জিআই পণ্য নিয়ে এবার তৎপর হচ্ছে সরকার
বিশেষ সংবাদদাতা
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৯ পিএম
টাঙ্গাইল শাড়ির স্বত্ত্ব নিয়ে ভারতের দাবির প্রেক্ষিতে টনক নড়েছে বাংলাদেশ সরকারের। শুধু টাঙ্গাইল শাড়ি নয়, বাংলাদেশের বিভিন্ন পণ্যের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতির বিষয়ে তৎপর হতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন।
টাঙ্গাইল শাড়ির জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন বা ভৌগোলিক নির্দেশক সংক্ষেপে জিআই দাবি করে ভারত। তারা আগে এ দাবি করলে বিষয়টি প্রকাশিত হয় সম্প্রতি। বাংলাদেশের নিজস্ব ঐতিহ্য টাঙ্গাইল শাড়ির জিআই ভারত দাবি করায় দেশের ফ্যাশন ডিজাইন, তাঁতবস্ত্রসহ বিভিন্ন খাতের ব্যক্তিরা গভীর ক্ষোভ ও উষ্মা প্রকাশ করেন। ১০ ফেব্রুয়ারি বাংলা আউটলুকের নিয়মিত টকশোতে অংশ নিয়ে ভারতের ভূমিকায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন ডিজাইনার ও মডেল বেবি রাসেল এবং উন্নয়ন ব্যক্তিত্ব ও দেশীয় পণ্য সংরক্ষণ ও বাজারজাতকারী প্রতিষ্ঠান প্রবর্তনার স্বত্ত্বাধিকারী ফরিদা আখতার। তারা এ বিষয়ে সরকারকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন।
টাঙ্গাইল শাড়ি নিয়ে ভারতীয় দাবির প্রেক্ষিতে গত ক’দিন ধরেই চাপ ও তোপের মুখে থাকা বাংলাদেশের শিল্প মন্ত্রণালয় এ শাড়ির জিআই স্বত্ত্ব পাওয়ার ব্যাপারে সক্রিয় হয়ে ওঠে। তারা টাঙ্গাইল শাড়ির নিবন্ধন করে গেজেট প্রকাশ করে, এ সংক্রান্ত জার্নাল প্রকাশ করেছে সরকার।
রোববার মন্ত্রিসভার বৈঠকে টাঙ্গাইল শাড়ির জিআই পাওয়া নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা হয়। সম্প্রতি যে তিনটি পণ্যের জিআই স্বীকৃতি দিয়ে জার্নাল প্রকাশ করা হয়েছে, সেই জার্নালের কপি মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। এই তিনটি পণ্য হলো টাঙ্গাইলের শাড়ি, গোপালগঞ্জের রসগোল্লা ও নরসিংদীর অমৃত সাগর কলা।
পরে বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত ও প্রধানমন্ত্রীর নির্দেশের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।। মন্ত্রিপরিষদ সচিব বলেন, পণ্যের জিআই নিয়ে সংশ্লিষ্ট সবাইকে তৎপর হতে বলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, সবাই তৎপর হয়ে আমাদের যেসব পণ্য আছে, সেগুলোর জিআই স্বীকৃতি যেন করে ফেলা হয়।
পণ্যের জিআই স্বীকৃতি নিয়ে কোনো আপত্তি থাকলে সে বিষয়টি যেন সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থায় দ্রুত উপস্থাপন করা হয়, সে বিষয়েও নির্দেশ দেওয়া হয় বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।
সংশ্লিষ্টরা বলছেন, ভারতের তোপের মুখে চাপে পড়ে কিছু ব্যবস্থা নেয়া হলেও পরে যেন তা মুখ থুবড়ে না পড়ে সে জন্য জিআই বিষয়টি দেখভালের জন্য শিল্প মন্ত্রণালয়ের আলাদা সেল গঠন করা প্রয়োজন। তারা বলেন, আমলাতান্ত্রিকতা নিজস্ব রুটিন ও ধারায় কাজ করবে, এতে দীর্ঘসূত্রতা তৈরি হতে পারে। তাই বিভিন্ন খাতের বিশেষজ্ঞ ও অংশীজনদের নিয়ে এই সেল গঠন করলে তা বেশি কার্যকর ও ফলপ্রসূ হবে।
