Logo
Logo
×

অর্থনীতি

ভারত থেকে চিনি পেয়াঁজ আসছে

Icon

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪, ০১:১৪ এএম

ভারত থেকে চিনি পেয়াঁজ আসছে

 

বাণিজ্য প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের এমপি আহসানুল ইসলাম টিটু বলেছেন, দেশের আমদানিকারক ও উৎপাদনকারীদের সঙ্গে আমরা বৈঠক করেছি। চিনি, তেল ও খেজুরের শুল্ক বেশি ছিল। সেই শুল্ক আমরা যাতে যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে পারি, সে বিষয়ে এনবিআরে প্রস্তাব পাঠানো হয়েছে। এ বিষয়ে আগামী সপ্তাহে একটা ঘোষণা আসবে।

তিনি আরও বলেন, আমাদের দেশের জন্য বড় একটা সুসংবাদ আছে। ভারতে বাণিজ্যমন্ত্রী আমাকে ফোন করেছিলেন শুভেচ্ছা জানাতে। বাংলাদেশে ভারত পেঁয়াজ ও চিনি রপ্তানি বন্ধ করেছিল। সেটি আমি কথা বলে ভারত থেকে ২০ হাজার মেট্রিক টন পেঁয়াজ ও ৫০ হাজার মেট্রিক টন চিনি আমদানি করা হবে। এছাড়া ব্রাজিলসহ অন্যান্য দেশ থেকে তেল-চিনি আসছে।

শুক্রবার টাঙ্গাইলের দেলদুয়ারে নিজ বাসভবনে স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, ‘আমদানিকারক, স্থানীয় উৎপাদক, কৃষি বিভাগ, খাদ্য বিভাগ, মৎস্য ও প্রাণিসম্পদ বিভাগসহ সবার সঙ্গে আমরা আলোচনা করেছি। তারা বলেছেন, রমজান উপলক্ষে যথেষ্ট পরিমাণ আমাদের মজুত আছে। এছাড়া আগামী তিন মাসের নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত আছে।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, কেউ মজুত করে কৃত্রিমভাবে যাতে দাম বৃদ্ধি করতে না পারেন সেদিকে আমাদের নজর রয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়া হবে। বাজার নজরদারি শুরু হয়েছে। আন্তঃমন্ত্রণালয়ের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। উদ্যোক্তা থেকে ভোক্তা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে পণ্য পৌঁছে দেওয়া হবে।’

এক কোটি মানুষকে টিসিবির কার্ড দিয়ে রমজানে পাঁচটি পণ্য দেওয়া হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের তালিকাটা নতুন করে সমন্বয় করা হবে। টিসিবির ডিলাররা যাতে নিরবচ্ছিন্ন সেবা দিতে পারেন সেজন্য স্থায়ী দোকান করা হবে।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন