Logo
Logo
×

অর্থনীতি

রপ্তানিতে নগদ সহায়তা কমানোর নীতি থেকে সরে আসছে সরকার?

Icon

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:০০ পিএম

রপ্তানিতে নগদ সহায়তা কমানোর নীতি থেকে সরে আসছে সরকার?

গার্মেন্ট পণ্য রপ্তানিতে নগদ সহায়তা কমানোর নীতি থেকে সরকার সরে আসছে কি না তা এখনও স্পষ্ট নয়। তবে গত রবিবার অর্থ মন্ত্রণালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে বৈঠক শেষে গার্মেন্ট ব্যবসায়ীরা বলছেন- তারা বিষয়টি সরকারকে বোঝাতে পেরেছেন যে, আগামী বাজেটের আগে রপ্তানিতে নগদ সহায়তা কমানো যাবে না। এক রকম আশ্বাসও তারা পেয়েছেন।
অর্থ মন্ত্রণালয়ের বৈঠক শেষে  বাংলাদেশ পোষাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)-এর সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান বাংলা আউটলুককে বলেন, অর্থমন্ত্রী বলেছেন, তিনি সরকারের ঊর্ধতন কর্মকর্তাদের সাথে আলাপ করে সিদ্ধান্ত দেবেন। তিনি আশ্বাস দিয়েছেন, নগদ সহায়তা কমানোর সার্কুলার বাতিল করা হবে। তবে আগামী বাজেটে নগদ সহায়তায় পরিবর্তন আসতে পারে। তিনি বলেন, বাংলাদেশের প্রতিযোগী দেশগুলো কী ধরনের সুযোগ-সুবিধা দেয় তা উল্লেখ করে একটা প্রস্তাব তৈরি করে আমরা অর্থমন্ত্রীর কাছে জমা দেব। তারপর সরকার এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে আগে আলোচনা হয়েছে। কিন্তু বাস্তব অবস্থা তুলে ধরে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি সরকারকে। সরকার বিজিএমএ, বিকেএমইএ, বিটিএমইএ’র সাথে বিক্ষিতভাবে আলোচনা করেছে। ঢাকা চেম্বার সাথে আলোচনা করে ৩০ জানুয়ারি নগদ সহায়তা কমানোর একটা আদেশ জারি করেছে।
তিনি আরো বলেন, ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ ঘটতে যাচ্ছে। অর্থাৎ এলডিসি গ্রাজুয়েশনের পর এ সুবিধা রাখা যাবে না। এ কথা ঠিক না। যদি সরকার চায় তবে এলডিসি গ্রাজুয়েশনের পরও এর সুবিধা অন্যভাবে দেশের রপ্তানিকারকদের দেওয়া যাবে ।

গত ৩০ জানুয়ারি নতুন বছরের শুরুতে তৈরী পোশাক, কৃষি, চামড়াসহ সব ধরনের রপ্তানিতে নগদ সহায়তা কমিয়েছে সরকার। খাত অনুসারে সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত কমেছে সহায়তা। নতুন নির্দেশনা চলতি বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, ৪৩টি পণ্য ও খাতকে রপ্তানির বিপরীতে ভর্তুকি বা নগদ সহায়তা দেওয়া হবে। তবে কমানো হয়েছে সহায়তার হার।
সংশ্লিষ্ট খাত সূত্রে জানা যায় , তৈরী পোষাক খাতে রপ্তানিকারকরা মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্যাংশন, ভিসা বাতিল ও জরিমানার শঙ্কায় ৭ জানুয়ারির জাতীয় নির্বাচন পেছানোর দাবি জানিয়েছিল। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই খাতের রপ্তানিকারকদের ওপর ভীষণভাবে খেপেছিলেন। নির্বাচনের পর কেবিনেট মিটিংয়ে প্রধানমন্ত্রী পোষাক খাতের সব ধরনের সুযোগ-সুবিধা বন্ধ করে চামড়া, পাট ও কৃষিখাতে নগদ সহায়তা প্রদানের নিদের্শনা দেন।
নির্দেশনায় বলা হয়েছে, দেশের রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত করার লক্ষ্যে সরকার চলতি ২০২৩-২৪ অর্থবছরে ৪৩টি খাতে রপ্তানির বিপরীতে রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তা প্রদান করছে। বিশ্ব বাণিজ্য সংস্থা-ডব্লিউটিও-এর বিধি-বিধান অনুসারে বিষয়টি রপ্তানি-নির্ভর সাবসিডি হিসেবে বিবেচিত হয় এবং চুক্তি অনুযায়ী স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ হলে কোনো রপ্তানি প্রণোদনা ও নগদ সহায়তা প্রদান করা যাবে না। ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ ঘটতে যাচ্ছে। এরূপ উত্তরণ পরবর্তী সময়ে রপ্তানি প্রণোদনা ও নগদ সহায়তা সম্পূর্ণভাবে একত্রে প্রত্যাহার করা হলে রপ্তানি খাত চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। এসব বিবেচনায় চলতি বছরের ১ জানুয়ারি থেকে বিভিন্ন খাতে নগদ সহায়তার হার অল্প অল্প করে হ্রাসের বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে।
চলতি বছরে ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত জাহাজি করা পণ্যের ক্ষেত্রে বিদ্যমান ৪৩টি খাতে রপ্তানি প্রণোদনা ও নগদ সহায়তা দেওয়া হবে। এজন্য বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। নতুন নির্দেশনায় দশমিক ৫০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৫ শতাংশ হারে এ নগদ সহায়তা পাবেন রপ্তানিকারকরা। এতদিন যা ছিল ১ শতাংশ থেকে সর্বোচ্চ ২০ শতাংশ।
নতুন নির্দেশনায় তৈরী পোশাক খাতে দশমিক ৫০ শতাংশ হারে নগদ সহায়তা পাবেন পোষাক রপ্তানিকারকরা। যা আগে ছিল ১ শতাংশ। চামড়া ও চামড়াজাত পণ্যের নগদ সহায়তা ১৫ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা হয়েছে। পাট পণ্যে ভর্তুকি ২০ শতাংশ থেকে ১৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। প্লাস্টিক পণ্য রপ্তানিতে ভর্তুকি ছিল ১০ শতাংশ এখন পাবে ৮ শতাংশ। এছাড়া অন্যান্য সব খাতেই  রপ্তানিতে ভর্তুকি কমিয়েছে সরকার। 

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন