Logo
Logo
×

অর্থনীতি

বিনিয়োগ বাড়াতে পারবে বিডা?

Icon

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:১১ পিএম

বিনিয়োগ বাড়াতে পারবে বিডা?

বিদেশী বিনিয়োগ আনার জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষর (বিডা) বিশ্ব ব্যাংকের ‘ইজ অফ ডুয়িং বিজনেসের’ আদলে সূচকভিত্তিক প্রতিবেদন তৈরি করতে চায়।

২০২১ সালের সেপ্টেম্বর মাসে বিশ্ব ব্যাংক ওয়াশিংটন সদর দপ্তর থেকে ব্যবসা সূচক বিষয়ক প্রতিবেদন দেওয়া বন্ধ করে দেয়। তখন বিশ্ব ব্যাংকের ওয়েব সাইটের বিবৃতিতে বলা হয়েছিল, বাংলাদেশের ডুয়িং বিজনেস প্রতিবেদনে বেশ কিছু অনিয়মের অস্তিত্ব দেখা গেছে। সুতরাং এ প্রতিবেদন বাংলাদেশের ব্যবসার খরচ কমিয়ে নিয়ে আসার সঠিক তথ্য উপস্থাপন হচ্ছে না। তিন বছর আগে ডুয়িং বিজনেস রিপোর্ট বা ব্যবসা সূচক বিষয়ক প্রতিবেদন না দেওয়ার এই সিদ্ধান্ত নেয় বিশ্বব্যাংক। 
বৃহস্পতিবার বিডায় ইজ অফ ডুয়িং বিজনেসের মতো করে নতুন বাংলাদেশ বিনিয়োগ পরিবেশ উন্নয়ন কর্মসূচি (বিডিইডিপি) কর্মশালা আয়োজন করা হয়েছে। এই কর্মশালায় দেশের বিনিয়োগ উন্নয়নে সাতটি পিলার রাখা হয়েছে। এর মধ্যে বাংলাদেশের বিনিয়োগ উন্নয়নে ১০০টি সংস্কার কর্মসূচির প্রস্তাব রাখা হবে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে , নতুন বোতলে পুরাতন মদ ঢেলে কতটা লাভ হবে তা নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে।

প্রায় ৬০ থেকে ৮০ ব্যবসায়ী বলছেন, এই প্রতিষ্ঠানের ওয়ান স্টপ সার্ভিস কোনভাবেই কার্যকর হয়নি। এজন্য বিশ্বব্যাংক প্রতিবেদন দেওয়া বন্ধ করতে বলছে। এ অবস্থায় দেশে নতুন বিনিয়োগ আসা তো বন্ধ হয়েছেই, এবার দেখা যাবে যারা বিনিয়োগ করেছিল তারা দেশ থেকে চলে যাবে।  বিশ্বব্যাংক গ্রুপের ওয়েবসাইটের বিবৃতিতে বলা হয়, বিশ্বব্যাংক গ্রুপের গবেষণায় আস্থা অত্যাবশ্যক।

বিশ্বব্যাংক গ্রুপের গবেষণা নীতিনির্ধারকদের পদক্ষেপ সম্পর্কে অবহিত করে, দেশগুলোকে আরও ভালোভাবে অবগত হয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং স্টেকহোল্ডারদের অর্থনৈতিক ও সামাজিক উন্নতিগুলো আরও সঠিকভাবে পরিমাপ করার সুযোগ দেয়। এ ধরনের অনুসন্ধান বেসরকারি খাত, সুশীল সমাজ, শিক্ষাবিদ, সাংবাদিক ও অন্যদের জন্যও মূল্যবান হাতিয়ার। এর মধ্য দিয়ে বৈশ্বিক সমস্যা সম্বন্ধে বিস্তৃত ধারণা পাওয়া যায়।

২০১৮ ও ২০২০ সালে যে ব্যবসা সহজীকরণ সূচক প্রকাশ করা হয়, সেখানেও তথ্য-উপাত্তে কিছু অসঙ্গতি হয়েছে বলে জানা গেছে। ওই প্রতিবেদন দুটি প্রকাশ করা হয় অক্টোবর ২০১৭ ও ২০১৯-এ। তাতে তথ্য-উপাত্তের যে পরিবর্তন পাওয়া যায়, তা ডুয়িং বিজনেস প্রতিবেদনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এরপর বিশ্বব্যাংক ব্যবস্থাপনা পরিষদ পরবর্তী ডুয়িং বিজনেস রিপোর্ট তৈরির বিষয়টি স্থগিত করে এবং বিষয়টি পর্যালোচনা করতে শুরু করে। সব পর্যালোচনা, নিরীক্ষার ফলাফল এবং ব্যাংকের নির্বাহী পরিচালক পর্ষদের যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে, তার সঙ্গে ডুয়িং বিজনেসের জন্য পাওয়া সব তথ্য পর্যালোচনা করার পর বিশ্বব্যাংকের গ্রুপ ম্যানেজমেন্ট ২০২১ সালের সেপ্টেম্বর মাসে এ সূচক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।

অর্থনীতিবিদ ড. এ বি আজিজুল ইসলাম বাংলা আউটলুককে বলেন, বিডার নিজস্ব বিনিয়োগ পরিবেশ উন্নয়ন প্রতিবেদন কতটা গ্রহণযোগ্যটা পাবে তা দেখার বিষয়। বিশ্বব্যাংকের ইজ অফ ডুয়িং বিজনেস অনেক গ্রহণযোগ্যটা পেয়েছিল। গত কয়েক বছর ধরে বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ স্থবির পড়েছে।

করোনা-পরবর্তী কিছু খাতে বিনিয়োগ হলেও এখন একেবারেই বন্ধ। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের স্বজনপ্রীতি, সীমাহীন দুর্নীতি এবং ব্যাপক হারে অর্থপাচারের সাথে যুক্ত হয়েছে  ইউক্রেন-রাশিয়া যুদ্ধ আর ডলার ক্রাইসিস। ফলে দেশে নতুন বিনিয়োগ নেই বললেই চলে। ব্যবসায়ী নেতারা বলছেন, গত বছর (২০২৩) নতুন বিনিয়োগ শূন্যের কোঠায় নেমে এসেছে। এর আগে কিছু বিনিয়োগ হয়েছে। তবে সেগুলো শিল্পের সম্প্রসারণ ও অবকাঠামো খাতে। কিন্তু গত বছর পোশাক, বস্ত্রসহ বিভিন্ন খাতে সম্পূর্ণ নতুন কারখানা গড়ে উঠেনি একটিও।

কেন নতুন বিনিয়োগ হচ্ছে না? দেশীয় উদ্যোক্তারা বলছেন, প্রধান কারণ তিনটি। প্রথমত, গ্যাস সংকট। দ্বিতীয়ত, ব্যাংক অর্থায়নের অভাব এবং তৃতীয়ত, ডলারের দামে অস্থিরতা। অন্য কারণের মধ্যে রয়েছে দক্ষ শ্রমিকের ঘাটতি, শুল্কায়ন ব্যবস্থার জটিলতা, মজুরি বৃদ্ধি, বিদ্যুতের সমস্যা ও কাঁচামালের মূল্যবৃদ্ধি ইত্যাদি। তবে আওয়ামী লীগ সরকারের স্বজনপ্রীতি, সীমাহীন দুর্নীতি এবং ব্যাপক হারে অর্থ পাচারের ফলে যে দেশে ডলারের দাম বেড়ে গেছে তা উল্লেখ্য করলেও ব্যবসায়ীরা তাদের নাম না প্রকাশের শর্ত জুড়ে দিয়েছেন। দেশের বেশিভাগ ব্যাংক বড় অর্থ পাচারকারী এস আলম গ্রুপের হাতে জিম্মি হয়ে পড়েছে। ফলে প্রকৃত ব্যবসায়ীরা ডলার সংকটের কারণে আমদানির জন্যঋণ পত্র খুলতে পারছে না।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘গ্লোবাল রিস্ক রিপোর্ট-২০২২’ প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের অর্থনীতির জন্য সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে নতুন কর্মসংস্থান সৃষ্টি করা। উদ্বেগজনক হলো, করোনায় অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হওয়ার পরিপ্রেক্ষিতে অনেক দিন ধরেই বিনিয়োগে মন্দাভাব পরিলক্ষিত হচ্ছে। উপরন্তু আগের ব্যবসা-বাণিজ্য যেমন সংকুচিত হয়েছে; তেমনি নতুন করে কোনো কিছুর প্রসারও খুব একটা ঘটেনি। এতে কাজের নতুন ক্ষেত্র সৃষ্টির সুযোগ হ্রাসের পাশাপাশি অনেকেই চাকরিচ্যুত হয়েছেন। এ ছাড়া অনেকের বেতন-ভাতাও কমেছে। এই অবস্থায় বিনিয়োগ পরিস্থিতি উন্নয়নে প্রতিবেদন প্রকাশ করলে হিতে বিপরীত হতে পারে। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, দেশে প্রতিবছর গড়ে ২৬ থেকে ২৭ লাখ মানুষ নতুন করে শ্রমবাজারে প্রবেশ করে। এ হিসাবে করোনার দুই বছরে অন্তত ৫২ থেকে ৫৪ লাখ মানুষ শ্রমবাজারে প্রবেশ করলেও তাদের বেশির ভাগেরই কর্মসংস্থান হয়নি। করোনার পর আরও দুই বছর কেটেছে। তেমন বিনিয়োগ বাড়েনি। ফলে বেকারের সংখ্যাও বেড়েছে।

আইএলওর সাম্প্রতিক সময়ের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে বেকারের সংখ্যা প্রায় সাড়ে ৩ কোটি। এই সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। এটা একধরনের অশনিসংকেত বলে মনে করেন সংশ্লিষ্টরা। দেশের সংকট উত্তরণের অন্যতম উপায় হচ্ছে নতুন কাজের সুযোগ তৈরি করা। দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে নতুন কর্মসংস্থান সৃষ্টির কোনো বিকল্প নেই। আর কর্মসংস্থান সৃষ্টি করতে হলে বিনিয়োগ বৃদ্ধির পদক্ষেপ নিতেই হবে। বাস্তব অবস্থা হচ্ছে, যেসব খাত ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে সেসব খাতে নতুন বিনিয়োগ নেই। টেক্সটাইল ও তৈরী পোশাক খাতে ২০২৩ সালে নতুন করে কোনো বিনিয়োগ প্রস্তাব আসেনি। উদ্যোক্তারা বলেছেন, গ্যাস-বিদ্যুৎসহ নানা সমস্যার কারণে চলমান শিল্পগুলো টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে। সেখানে নতুন করে কেউ বিনিয়োগ করবে- এমন প্রত্যাশা করাটাই বোকামি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন