গত দেড় দশকে ১১৬ টি বড় অনিয়মের ঘটনা নিয়ে বাঁচার লড়াইয়ে বেসিক ব্যাংক। ঋণ জালিয়াতি হয়েছে অনেক বেশি আর অনিয়মগুলোর অধিকাংশই রাজধানীর অভিজাত এলাকার বিভিন্ন শাখায়। বড় ব্যবসায়ী গ্রুপগুলোও ঋণ খেলাপি হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, আওয়ামী সরকারের ছত্রছায়ায় অনিয়মের এই ধারা শেষ না হলে বন্ধ হয়ে যেতে পারে এই ব্যাংক। অনেকে অন্য একটি সবল সরকারী ব্যাংকের সাথে একীভূত করার কথাও বলছেন ।
চাওয়ার আগেই ঋণ দিতে এগিয়ে থাকে রাষ্ট্রীয় মালিকানার বেসিক ব্যাংক। এমনকি প্রতিষ্ঠানের যোগ্যতা, সম্পদ কিংবা কাগজপত্র- এসব মূল্যায়নের প্রয়োজনীয়তাও হয়ে যায় গৌণ। এমনই এক প্রতিষ্ঠান ক্র্যাফটস ম্যান ফুটওয়ার অ্যান্ড এক্সেসরিজ। পর্যাপ্ত জামানত না থাকার পরও এই প্রতিষ্ঠানকে মোটা অঙ্কের ঋণ দেয় শান্তিনগর শাখা। ২০২৩ পর্যন্ত সেখানে অনাদায়ী ঋণ ৪৩ কোটি টাকা। তথ্য গোপনসহ নানা অনিয়মের এই ঋণ আদায়েও তৎপরতা নেই ব্যাংকটির। এ বিষয়ে কথা বলতে চাননি ব্যাংকের কোনো কর্মকর্তা বা ক্র্যাফটস ম্যান ফুটওয়ারের কোনো প্রতিনিধি।
বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদন বলছে, গত দেড় দশকে একশরও বেশি অনিয়মের ঘটনা নিয়ে বাঁচার লড়াইয়ে বেসিক ব্যাংক। যেখানে বেশি অনিয়ম রাজধানীর অভিজাত এলাকার বিভিন্ন শাখায়।
হাজী আব্দুস সোবাহান এবং হামিদা সোবহান কয়েক কোটি টাকার খেলাপি হলেও তাদের খেলাপির তালিকায় যুক্ত করেনি কারওয়ান বাজার শাখা। গুলশান শাখা থেকে প্রণোদনার ঋণ নিয়ে উধাও পাইওনিয়ার ক্যাজুয়াল ওয়্যার নামের এক প্রতিষ্ঠান। আর ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ৪৬ কোটি টাকা আদায়ই করতে পারছে না বংশাল শাখা। চট্টগ্রামের আসাদগঞ্জ শাখার ৬৩ শতাংশ ঋণই নিয়েছে জিপিএইচ ইস্পাত। যা ওই শাখার অতি উচ্চ ঝুঁকিপূর্ণ ঋণ।
ব্যাংকের বড় ১০ জন গ্রাহকের ঋণ নিয়ে এখনো বিপাকে ব্যাংকটি। যাদের কাছে ব্যাংকের পাওনা ১ হাজার ৭০০ কোটি টাকা। এদের বেশিরভাগ ঋণই ঝুঁকিপূর্ণ।
অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর বাংলা আউটলুককে বলেন, ব্যাংকের কর্মকর্তারা কি জানতেন না যে তারা যাদের টাকা দিচ্ছেন তাদের এত টাকা পাওয়ার মতো কোনো যোগ্যতা নেই। সরকারি ব্যাংকের মধ্যে বেসিক ব্যাংকের অবস্থায় সবচেয়ে বেশি খারাপ। এটি বহুদিন ধরেই। এর জন্য সরকারের নিয়োজিত ওই ব্যাংকের চেয়ারম্যান দায়ী। এখন পর্যন্ত তার বিচার হচ্ছে না। শেখ আব্দুল হাই বাচ্চুকে নিয়ে চার্জশিট দেব দিচ্ছি বলে দেওয়া হচ্ছে না।
কেবল তাই নয়, ফেরো এলয় কোম্পানি, মেসার্স ট্রান্স ওসেন রিসাইক্লিং ইয়ার্ড, প্যাসিফিক স্টিল এন্টারপ্রাইজ ও রিপাবলিক ট্রেডিং সিন্ডিকেট, রয়্যাল ওয়েভিং অ্যান্ড কোটিং ইন্ডাস্ট্রিজ, এমএএইচ স্পিনিং মিলসের ঋণ জালিয়াতি নিয়েও বিপাকে বেসিক ব্যাংক।
সাবেক গভর্নর সালাউদ্দিন আহমেদ বাংলা আউটলুককে বলেন, মূল সমস্যাটা হলো সরকার তার ইচ্ছামতো চেয়ারম্যান নিয়োগ করে। অন্যান্য প্রয়োজনে সদস্য নিয়োগ করে। কিন্তু তারা যে খুব দক্ষ তা কিন্তু নয়। তারা কিছু সময় রাজনৈতিক পরিচয় বহন করে।
বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন বিভাগের প্রতিবেদন অনুযায়ী এই ব্যাংকের কিছু কর্মকাণ্ডের নমুনা:
১. গ্রাহকের তথ্য গোপন
কারওয়ানবাজার শাখার গ্রাহক হাজী আব্দুস সোবাহান এবং হামিদা সোবহানের ঋণের প্রকৃত তথ্য ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে বেসিক ব্যাংক। কারণ বাড়ি নির্মাণ (বাণিজ্যিক) মেয়াদী ঋণের পরিশোধে প্রতি মাসে কিস্তি পরিমাণ ছিল ৫ কোটি ৬১ লক্ষ ২৪ হাজার টাকা। সেই কিস্তি না দেওয়া সত্ত্বেও মাসিক কিস্তি পরিশোধে এক বছরের জন্য অর্থ্যাৎ ১৩/০৫/২০২১ তারিখ পর্যন্ত সময় বাড়িয়ে দিয়েছে ব্যাংক। তথ্য বলছে, ৩১/১২/২০২২ তারিখ পর্যন্ত মাত্র ৯৮ লক্ষ টাকা পরিশোধ করা হয়েছে। যা সন্তোষজনক নয়। শুধু তাই নয় এই গ্রাহক খেলাপিযোগ্য হওয়া সত্ত্বেও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অমান্য করে তাকে নিয়মিত দেখানো হয়েছে ২০২৩ সাল পর্যন্ত। গ্রাহকদের সিআইবি রিপোর্ট সংগ্রহের শর্ত থাকলেও শাখা কর্তৃক তা সংগ্রহ করে নথিতে রাখা হয়নি। মঞ্জুরীপত্র অনুযায়ী আরোপিত/অনারোপিত সুদসহ সব দায় হাজী আব্দুস সোবহানের উত্তরাধিকারদের নামে হস্তান্তর করার কথা থাকলেও ব্যাংক কর্তৃক তা করা হয়নি।
২. খেলাপি না দেখিয়ে নিয়মিত দেখানো
রাজধানীর শান্তিনগর শাখার গ্রাহক ক্র্যাফটস ম্যান ফুটওয়্যার এন্ড এক্সেসরিজ লি.-এর ঋণের ক্ষেত্রেও আইন লঙ্ঘন করেছে বেসিক ব্যাংক। বেআইনিভাবে বার বার মেয়াদী ঋণের গ্রেস পিরিয়াড ও মেয়াদবন্দ্বি করা হয়েছে। যা ঋণ হিসাবটি খেলাপি হিসেবে চিহ্নিত না করার কৌশল। যা বিআরপিডি সার্কুলার নং ১৫/২০১২ এর লংঘন। প্ররিদর্শকদের ভাষ্য অনুযায়ী এটি ব্যাংক শাখা কর্তৃক প্রতিষ্ঠান সমূহে নিয়মিত ভিজিট না করা ব্যাংক ব্যবস্থাপনার অদক্ষতা ও উদাসীনতার পরিচায়ক।
২০২২ শেষে গ্রাহকের মোট ফান্ডেড দায় ৪৩ কোটি ৩২ লক্ষ টাকা। যা পর্যাপ্ত জামানত দ্বারা আবৃত নয়। এটি বিনিয়োগ ব্যবস্থাপনার জন্য ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এছাড়া গ্রাহকের ঋণ আবেদনে দেওয়া ঠিকানা ও ব্যাংকের নঠিতে উল্লেখ করা ঠিকানার মধ্যে কোনো মিল নেই।
৩. করোনায় প্রণোদনা ঋণ দিয়ে পুরোনো ঋণ শোধ
২০২০ সালে করোনার সময় শ্রমিক কর্মচারীদের বেতন পরিশোধের জন্য ৬ দশমিক ৫০ কোটি টাকা প্রনোদনা ঋণ নেয় পাইওনিয়ার ক্যাজুয়্যাল ওয়্যার লিমিটেড। ০৪/০৮/২০২০ তারিখে উক্ত ঋণ হিসাব হতে ৩১ দশমিক ৯৭ লক্ষ টাকা অপর একটি ঋণ হিসাব সমন্বয় করা হয়। যা বিআরপিডি সার্কুলার নং ৪৪/২০২০ এর সুস্পষ্ট লঙ্ঘন।
৪. আর্থিক প্রতিষ্ঠানকে ঋণ দিয়ে বিপাকে বেসিক
ফাস ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডকে মোট ৪৬ কোটি টাকার ঋণ দিয়েছে বেসিক। এর মধ্যে এসওডি ঋণের পরিমান ১৯ কোটি ২৮ লাখ ৬৬ হাজার টাকা। এসওডি হলো একধরনের ঋণ, যার বিপরীতে ১০০ ভাগ নগদায়নের মতো অর্থাৎ সঞ্চয়পত্র ও এফডিআর জাতীয় জামানত থাকার কথা। কিন্তু ২০ কোটি টাকার এফডিআর বেসিক ব্যাংকের অনুকূলে নেওয়া হয়েছে। উক্ত এফডিআর ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লি. কর্তৃক ইস্যুকৃত। বর্তমানে ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড একটি খেলাপী ঋণ গ্রহীতা এবং উক্ত প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত এফডিআর নগদায়ান করতে ব্যাংক অপারগ। অতএব ঋণ গ্রহীতা প্রতিষ্ঠান ফাস ফাইন্যান্স এর রক্ষিতব্য সংস্থানের ভিত্তি হিসাবায়নের ক্ষেত্রে উক্ত ২০ কোটি টাকার এফডিআর বিবেচনা করার কোন সুযোগ নেই। কিন্ত শাখা কর্তৃক উক্ত ২০ কোটি টাকার এফডিআর বিবেচনা করেই রক্ষিতব্য সংস্থানের ভিত্তি হিসাবায়ন করা হয়েছে। ফলে শাখা কর্তৃক রক্ষিতব্য সংস্থানের পরিমান কম হিসাবায়ন করে লাভের পরিমান বেশি প্রদর্শন করা হয়েছে।
অবশিষ্ট ২৫ কোটি ৭৬ লাখ ৭৪ হাজার টাকার বিপরীতে কোনো যোগ্য জামানত নেই, যা ঋণ ব্যবস্থাপনার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ঋণসমূহ বর্তমানে ক্ষতিজনক মানে শ্রেণীকৃত এবং আদায়ের সম্ভাবনা ক্ষীণ।
৫. জিপিএইচ ইস্পাত লিমিটেড
বেসিক ব্যাংকের আসাদগঞ্জ শাখা, চট্টগ্রাম শাখার মোট ঋণের (কর্মচারী ঋণ ব্যতীত) পরিমাণ ১৩ হাজার ৪০৩ কোটি ৯৫ লক্ষ টাকা। যার মধ্যে মেসার্স জিপিএইচ ইস্পাত লিমিটেডে ঋণের বকেয়া স্থিতি (ফান্ডেড) ৮ হাজার ৫৪৯ কোটি ৬৫ লক্ষ টাকা। যা মোট ঋণের ৬৩ দশমিক ৭৮শতাংশ। ফলে শাখার মোট ঋণের পুঞ্জিভূত ঝুঁকি অতি উচ্চ। ভবিষ্যতে বৈশ্বিক কিংবা গ্রাহকের ব্যবসায়িক মন্দা অবস্থার কারণে ঋণ হিসাবসমূহ খেলাপী হিসাবে পরিগণিত হলে ব্যাংকের সম্পদের গুণগত মানের ওপর তার নেতিবাচক প্রভাব পড়বে।
ওডি ক্লিন ঋণের সদ্ব্যবহার যাচাইকল্পে ঋণ প্রদানের সময় ঋণগ্রহীতা প্রতিষ্ঠান হতে বিতরণকৃত ঋণের বিপরীতে প্রয়োজনীয় দলিলাদি যেমন: মূসক চালান, ডেলিভারি চালান ইত্যাদি এর কপি নেওয়া হয়নি যা ব্যাংকের ক্রেডিট রিক্স ম্যানেঞ্জম্যান গাইডলাইন (সিআরএম) এর ৩.৪ নং অনুচ্ছেদে বর্ণিত নির্দেশনার লঙ্ঘন। এছাড়া মঞ্জুরীপত্রের চলতি মূলধন বাবদ ঋণ প্রদান করা হলেও তা কি উদ্দেশ্যে (যেমন: কাঁচামাল/পন্য ক্রয়, মজুরি প্রদান, ব্যবসা সম্প্রসারণ ইত্যাদি) প্রদান করা হয়েছে তা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়নি, যা মঞ্জুরীপত্রের দুর্বলতার বহিঃপ্রকাশ।
ব্যাংক কোম্পানি আইন-১৯৯১ (২০১৩ পর্যন্ত সংশোধিত) এর ধারা-০৫ (ছ) এ উল্লেখ রয়েছে, “দেনাদার অর্থ ঋণ ও অগ্রিম গ্রহণ, লাভ-ক্ষতির ভাগাভাগি, খরিদ বা ইজারার ভিত্তিতে বা অন্য কোনভাবে আর্থিক সুযোগ-সুবিধা গ্রহণকারী ব্যক্তি, কোম্পানী বা প্রতিষ্ঠান এবং কোন জামিনদারও ইহার অন্তর্ভুক্ত হইবে’’।
অর্থাৎ ব্যাংক কোম্পানি আইনের উল্লিখিত ধারা মোতাবেক ব্যক্তিগত জামিনদারও ব্যাংকের ঋণগ্রহীতা হিসেবে বিবেচিত হবে, এবং যেহেতু প্রতিটি ঋণ গ্রহীতার তথ্য সিআইবিতে রিপোর্ট করতে হয় তাই ব্যক্তিগত জামিনদার এর তথ্যও সিআইবি তে রিপোর্ট করতে হবে। কিন্তু পরিদর্শন চলাকালে দেখা যায়, উক্ত ঋণে আলোচ্য গ্রাহক প্রতিষ্ঠানের জামিদার দাতাদের দায় সিআইবি তে রিপোর্ট করা হয়নি, যা অনিয়ম।
গ্রাহক প্রতিষ্ঠানের (জিপিএইচ ইস্পাত) অন্যান্য ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান হতে গৃহীত ঋণ-অগ্রীমের সীমা ও ব্যবসায় প্রয়োজনীয় চলতি মূলধন এর যথাযথ পরিমাণ নিরূপণ ব্যতিরেকে ওডি-ক্লিন হিসাবের ঋণ সীমা নির্ধারণ করা হয়েছে, যা গ্রাহক কর্তৃক ঋণ সুবিধার অপব্যবহার বা ফান্ড ডাইভারশনের সুযোগ তৈরি করে।
পরিদর্শনে চারটি প্রতিষ্ঠানের লেনদেনের চিত্র তুলে ধরা হয়। প্রতিষ্ঠান চারটি হলো- ফেরো এলয় কো. (প্রাইভেট) লিমিটেড, মেসার্স ট্রান্স ওসেন রিসাইক্লিং ইয়ার্ড, প্যাসিফক স্টিল এন্টারপ্রাইজ ও রিপাবলিক ট্রেডিং সিন্ডিকেট। যাদের কাছ থেকে মেল্টিং স্ক্র্যাপ ও ফেরো সিলিকিন ক্রয়ের উদ্যেশ্যে ২৬ কোটি ৮৪ লাখ ৬৭ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। পরিদর্শন প্রতিবেদন বলছে, এই চার প্রতিষ্ঠানের কোনোটিরই ভ্যাট রেজিস্ট্রেশন কপি নেই। শুধু তাই নয় মেসার্স ট্রান্স ওসেন রিসাইক্লিং ইয়ার্ড ও প্যাসিফক স্টিল এন্টারপ্রাইজ এর ইনভয়েসে একই মোবাইল নাম্বার দেওয়া হয়েছে। মোবাইল নাম্বার (০১৭১১-০৩৩১৫৫)। দু'টি ভিন্ন ঠিকানায় অবস্থিত দু'টি ভিন্ন প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার কীভাবে একই হতে পারে তা পরিদর্শন দলের বোধগম্য হয়নি।
০১৭১১-০৩৩১৫৫ মোবাইল নাম্বারে কল দিয়ে পরিদর্শন দল জানতে পারে প্রতিষ্ঠানটির নাম চিটাগাং ক্যাপিটাল লিমিটেড, কাসফিয়া প্লাজা, আগ্রাবাদ বা/এ, চট্টগ্রাম। অর্থাৎ উক্ত মেসার্স ট্রান্স ওসেন রিসাইক্লিং ইয়ার্ড ও প্যাসিফিক স্টিল এন্টারপ্রাইজ এর অস্তিত্বের বিষয়ে সন্দেহ করার অবকাশ রয়ে যায়।
স্থানীয় সরবরাহের ক্ষেত্রে সৃষ্ট ঋণ (এসটিএল ) হিসাবটির ক্ষেত্রে কর চালানপত্র/মূসক-৬.৩ এর কপি সংগ্রহ করা হয়নি, যা মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ৫১ নং ধারা এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ এর বিধি ৪০ এর উপ-বিধি ১ এর দফা গ ও চ বর্ণিত নির্দেশনার লঙ্ঘন।
প্রধান কার্যালয়ের মঞ্জুরীর আওতায় চলতি মূলধন প্রয়োজনীয়তা পূরণের নিমিত্তে আলোচ্য শাখা হতে এসটিএল ঋণ সুবিধা প্রদান করা হয়। গ্রাহক কর্তৃক উক্ত এসটিএল ঋণ সুবিধার আওতায় লোকাল মার্কেট হতে মেল্টিং স্ক্র্যাপ ও ফেরো সিলিকিন ক্রয় করা হলেও উক্ত ক্রয়ের নিমিত্তে সংশ্লিষ্ট ডেলিভারি চালান সংশ্লিষ্ট ঋণ নথিতে পরিলক্ষিত হয়নি। মালামাল সরবরাহের সমর্থনে ব্যাংকের কোনো কর্মকর্তার প্রত্যয়ন পরিলক্ষিত হয়নি। মালামালের প্রকৃত স্থানান্তরের সপক্ষে ব্যাংক কর্মকর্তার সরেজমিন পরিদর্শন প্রতিবেদন নথিতে পাওয়া যায়নি/ প্রকৃত লেনদেন হয়েছে মর্মে ব্যাংকার কর্তৃক প্রত্যয়ন করা হয়নি। এতে প্রকৃত মালামাল স্থানান্তরের বিষয়টি সন্দেহের অবকাশ রয়ে যায়। অলোচ্য শাখা কর্তৃক চেকের মাধ্যমে মূল্য পরিশোধ করা হলেও পণ্যের প্রকৃত স্থানান্তরের বিষয়টি নিশ্চিত করা হয়নি যা বিআরপিডি সার্কুলার নং ১৩/২০১২ এর এর নির্দেশনার লংঘন। বিআরপিডি সার্কুলার লেটার নং-১০/১৮ ও ০২/১৭ অনুযায়ী ঋণের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হয়নি।
সরবরাহকারী প্রতিষ্ঠানের গুদাম হতে গ্রাহক প্রতিষ্ঠানের গুদামে মালমাল সরবরাহের সমর্থনে বৈধ দলিলাদি যেমন পরিবহন কোম্পানি কর্তৃক ইস্যুকৃত ট্রাক রিসিপ্ট, ডেলিভারি চালান, মূসক-৬.৩ চালানের কপি সংশ্লিষ্ট নথি পর্যালোচনায় পরিদৃষ্ট হয়নি। অর্থাৎ, আলোচ্য ক্ষেত্রে বিক্রেতা কর্তৃক পণ্য সরবরাহের সক্ষমতা যাচাই করা হয়নি ৷২০২২ সাল শেষে ঋণটি সীমাতিরিক্ত ছিল ।
মন্তব্য ও সুপারিশ
বিভিন্ন আর্থিক সূচক বিশ্লেষণে পরিলক্ষিত হয় যে, ব্যাংকের আর্থিক অবস্থা উক্ত ক্ষেত্রসমূহে প্রায় সকল উল্লেখযোগ্য শিল্পের গড় শিল্পের চেয়ে বেশ খারাপ অবস্থানে রয়েছে। বাংলাদেশে ব্যাংকিং সেক্টরের মোট নন-পারফরমিং ঋণের গড় অনুপাত যেখানে ৮ দশমিক ২০ শতাংশ সেখানে বেসিক ব্যাংক লিঃ এর মোট নন-পারফরমিং ঋণ অনুপাত ৫৭ দশমিক ৮৫ শতাংশ। অর্থাৎ ব্যাংকটির সার্বিক অবস্থা মোটেই সন্তোষজনক নয় ৷
বিশদ পরিদর্শন প্রতিবেদনে উল্লিখিত সকল অনিয়ম ও বিচ্যুতিসমূহ সংশোধন এবং ভবিষ্যতে অনুরূপ অনিয়মসমূহের পুনরাবৃত্তি রোধ করা ও একইসাথে উপরে উল্লিখিত আর্থিক সূচকসমূহ ও ব্যাংকের সার্বিক অবস্থা সন্তোষজনক পর্যায়ে উন্নীতকরণের লক্ষ্যে ব্যাংক ব্যবস্থাপনাকে পরামর্শ দেয়ছে। বা ঋণ আদায় কার্যক্রমের পাশাপাশি ঋণদান কার্যক্রম আব্যাহত রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করা না হলে ব্যাংকটি অদূর ভবিষ্যতে ব্যয় নির্বাহ করে টিকে থাকতে পারবে না মর্মে প্রতীয়মান হয়।
