এবার চীন থেকে সার আমদানি করতে যাচ্ছে সরকার। দেশটি থেকে ডিএপি সার আমদানি করা হবে। এর আগে মরক্কো ও সৌদি আরব থেকে ডিএপি সার আমদানি করা হতো। তবে এবার চীন থেকে এ সার আমদানির জন্য চুক্তি পর্যালোচনা করতে কৃষিসচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল চীন গেছে। তারা হলেন কৃষিসচিব ওয়াহিদা আক্তার, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) চেয়ারম্যান (গ্রেড-১) আবদুল্লাহ সাজ্জাদ, অতিরিক্ত সচিব ড. শাহ মো. হেলাল উদ্দিন, বিএডিসি মহাব্যবস্থাপক এমডি তুহিনুজ্জামান ও কৃষি মন্ত্রণালয় উপপ্রধান শেখ বদিউল আলম। ২৮ জানুয়ারি প্রতিনিধিরা চীনের উদ্দেশ্য ঢাকা ত্যাগ করেন। ৩১ জানুয়ারি তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সঙ্গে চীনের ব্যানিয়ান ইন্টারন্যাশনাল ট্রেডিং লিমিটেডের আন্তরাষ্ট্রীয় চুক্তি স্বাক্ষর হবে। এই চুক্তির মাধ্যমে চীন থেকে প্রতি বছর ২ লাখ মেট্রিক টন ডিএপি সার আমদানি করা হবে।
সূত্র জানায়, ১৯৬২-৬৩ সালে ৫০ হাজার মে. টন সার সংগ্রহ ও বিতরণের মাধ্যমে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের সার ব্যবস্থাপনা কার্যক্রম শুরু করে। ১৯৯১-৯২ সাল পর্যন্ত সরকারি পর্যায়ে এককভাবে বিএডিসির সার বিতরণ কার্যক্রম চলমান থাকে। পরবর্তীতে সরকারি সিদ্ধান্তের প্রেক্ষিতে ১৯৯২-৯৩ সাল থেকে ২০০৫-০৬ সাল পর্যন্ত বিএডিসির সার বিতরণ কার্যক্রম বন্ধ থাকে। ২০০৬-০৭ সাল থেকে বিএডিসিতে আবার সীমিত আকারে নন নাইট্রোজেনাস (টিএসপি ও এমওপি) সার আমদানি ও বিতরণের কার্যক্রম শুরু করে। টিএসপি ও এমওপি সার আমদানি ও বিতরণে সাফল্যে সরকার ডিএপি সার আমদানি ও বিতরণের দায়িত্বও দেয় তাদের।
বর্তমানে বিএডিসির মাধ্যমে আন্তরাষ্ট্রীয় চুক্তির আওতায় তিউনিশিয়া ও মরক্কো থেকে টিএসপি, মরক্কো ও সৌদি আরব থেকে ডিএপি এবং বেলারুশ, রাশিয়া ও কানাডা থেকে এমওপি সার আমদানি কার্যক্রম অব্যাহত আছে। ২০২২-২৩ অর্থবছরে বিএডিসির মাধ্যমে টিএসপি ৩.৯১ লাখ মে. টন, এমওপি ৮.৩৩ লাখ মে.ট্রন ও ডিএপি ৬.৭৯ লাখ মে. টন আমদানি করা হয়েছে। উক্ত সময়ে টিএসপি ৩.২৩ লাখ মে.টন, এমওপি ৬.১২ লাখ মে. টন ও ডিএপি ৬.৬৭ লাখ মে. টন সার কৃষক পর্যায়ে বিতরণ করা হয়েছে।
