্ধ, ফিলিস্তিন-ইজরায়েল যুদ্ধ, বিভিন্ন কারণে পরিবহনের ব্যয় বেড়েছে, ডলারে আমদানি পর্যায়ে ব্যয় বেড়েছে। তারপরও প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আমাদের ব্যবসায়ীরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ ব্যাংক এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌতিক পর্যায়ে দাম যাতে থাকে সেজন্য কিছু চেঞ্জ করেছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক আগামীতে নিত্যপ্রয়োজনীয় যে পণ্যগুলো আছে সেগুলো আমদানিতে আরেকটু সহযোগিতা কমার্শিয়াল ব্যাংকগুলো যাতে করে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছে ওই জন্য পদক্ষেপ তারা নিবে। 

সেই সঙ্গে এনবিআর কে পরামর্শ দেওয়া হয়েছে অত্যাবশ্যকীয় পণ্যগুলোর ট্যারিফ আগামী বাজেটে যেন যৌক্তিক পর্যায়ে থাকে, যোগ করে বাণিজ্য প্রতিমন্ত্রী।

তিনি বলেন, মৌলভীবাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকে গোলাম মাওলা বলেছেন,  উৎপাদককারী যারা আছেন তাদের সরবরাহ যদি ঠিক থাকে, উনাদের কাছে যে আমদানিকৃত পণ্য আছে এবং যে পরিমাণ মজুদ আছে এটা রমজানের জন্য যথেষ্ট।

তিনি বলেন, ভারত থেকে পেঁয়াজ এবং চিনি আমদানি জন্য যে প্রক্রিয়াগুলো আমরা নিয়েছি, নীতিগতভাবে ভারত সরকার পেঁয়াজের বিষয়ে সম্মতি দিয়েছে। এখন আমরা অফিসিয়ালি কাগজ পেলে তা দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে এসে পৌঁছাতে পারে সে পদক্ষেপ আমরা নেব। 

তিনি বলেন, মায়ানমার সব সময় নিউজ হয় আমাদের বর্ডার এবং রোহিঙ্গা নিয়ে। মায়ানমার সরকারের পক্ষ থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য আমরা যেন বর্ডার থেকে নদী পথে আনতে পারি সে ধরনের একটি এমওইউ ড্রাফট আমাদের বাণিজ্য মন্ত্রণালয় এসেছে। 

তিনি আরও বলেন, আমি প্রধানমন্ত্রী সঙ্গে কথা বলেছি উনি ব্যাপারটিকে পজেটিভ ভাবে নিয়েছেন। আমাদের যিনি নৌ-পরিবহন মন্ত্রী রয়েছেন ওনাকে নির্দেশ দিয়েছেন আমাদের যে দ্বিপাক্ষিক নৌ পরিবহন চুক্তি আছে তার মাধ্যমে আমরা যেন মিয়ানমার থেকে সহজে পণ্য বাংলাদেশে নিয়ে আসতে পারি।

প্রতিমন্ত্রী বলেন, টিকে গ্রুপ, সিটি গ্রুপ, এস আলম, বসুন্ধারা গ্রুপের প্রতিনিধির আছেন। সরকারের উদ্যোগে আমরা ৫ টাকা কমানোতে,  আমি ওনাদের বলেছি প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন আমাদের যারা শিল্প এবং ব্যবসায়ী বড় আকারের আছেন তাদেরও সোশ্যাল একটা রেস্পন্সিবিলিটি আছে। সবকিছু বিবেচনায় নিয়ে আমি বলবো না যৌক্তিক ভাবে, কিছুটা অযৌক্তিকভাবেও আমরা উনাদেরকে অনুরোধ করেছি এবং উনারা ভোজ্য তেলের দাম ১০ টাকা প্রতি লিটারে কমানোর জন্য একমত হয়েছেন। উনারা নিজেরাই প্রস্তাবটা করেছেন। 

তিনি বলেন, সর্বোচ্চ বাজার মূল্য রমজানে প্রতি এক লিটারের বোতল ১৬৩ টাকা করার বিষয়ে আমরা একমতে পৌঁছেছি। যে মূল্যটা ছিল ১৭৩ টাকা এবং তার আগের বছরে ১৮৫ টাকার মতো ছিল। 

তিনি আরও বলেন, আপনারা জানেন আমাদের সার্কুলারটা এসেছে ৮ ফেব্রুয়ারি, যে কোনো জাহাজের বিদেশ থেকে আসতে প্রায় এক মাস লেগে যায় এবং সেটা খালাস করে ভোক্তা পর্যায়ে যেতে মিনিমাম দুই মাস লেগে যায়। দুই মাস আমাদের রমজানের নেই। ওনারা আমাদের বিশেষ অনুরোধ এই বাজার মূল্যটা ১ মার্চ থেকে কার্যকর করবে। 

টিটু বলেন, যেহেতু তেলের সঙ্গে অনেক কিছু সম্পৃক্ত, ভোক্তা পর্যায়ে একটি স্বস্তি বাজারে আসবে এবং খুচরা পর্যায়ের আমরা যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনব। আমরা সিদ্ধান্ত নিয়েছি লুস পর্যায়ে সর্বোচ্চ মূল্য থাকবে ১৪৯ টাকা। আর ৫ লিটারের বোতল ৮০০ টাকায় বিক্রি হবে। আমরা আশা করছি এতে আমাদের ভোক্তা সাধারণ উপকৃত হবেন।

তিনি বলেন, কৃষি মন্ত্রণালয় বছরে দুই বার পেঁয়াজ উৎপাদনের যে উদ্যোগ নিচ্ছে আমরা আশা করছি আগামী কয়েক বছরের মধ্যে চালের মত এটাতেও আমাদের আমদানি নির্ভর হতে হবে না। 

প্রতিমন্ত্রী বলেন, টিসিবির মাধ্যমে এক কোটি পরিবারকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ আমরা শুরু করেছি। এই রমজানে আরো দুইবার আমরা এটা করব। সেখানে চাল থাকবে ৫ কেজি, তেল থাকবে, ডাল থাকবে, চিনি, খেজুর এবং ছোলা থাকবে।

তিনি বলেন, ভোক্তা অধিদপ্তরের নেতৃত্বে আগামী ২২ তারিখ মৌলভীবাজারে যাবো এবং ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করব। যাতে তারা পণ্য সরবরাহের মাধ্যমে সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলো ভোক্তাদের জন্য অ্যাভেলেবল রাখতে পারে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, আজকে আমরা শুধু ভোজ্যতেলের বিষয়ে কথা বলেছি এবং দাম নির্ধারণ করে দিয়েছি। আমরা আশাকরি বাজার ব্যবস্থাপনার মাধ্যমে বাকি যে পণ্যগুলো আছে সেগুলোর দাম যৌক্তিক পর্যায়ে  চলে আসবে।

তিনি বলেন, পাম অয়েল আমাদের বোতল আকারে আসে না। একটা বিষয় জানিয়ে রাখা দরকার এই প্রথম আন্তর্জাতিক বাজারে পাম আয়েলের দাম সয়াবিনের থেকে বেশি। সুতরাং এটা যদি আমরা এখন পুনঃনির্ধারণ করতে যাই সেটা ভোক্তাদের জন্য বুমেরাং হয়ে যাবে।

সাংবাদিকদের আর এক প্রশ্নের উত্তরে টিটু বলেন, ১ মার্চ থেকে দামটা কার্যকর হবে। আমাদের এই ট্যারিফটা ১৫ তারিখ পর্যন্ত কার্যকর থাকবে। এরপর আমরা বসে প্রতি মাসে যেমন তেলের দাম আমাদের ট্যারিফ ঠিক করে, প্রতিমাসে আমাদের যারা মিলমালিক আছে তাদের সঙ্গে বসে দাম রেগুলার বেসিসে পুনঃনির্ধারণ করে দেবো। কারণ আমাদের ব্যবসায়ীরা যদি ব্যবসা না করতে পারে তাহলে পণ্যের সরবরাহে সংকট দেখা দেবে।

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন