নতুন বছরের শুরুতে তৈরী পোশাক, কৃষি, চামড়াসহ সব ধরনের রপ্তানিতে নগদ সহায়তা কমিয়েছে সরকার। খাত অনুসারে সর্বোচ্চ ৫ শতাংশ পর্যন্ত কমেছে সহায়তা।
নতুন নির্দেশনা চলতি বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। ঘোষণা অনুযায়ী, ৪৩টি পণ্য ও খাতকে রপ্তানির বিপরীতে ভর্তুকি বা নগদ সহায়তা দেওয়া হবে। তবে কমানো হয়েছে সহায়তার হার।
সংশ্লিষ্ট খাত সূত্রে জানা যায় , তৈরী পোষাক খাতে রপ্তানিকারকরা মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্যাংশন, ভিসা বাতিল ও জরিমানার শঙ্কায় ৭ জানুয়ারির জাতীয় নির্বাচন পেছানোর দাবি জানিয়েছিল। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই খাতের রপ্তানিকারকদের ওপর ভীষণভাবে খেপেছিলেন। নির্বাচনের পর কেবিনেট মিটিংয়ে প্রধানমন্ত্রী পোষাক খাতের সব ধরনের সুযোগ-সুবিধা বন্ধ করে চামড়া, পাট ও কৃষিখাতে নগদ সহায়তা প্রদানের নিদের্শনা দেন।
নির্দেশনায় বলা হয়েছে, দেশের রপ্তানি বাণিজ্যকে উৎসাহিত করার লক্ষ্যে সরকার চলতি ২০২৩-২৪ অর্থবছরে ৪৩টি খাতে রপ্তানির বিপরীতে রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তা প্রদান করছে। বিশ্ব বাণিজ্য সংস্থা-ডব্লিউটিও-এর বিধি-বিধান অনুসারে বিষয়টি রপ্তানি-নির্ভর সাবসিডি হিসেবে বিবেচিত হয় এবং চুক্তি অনুযায়ী স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ হলে কোনো রপ্তানি প্রণোদনা ও নগদ সহায়তা প্রদান করা যাবে না। ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ ঘটতে যাচ্ছে। এরূপ উত্তরণ পরবর্তী সময়ে রপ্তানি প্রণোদনা ও নগদ সহায়তা সম্পূর্ণভাবে একত্রে প্রত্যাহার করা হলে রপ্তানি খাত চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। এসব বিবেচনায় চলতি বছরের ১ জানুয়ারি থেকে বিভিন্ন খাতে নগদ সহায়তার হার অল্প অল্প করে হ্রাসের বিষয়ে সরকার সিদ্ধান্ত নিয়েছে।
চলতি বছরে ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত জাহাজি করা পণ্যের ক্ষেত্রে বিদ্যমান ৪৩টি খাতে রপ্তানি প্রণোদনা ও নগদ সহায়তা দেওয়া হবে। এজন্য বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। নতুন নির্দেশনায় দশমিক ৫০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৫ শতাংশ হারে এ নগদ সহায়তা পাবেন রপ্তানিকারকরা। এতদিন যা ছিল ১ শতাংশ থেকে সর্বোচ্চ ২০ শতাংশ।
নতুন নির্দেশনায় তৈরী পোশাক খাতে দশমিক ৫০ শতাংশ হারে নগদ সহায়তা পাবেন পোষাক রপ্তানিকারকরা। যা আগে ছিল ১ শতাংশ। চামড়া ও চামড়াজাত পণ্যের নগদ সহায়তা ১৫ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা হয়েছে। পাট পণ্যে ভর্তুকি ২০ শতাংশ থেকে ১৫ শতাংশে নামিয়ে আনা হয়েছে। প্লাস্টিক পণ্য রপ্তানিতে ভর্তুকি ছিল ১০ শতাংশ এখন পাবে ৮ শতাংশ। এছাড়া অন্যান্য সব খাতেই রপ্তানিতে ভর্তুকি কমিয়েছে সরকার।
রপ্তানি সহায়তা কমানোর বিষয়ে জানতে চাইলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, রপ্তানির সহায়তা কমানো হয়েছে এটার চেয়ে বড় সমস্যা কয়েকটি ক্যাটাগরির পণ্য সহায়তা থেকে বাদ দেওয়া হয়েছে। তার মানে টি-শার্টসহ রপ্তানির বড় সব পণ্যে সুবিধা থাকছে না। সরকার দেশ কীভাবে চালাবে এটা তাদের বিষয়। আমাদের কোনো কথার মূল্য নেই। কোথাও বলার জায়গাও নেই।
তৈরী পোশাকের ভবিষ্যৎ অন্ধকার জানিয়ে এ উদ্যোক্তা বলেন পোশাক খাত ধংস করতে কেউ কেউ পাঁয়তারা করছে। তাদের পরামর্শে এ সিদ্ধান্ত। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করে সরকারকে জানাবো। ইন্ডিয়া, অস্ট্রেলিয়াসহ কয়েকটা দেশে রপ্তানিতে সহায়তা বন্ধ করা হয়েছে। এশিয়ার মধ্যে ভারত বড় বাজার, এখানে সুবিধা বন্ধ করলে আমাদের জায়গা আর কোথায় থাকবে?
