Logo
Logo
×

অর্থনীতি

আবারো শুল্ক কমিয়ে নিত্য পণ্যের দাম কমানোর আশা

Icon

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪১ পিএম

আবারো শুল্ক কমিয়ে নিত্য পণ্যের দাম কমানোর আশা

আবারও রমজানের আগে চারটি নিত্যপণ্যের দাম কমাতে শুল্ক ও মূল্য সংযোজন কর(ভ্যাট) কমানো হলো । আশা রমজান মাসে চাল, চিনি, ভোজ্য তেল ও খেজুরের দাম কমে যায় । নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ বাড়াতে চাল, চিনি ও খেজুরের ওপর শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেইসঙ্গে ভোজ্য তেলের মূল্য সংযোজন কর প্রত্যাহার করা হয়েছে।

রাজস্ব বোর্ডের এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার জানানো হয়, চাল আমদানিতে ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করা হয়েছে এবং ২৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।পৃথক এক প্রজ্ঞাপনে ভোজ্যতেলের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার করেছে এনবিআর।অপরিশোধিত চিনি আমদানিতে প্রতি টনে শুল্ক দেড় হাজার টাকা থেকে কমিয়ে এক হাজার টাকা করা হয়েছে।রাজস্ব কর্তৃপক্ষ রমজান মাসের আরেক পণ্য খেজুরের আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেন, বিগত কয়েক বছর ধরে দেখা গেছে  দেশের নিত্যপণ্যের শুল্ক কমিয়ে কোনভাবেই দাম কমানো যায় না ।

ঠিক এক বছর আগে খোদ জাতীয় রাজস্ব বোর্ডের ( এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মু রহমাতুল মুনিম  বলেছিলেন শুল্ক ছাড় দিয়ে দেশের বাজারে দ্রব্যমূল্য কমানোর যে দৃষ্টিভঙ্গি তা পরিবর্তন হওয়া উচিৎ ।

তিনি বলেন, “দ্রব্যমূল্য বৃদ্ধির কারণটা সবাই দেখে ট্যাক্স ও কাস্টমস ডিউটি। “কিন্তু দ্রব্যমূল্য বাড়ার অন্যান্য কারণ, যেমন ইনইফিশিয়েন্সি (পণ্য উৎপাদনে অদক্ষতা)- দক্ষতার সঙ্গে কাঁচামাল ব্যবহার করতে না জানা বা সিন্ডিকেশন আছে কি না বা অপচয় আছে কি না,এগুলো দেখতে চায় না।”রহমাতুল মুনিম বলেন, “দ্রব্যমূল্যের যখন কোনও বিষয় আসে, সোজা এসে হাজির হয় ইনকাম ট্যাক্স, ভ্যাট, কাস্টমস ডিউটি কমাতে, যেন এগুলো কমালেই দ্রব্যমূল্য কমে যাবে। আমরা বিভিন্ন ক্ষেত্রে পরীক্ষা করে দেখেছি, ভ্যাট বা করের বোঝাটা বিভিন্ন দ্রব্যমূল্যের ওপরে এত বেশি পড়ে না, যে পরিমাণ মূল্য বাজারে বৃদ্ধি পায়।”

তিনি বলেন, “দেশের উন্নয়নের জন্য যখন রাজস্ব দরকার, আমরা যখন বলব যে একটার পর একটা বড় প্রকল্প করা হোক, সেই সময়ে রাজস্বের ওপর সবার যে দৃষ্টিভঙ্গি সেটার পরিবর্তন আমরা আশা করব।”

বিভিন্ন মুদি দোকানে প্রতি কেজি মোটা চাল ৫০ টাকা ও মিনিকেট চাল কেজিপ্রতি ৬৫ থেকে ৬৮ টাকায় বিক্রি হচ্ছে। চালের এ বাড়তি দামে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। বড় বাজারের বিভিন্ন দোকান ঘুরে জানা যায়, গত তিনদিনে চালের দাম প্রকারভেদে বস্তাপ্রতি ১৫০ টাকা থেকে ৪০০ টাকা বাড়তি দামে বিক্রি হয়।

২০২১ সালে দেশে চালের চাহিদা ছিল ৩ কোটি ৫২ লাখ টন। স্বাভাবিক পরিস্থিতি অনুযায়ী জোগান ধরা হয় ৩ কোটি ৭৫ লাখ টন। ফসল কাটায় ফলনের পার্থক্য বিবেচনায় নিয়ে সমন্বিত পরিস্থিতিতে সেই জোগান নেমে আসে ৩ কোটি ৫৬ লাখ টনে। যদিও প্রতিকূল পরিস্থিতির কারণে সেই বছর চালের জোগান আসে ৩ কোটি ৪৬ লাখ টন। দেশে বছরে কমবেশি ১৮ থেকে ২০ লাখ টন পরিশোধিত চিনির চাহিদা রয়েছে। এর মধ্যে রাষ্ট্রীয় চিনিকলগুলো থেকে সর্বোচ্চ ১ লাখ টন চিনির জোগান আসে বলে উঠে এসেছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের তথ্যে।

ঢাকার কয়েকটি বাজার, প্রতি কেজি খোলা চিনি বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। যদিও সবশেষ ঘোষণা অনুযায়ী চিনির সর্বোচ্চ খুচরা দর হওয়ার কথা ১৩০ টাকা।

তবে ২০২২-২৩ অর্থবছরে রাষ্ট্রীয় ১৫টি চিনিকলে মাত্র ২১ হাজার ৩০০ টন চিনি উৎপাদিত হয়েছে। অবশিষ্ট চিনির চাহিদা মেটানো হয়েছে আমদানি করে।

চাহিদা ও আমদানি তথ্য অনুযায়ী, দেশের চাহিদা মেটাতে প্রতি বছর প্রায় ৯৮ শতাংশের বেশি চিনি আমদানি করতে হয়।
দেশের পাঁচ শিল্প প্রতিষ্ঠান সিটি, মেঘনা, এস আলম, আবদুল মোনেম লিমিটেড ও দেশবন্ধুর চাহিদার প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত চিনি আমদানি করে। পরে নিজেদের মিলে পরিশোধন করে এসব চিনি বাজারজাত করে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন