এক সপ্তাহ আগে ফ্রান্সে বসবাসরত রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে বলেছিলেন, বাংলাদেশের কেনার শক্তিতে ভারত আর্থিকভাবে শক্তিশালী হচ্ছে। এই দেশটি আর্থিকভাবে শক্তিশালী হয়ে ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের ওপর ভর করে বাংলাদেশের নাগরিকদের মূল্যবান ভোটের অধিকার কেড়ে নিয়েছে।
ভারত থেকে পণ্য আমদানিকারক, বড় শপিং মল এবং ছোট দোকানদারদের সাথে কথা বলে জানা গেছে, বাজারে ভারতীয় পণ্য বর্জনের প্রভাব পড়তে শুরু করেছে। তবে একে এখনও ব্যাপক প্রভাব বলা যাবে না।
শপিংমলের ম্যানেজার থেকে শুরু করে ছোট মুদি দোকানদাররা বলছেন, ভারতের পণ্য বর্জন ক্যাম্পেইন যদি চলতে থাকে তাহলে ভারতীয় পণ্য আমদানির ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে। তারা এ প্রসঙ্গে বলেন, ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে পণ্য বর্জনের প্রভাব পড়তে প্রায় দুই মাস লেগে গেছে। তারা বলছেন, ভারতীয় পণ্য বর্জন ক্যাম্পেইন যদি বড় আকার ধারণ করে তবে ভারতের আমদানিকৃত পণ্যের বিক্রির ওপর নেতিবাচক প্রভাব পড়তেও কিছুটা দেরি হবে।
তবে তারা বলছেন, ভারতীয় কৃষিজাত পণ্যের ওপর বর্জনের প্রভাব তৈরি করতে হলে অবশ্যই বাজারে অন্য দেশের বিকল্প পণ্যের অপশন থাকতে হবে।
সেগুনবাগিচা এলাকার অগোরা আউটলেটের নাম জানাতে অনিচ্ছুক একজন ম্যানেজার বাংলা আউটলুককে বলেন, ইহুদী আর আমেরিকান পণ্য বর্জনের বড় ধরনের প্রভাব পড়েছে দেশের বাজারে। ইউনিলিভারের দেশীয় ও ভারতীয় পণ্য একদম বিক্রি হচ্ছে না। এর বদলে দেশীয় তিব্বত, মেঘনা, এসকোয়ারের পণ্য বেশি বিক্রি হচ্ছে। তিনি বলেন, বিশ্বের অর্ধেক মানুষ কোকাকোলা খায়। এখন বাংলাদেশে এ পণ্যের চাহিদা একদম কমে এসেছে। মনে হচ্ছে, পণ্য বর্জনের কারণে কোকাকোলা এ দেশে আর চলবে না। এমনকি বিশ্বের শীর্ষ ১০ ব্র্যান্ডের তালিকায় থাকা ভারতীয় পণ্য কোলগেট, ম্যাগি, লাইফবয়, লেইস, পেপসি, নেসক্যাফে, ইন্দোমি, সানসিল্ক ও নর ইত্যাদি কিনতে দেশীয় ক্রেতারা একেবারেই আগ্রহী হচ্ছেন না। তিনি আরো বলেন, ভারতীয় পণ্য বর্জন সফল করতে হলে শুধু জনগণ নয়- দেশের আমদানিকারক ও পণ্য উৎপাদকারীদেরকেও ভূমিকা রাখাতে হবে। ভারতীয় পণ্যের পরিবর্তে দেশীয় পণ্য ব্যবহার শুরু করলে দেশের টাকা দেশেই থাকবে।
চেইন শপ স্বপ্নের টিকাটুলী আউটলেটের নূরুল ইসলাম বলেন, ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে যুদ্ধ হচ্ছে না, এটা ফিলিস্তিনের জনগণের ওপর আগ্রাসন। দেশে উৎপাদিত আকিজের সফট ড্রিংক- মোজোর বোতলে ফিলিস্তিনে মানুষকে সহায়তা দেওয়ার জন্য ফিলিস্তিনের জাতীয় পতাকার চিহ্ন রাখা হয়েছে। সেখানে ফিলিস্তিনের জনগণের জন্য এক টাকা দান করার কথাও বলা হয়েছে ।
তিনি আরো বলেন, কাস্টমাররা দেশের পণ্য এখন বেশি চাচ্ছে। আস্তে আস্তে ভারতীয় পণ্য বিক্রি কমছে। তবে এখনই ভারত থেকে আমদানি কমে আসবে না। আরো কয়েকদিন গেলে তখন দেখা যাবে, ভারতীয় পণ্য আমদানি কমবে কি না? রূপচাঁদা সয়াবিন তেল ভারতীয় পণ্য হিসেবে চিহ্নিত হওয়ার পর ক্রেতারা এখন এ পণ্য নিচ্ছে না। তবে এখনও এ পণ্য আমদানি খুব কমেনি।
রুপালী ব্যাংকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বলেন, আমার ছেলে-মেয়েরা নেসলের ম্যাগি নুডলস বাদ দিয়ে এখন দেশীয় নুডলস- কোকোলা খেতে শুরু করেছে ।
সফটওয়্যার প্রকৌশলী আজিমউদ্দিন আহমেদ বলেন, এই ক্যাম্পেইনের ফলে ভারতীয় পেঁয়াজ আর ডাল কেনা বাদ দিয়েছি। ভারতীয় পণ্যের দাম অনেক কম, তবু দেশীয় পণ্য কিনছি।
ভারত থেকে পেয়াঁজ আমদানিকারক সোলেমান বলেন, দেশের পেয়াঁজের দাম বেশি হলে ভারতীয় পণ্যের চাহিদা বেড়ে যায়। তখন বাংলাদেশের সরকার ভারত থেকে পেয়াঁজ আমদানির সুযোগ দেয়। তবে ভারত কারণে অকারণে দাম বাড়িয়ে দেয়। ফলে দেশীয় ভোক্তারা বিপাকে পড়ে। দেশীয় উৎপাদনের ওপর নির্ভরশীল হতে পারলে ভারত থেকে পেয়াঁজ আমদানি বন্ধ করা যাবে। ভারতীয় পণ্য বর্জন করার ফলে ভারতীয় পেয়াঁজের চাহিদা কমে আসেনি বলে তিনি জানান।
ইন্ডিয়া ব্র্যান্ড ইক্যুইটি ফাউন্ডেশনের তথ্যে জানা যায়, ভারত দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার এবং দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক। বাংলাদেশের মোট আমদানি পণ্যের ১২ শতাংশ ভারত থেকে আনা হয়। ২০২২-২৩ অর্থবছরে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ১৪ দশমিক ২২ বিলিয়ান ডলার।
