বিশেষজ্ঞরা বলছেন, পাট মন্ত্রণালয় এবং বেসরকারি আমদানী কারকদের যোগসাজশে ভারতীয় পাটবীজের ওপর নির্ভরশীল করা হয়েছে বাংলাদেশের কৃষকদের। প্রতিবছর প্রায় ৯০ শতাংশের ওপরে পাটবীজ ভারতের পশ্চিমবঙ্গ থেকে আমদানী করে নিয়ে আসতে হয়। দেশব্যাপী ভারতীয় পণ্য আমদানীর বিরোধিতার মধ্যে পশ্চিম বঙ্গ থেকে পাটবীজ আমদানীর তোড়জোড় চলছে।
গত বছর তোষা আর মেস্তা পাটবীজ আমদানির জন্য ৪৮০ জন আমদানিকারককে অনুমতি দেওয়া হয়েছিল। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসির) সূত্র জানায়, পাটবীজে ভারত নির্ভরতা কমাতে পাঁচ বছর মেয়াদী রোডম্যাপ কোনো অগ্রগতি হয়নি। তবে ২০২২ অর্থবছর থেকে সেটা শুরু হয়েছিল। ২০২৬ সাল নাগাদ স্বয়ংসম্পূর্ণতা আসবে বলা হলেও বাস্তবতা ভিন্ন। কারণ বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের (বিজেআরআই) বিজ্ঞানীরা জিনোম গবেষণায় পাটজাত রবি-১ (তোষা পাট-৮) উদ্ভাবন করলেও ভারতীয় জেআরও-৫২৪ জাতের সাথে প্রতিযোগিতায় টিকতে পারছে না। ভারতীয় জাতের কাছে মার খাচ্ছে দেশীয় এই উচ্চফলনশীল জাতটি। কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, বিজেআরআই উদ্ভাবিত তোষা পাট-৮ জাতটির জীবনকাল তুলনামূলকভাবে ভারতীয় জাতের চেয়ে একটু বেশি। ফলন একটু কম হলেও কৃষকরা স্বল্প জীবনকালের ভারতীয় জেআরও-৫২৪ জাতটিতেই গুরুত্ব দিচ্ছেন। এ ছাড়া ভারতীয় পাটের আঁশ অপেক্ষাকৃত একটু ভালো। বাজারে চাহিদাও বেশি। সর্বোপরি কৃষকদের মধ্যে দেশীয় তথা বিজেআরআইয়ের তোষা পাট-৮ জনপ্রিয় করতে ব্যর্থ হচ্ছেন সংশ্লিষ্টরা। তাই ভারতীয় জাতের কাছে মার খাচ্ছে দেশীয় জাতের পাট। এ অবস্থায় পাটবীজে ভারত নির্ভরতা কাটাতে আরো দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
বিজেআরআই বলছে, ভারতীয় জাত জেআরও-২৪ চেয়ে তাদের জাতটির (রবি-১ বা তোষা পাট ৮) ফলন ১০-১৫ শতাংশ বেশি। এটা ফরিদপুর ও যশোর অঞ্চলের কৃষকের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। এই জাত সম্প্রসারণের মাধ্যমে পাট বীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা হবে। এ জন্য পাঁচ বছর মেয়াদি রোডম্যাপ প্রণয়ন করেছে সংস্থাটি। ২০২৬ সালের মধ্যে পাটবীজে স্বয়ংসম্পূর্ণতার কথা বলা হলেও পাটবীজ আমদানীকারকদের অনেকে বলছেন, এটা একেবারেই অবাস্তব। কারণ কৃষকের কাছে এখনো ভারতীয় জেআরও-৫২৪ জাতটিই জনপ্রিয়। বিএডিসি বিজেআরইয়ের তোষা-৮ বা রবি-১ জাতের বীজ প্রণোদনা হিসেবে দেওয়া হলেও চাষীরা ভারতীয় জাত পছন্দ করছেন। তারা বলছেন, বিজেআরই উদ্ভাবিত জাতের (রবি-১) ফলন কিছুটা বেশি, তবে ফলনকাল বেশি। ভারতীয় জাতটি ১০০ দিনে কাটা যায়, কিন্তু বিজেআরই জাতটিতে ১২০ দিন পর্যন্ত সময় লাগে।
এদিকে গত বছর ৩১ ডিসেম্বর মাসে বিএনডিসির ভাড়া ও মূল্য নির্ধারণের কমিটির সভায় এক কেজি তোষাপাট জাতের বীজের দাম কৃষক , সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের জন্য ১৪০ টাকা থেকে বৃদ্ধি করে ২২০ টাকা করা হয়েছিল ।
আর গত সপ্তাহে পাট মন্ত্রণালয় প্রতি পাট চাষীর জন্য তোষাপাট (রবি-১) জাতের বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসির) বীজ কিনতে মাত্র ২ শত ২২ টাকা ৫১ পয়সা খরচ ধরা হয়েছে। বিএডিসির মতে, চলতি বছর পাট বীজ চাহিদা আছে ১৩০০ মেট্রিক টন। প্রণোদনা হিসেবে ৮০০ থেকে ৮৫০ মেট্রিক টন দেওয়া হবে । তবে সারা দেশে পাটবীজের চাহিদা রয়েছে ৬০০০ মেট্রিক টন এর মধ্যে ৫৪০০ মেট্রিক টন পাট বীজ আমদানি ভারত থেকে করা হয় ।
গত সপ্তাহে বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের যুগ্নসচিব শাহানারা ইয়াসমিন লিলি মিডিয়াকে নিশ্চিত বলেছেন চলতি বছর পাটের চাষ ও উৎপাদন বাড়াতে প্রায় ৭ কোটি ৪৯ লাখ টাকার প্রণোদনা দেওয়া হবে। এর আওতায় সারা দেশের ৩ লাখ ৩৬ হাজার ৬০০ জন ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষক বিনামূল্যে বীজ পাবেন। তিনি আরো বলেন, প্রতি কৃষককে এক বিঘা জমি চাষের জন্য প্রয়োজনীয় এক কেজি বিজেআরআই তোষাপাট-৮ ( রবি-১) জাতের বিএডিসির বীজ দেওয়া হবে। প্রণোদনার সরকারি আদেশ ইতিমধ্যে জারি হয়েছে এবং শিগগিরই মাঠ পর্যায়ে বিতরণ কার্যক্রম শুরু হবে।
অন্য দিকে ভারত থেকে পাটবীজ আমদানিতে রয়েছে দীর্ঘদিনের অব্যবস্থাপনা। প্রকৃত পাটবীজ আমদানিকারকদের পাশাপাশি সিজনাল অপেশাদার অনেক লাইসেন্সধারীও পাচ্ছেন আইপি। আইপি বরাদ্দের নামে পাট মওসুমে কিছু কামিয়ে নেওয়ার সুযোগ পান নামমাত্র লাইসেন্সধারী ব্যক্তি। যাদের সাথে কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্ভিদ সঙ্গনিরোধ উইংয়ের কিছু কর্মকর্তারও যোগসাজশ রয়েছে বলে অভিযোগ। শুধু সিজনাল ব্যবসায়ী নন, চাহিদা অনুযায়ী আইপি না পেয়ে বড় ব্যবসায়ীদের কারো কারো মধ্যে গড়ে উঠেছে সিন্ডিকেট। তারা চাহিদামাফিক বীজ আমদানি করতে নামে-বেনামে লাইসেন্স তৈরি করে, সেসবের বরাদ্দ একসাথে করে ভারত থেকে পাটবীজ আমদানি করছেন, এমন অভিযোগও আসছে। সব মিলিয়ে পাটবীজ আমদানিতে হ-য-ব-র-ল অবস্থা। যদিও এই বিষয়ে উদ্ভিদ সঙ্গনিরোধ উইংয়ের কর্মকর্তাদের যোগসাজশের বিষয়টি অস্বীকার করেছেন। তারা বলেন, কৃষি মন্ত্রণালয়ের বীজ উইং যেভাবে নির্দেশনা দেন, উইং সেভাবেই কাজ করে।
এ বিষয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মহাব্যবস্থাপক (পাট বীজ) মো. আবীর হোসেন বাংলা আউটলুককে বলেন, পাটবীজে স্বয়ংসম্পূর্ণ হতে চেষ্টা করা হচ্ছে। আসলে পাটবীজে স্বয়ংসম্পূর্ণ হওয়া কঠিন। কারণ আমরা ভারতীয় পাটবীজের ওপর নির্ভরশীল। ভারতীয় জাতটির জীবনকাল কম এবং ফলন বেশি। বিজেআরআই ভালো জাত উদ্ভাবন করেছে কিন্তু সেটা এখনো চাষীদের মধ্যে জনপ্রিয়তা পায়নি। অদূর ভবিষ্যতে হয়তো হতে পারে, এটাই চেষ্টা করা হচ্ছে।
