Logo
Logo
×

অর্থনীতি

অর্থনীতির আর্তনাদ ও সরকারের ‘অ্যাকশন’

Icon

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৯ পিএম

অর্থনীতির আর্তনাদ ও সরকারের ‘অ্যাকশন’

দেশের অর্থনীতি নিয়ে সরকার ঢোল বাজালেও সে ঢোলের আওয়াজ রুগ্ন অর্থনীতির আর্তনাদ চাপা দিতে পারেনি। দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে মানুষ দিশেহারা। নগর, শহর বা গ্রামে মানুষকে জীবন কাটাতে হচ্ছে নানা কাটছাট করে, স্বাভাবিক জীবনধারা বা স্বাভাবিক গতি ধারায় নেই মানুষের জীবন। কিন্তু গত ১৫ বছর ধরে সরকারে থাকা আওয়ামী লীগ শুধু নির্বিকারই নয়, মনে হচ্ছে তারা যেন জেগে ঘুমাচ্ছে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির বাগাড়ম্বর মানুষের মনে বিরক্তিই জাগিয়েছে, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার খাদ্যদ্রব্য বিশেষ করে চালের দাম নিয়ে হম্বিতম্বি করলেও সিন্ডিকেটের যে অভিযোগ তাতে তার দিকেও অভিযোগের আঙ্গুল অনেকের। বর্তমাণে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বে একজন প্রতিমন্ত্রী। আসন্ন রমজানে নিত্য পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে  তরুণ প্রতিমন্ত্রী আহসানুল ইসলামের চোখ ভারতের দিকে। বিশেষ করে চিনি আর পেঁয়াজের ক্ষেত্রে তিনি ভারতের দিকেই ধর্ণা দিচ্ছেন। গত তিনটি সাধারণ নির্বাচন আয়োজনে ভারত আওয়ামী লীগ সরকারকে দু’হাত ধরে টেনে তুললেও বাণিজ্যের ক্ষেত্রে যে তারা ছাড় দেবে না তা বোঝা গেছে বিভিন্ন সময় দেশে পেঁয়াজ এমনকি কাঁচামরিচের দাম বাড়ার সময়ও।

পরিস্থিতি যাইহোক, সরকারের বাগাড়ম্বর যে থামার নয়, তা বোঝা গেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের মন্তব্যে। বুধবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দৃশ্যমাণ পরিকল্পনা হাতে নিয়েছে এবং প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে দিয়েছেন। তিনি বলেন, ‘সরকার শুধু কথা বলছে, এমন নয়। সরকার অ্যাকশনে আছে।’ যারা আইন ভঙ্গ করবে, তারা যে–ই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের।

সরকারের এমনতর কথামালার মাঝে অর্থনীতির দৈন্যদশার চিত্রটা উন্মুক্ত করে দিয়েছেন আওয়ামী লীগ সরকারেরই সদ্য সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।  বুধবার দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) আয়োজিত মুদ্রানীতি বিষয়ক গোলটেবিল বৈঠকে তিনি বলেন, রপ্তানি আয় যেভাবে বাড়ার কথা ছিল, সেভাবে বাড়েনি। রিজার্ভ ব্যবস্থাপনা খুব ভালো হয়নি। বিনিময় হার এখনো বাজারের ওপর ছাড়ার মতো অবস্থায় আছে, তা বলা যাবে না। অর্থনীতিকে আগের অবস্থায় নিয়ে আসতে হলে আমদানি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে হবে। এটি এখনই সম্ভব হচ্ছে না। এসব মিলে অর্থনীতিকে যে প্রক্রিয়ায় পুনরুদ্ধারের কথা ছিল সেটি হয়নি। মুদ্রানীতিতে মূল্যস্ফীতির হারের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, সেটাও হয়তো অর্জিত হবে না। তিনি জানান, শুধু প্রবাসী আয়ের কারণেই মূল্যষ্ফীতির প্রভাবটা জনজীবনে অতোটা অনুভূত হচ্ছে না।

ড. শামসুল আলম ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য। ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে তাকে একেবারে প্রতিমন্ত্রী বানিয়ে দেয়া হয়েছিল। তিনি দীর্ঘদিন পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন, প্রতিমন্ত্রীও হয়েছেন, তার বক্তব্যে দেশের অর্থনীতির যে চিত্র পাওয়া যায় তার প্রায় সবই নেতিবাচক।  অর্থনীতির এই নেতিবাচক প্রবণতা মন্ত্রীদের হুমকি-ধামকিতে কি নিয়িন্ত্রিত হবে? ওবায়দুল কাদের বলেছেন, সরকার নাকি ‘অ্যাকশনে’ আছে, সরকারের ’অ্যাকশন’ শুধু কথার মধ্যে সীমিত থাকার যে রোগ তা থেকে এ সরকার আদৌ কি বের হতে পারবে?

 

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন