নিত্যপণ্যের বাজার থেকে নির্বাচনের খরচ তুলে নিচ্ছে ব্যবসায়ীরা!
প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৪, ০৩:৫০ পিএম
রমজানের প্রায় দুই মাসেরও কম সময় বাকি। বাজার সামলাতে ক্রেডিটে বা ধার করে আট পণ্য আমদানির সুযোগ রেখে ১১ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করলেও বাজারে দাম কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
পাইকারি ও খুচরা পর্যায়ে ৭ জানুয়ারির নির্বাচনের আগে থেকেই বাড়তে শুরু করেছে চাল, আটা, ময়দা, ডাল, ছোলা, ব্রয়লার, চিনি, চিড়াসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম। এর আগে দাম বৃদ্ধির কারণ হিসেবে অধিকাংশ ক্ষেত্রেই ডলার সংকট ও ঋণপত্র খোলা নিয়ে জটিলতাকে দায়ী করছেন ব্যবসায়ীরা। যদিও বাজারে এসব সংকট ও জটিলতার প্রভাব এড়াতে এরই মধ্যে পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
তবু দাম কমছে না কেন?
বাজার বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নেওয়া ব্যবসায়ীরা যে টাকা খরচ করেছে তা এখন বাজার থেকে উঠিয়ে নিতে শুরু করছে। এ কারণে রমজানের পর নিত্যপণ্যের দাম কমার সম্ভাবনা থাকলেও থাকতে পারে, কিন্তু রমজানের আগে সে সম্ভাবনা নেই।
ক্রেডিটে যে আট পণ্য আমদানির সুযোগ দেওয়া হয়েছে সেগুলো হলো- ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, পেঁয়াজ, মসলা, চিনি ও খেজুর। বাংলাদেশ ব্যাংকর প্রজ্ঞাপনে বলা হয়, এসব পণ্য ৯০ দিনের সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিটের আওতায় আমদানি করা যাবে। এ সুবিধা আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। ব্যাংক কর্মকর্তারা বলছেন, এ সুযোগের ফলে বাকিতে পণ্য আমদানি করা যাবে। ব্যাংকগুলো যথাযথ প্রক্রিয়া মেনে আমদানির এলসি খুললে পণ্য সময়মতো চলে আসবে। এতে রমজান উপলক্ষে প্রয়োজনীয় পণ্যের জোগান নিশ্চিত হবে। তবে একটা সময়ের পর আমদানি দায় পরিশোধের চাপ আসবে।
ডলার সংকটের মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ক্ষয় রোধে ২০২২ সালের জুলাইয়ে বিলাসবহুল ও অত্যাবশ্যকীয় নয় এমন পণ্যের আমদানির ক্ষেত্রে শতভাগ এলসি (ঋণপত্র) মার্জিন আরোপ করেছিল বাংলাদেশ ব্যাংক। মূলত প্রয়োজনীয় পণ্য আমদানি করতে গিয়ে যাতে ডলারের জোগানে ঘাটতি দেখা না দেয়, সেজন্য এসব পণ্যের আমদানি নিরুৎসাহিত করা হয়।
এদিকে বুধবার খাদ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে চালের মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষোভ জানিয়ে চার দিনের মধ্যে দাম আগের পর্যায়ে নিয়ে আসতে ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। ব্যবসায়ীরাও মন্ত্রীর কথায় সায় দিয়েছেন। অন্যদিকে ঢাকা শহরের তাজমহল রোডের বাজার ঘুরে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, চাল ব্যবসায়ীরা অভিযোগ করছে মিলার ও কর্পোরেট কোম্পানিগুলো চালের দাম বেশি রাখছে। তিনি বলেন, ‘যারা সৎভাবে ব্যবসা করবে, তাদের সব ধরনের সহায়তা করা হবে। তবে যারা মজুদদারি করে পণ্যের দাম বৃদ্ধির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর হতে সরকার একটুও পিছপা হবে না।’
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এর সাবেক গবেষণা পরিচালক ড. এম আসাদুজ্জামান বলেন, আমন ধান ওঠার ভরা মৌসুমে চালের দাম প্রতিকেজি কীভাবে ৬ টাকা বাড়লো? খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার ব্যবসায়ীদের হুমকি ধামকি দিলে তাতে কোনো লাভ হবে কি না তা নিয়েও সন্দেহ রয়েছে ।
তিনি আরো বলেন, আসল বিষয়টি অনুসন্ধান করতে হবে। কোনো কর্পোরেট কোম্পানি বিরাট অংশ চাল স্টক করে রেখেছে কি না। অথবা কৃষক চাল দিচ্ছে কি না ব্যবসায়ীদের। কেন চালের দাম বাড়ছে তা অনুসন্ধানে বের হয়ে আসতে হবে। অনুসন্ধান না করে মন্ত্রীর হুমকি-ধামকি কোন কাজে আসবে না ।
সাবেক এ কৃষিপণ্য গবেষক বলেন, রমজানে চালের দাম নিয়ন্ত্রণ না করতে পারলে অন্যান্য পণ্য যেমন, চিনি ও তেলের দামও বেড়ে যাবে হু হু করে। সুতরাং এখনই চালের দাম নিয়ন্ত্রণ করতে হবে। আমদানিতে যে বাধা ছিল তা সরকার দূর করেছে। ধারে নিত্যপণ্য আমদানি করা যাবে। কিন্তু এত কিছুর পরও সরকার দাম কমানোর কোনো প্রত্যাশা তৈরি করতে পারেনি।
বাজারে সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাজধানীর প্রধান খুচরা বাজারগুলোয় সপ্তাহখানেক আগে যে মোটা চাল- স্বর্ণা ও চায়না ইরির কেজি ৫০ থেকে ৫২ টাকা ছিল, তা এখন কিনতে হচ্ছে ৫৪ থেকে ৫৫ টাকায়। মাঝারি মানের চাল পাইজাম ও বিআর-২৮ এর দাম কেজিপ্রতি ৫৫ থেকে ৫৮ টাকা থেকে বেড়ে হয়েছে ৬০ থেকে ৬২ টাকা। আর মিনিকেট ও নাজিরশাইলের মতো সরু চাল ৬২ থেকে ৭৫ টাকা থেকে বেড়ে ৬৮ থেকে ৮০ টাকা হয়েছে। কিছু সরু চাল অবশ্য বিক্রি হচ্ছে আরও বেশি দামে।
দেশের শীর্ষ চালকল মালিক ও ব্যবসায়ীরা বলছেন, সরকার আমন চাল ৪৪ টাকা ও ধান ৩০ টাকা কেজিদরে সংগ্রহ করেছে। সাধারণত সরকার যে দামে চাল সংগ্রহ করে বাজারে চালের দাম তার চেয়ে দুই-তিন টাকা বেশি থাকে। গত বছরে উৎপাদিত আমনের চাল শেষের দিকে। তাই বোরো ধান ওঠার আগের দু-এক মাস ধান ও চালের দাম একটু বেশি থাকবে।
এদিকে রাইস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কাউসার আলম বলেছেন, দুই মাস ধরে অল্প অল্প করে চালের দাম বাড়ছে। তবে বড় কর্পোরেট কোম্পানিগুলো চাল কিনে নিয়ে গেছে। তাই আমন কাটার মৌসুমেও চালের দাম বাড়তির দিকে। অনেকে বলছেন, কয়েকমাস পর বোরো ধান উঠলে চালের দাম স্বাভাবিক হয়ে আসবে। সরকারি চালের মজুত বাড়াতে হবে। দরিদ্র মানুষের কম দামে চাল দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসবে।
অন্যদিকে কৃষকরা বলেছেন, মিলাররা আমাদের(কৃষকদের) সব চাল নিয়ে গেছে। ওরাই সব চাল মজুত করে রেখেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২২-২৩ অর্থবছরে দেশে ২১৭ কোটি ডলারের খাদ্যশস্য আমদানি করা হয়েছে। এর আগের অর্থবছরে এ খাতে আমদানি হয়েছিল ২৬১ কোটি ডলারের। এর মধ্যে চাল আমদানি ৫৪ কোটি ৬২ লাখ ডলার থেকে কমে দাঁড়িয়েছে ৫১ কোটি ৩৮ লাখ ডলারে। আর গম আমদানি ২০৬ কোটি ৪৮ লাখ ডলার থেকে কমে ১৬৫ কোটি ৭৮ লাখ ডলার হয়েছে।
খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কোটা–সুবিধায় সরকারি পর্যায়ে ৮ লাখ টন ও বেসরকারি পর্যায়ে ১০ লাখ টন চাল আমদানির জন্য ভারতের কাছে চাহিদার কথা জানানো হয়েছে। আর গমের ক্ষেত্রে সরকারিভাবে ৭ লাখ টন ও বেসরকারিভাবে আমদানির জন্য ২০ লাখ টনের চাহিদার কথা জানিয়েছে সরকার ।
সরকারের গুদামে চাল ও গমের পর্ষাপ্ত খাদ্য মজুদ আছে। ১৭ জানুয়ারি মজুতের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ লাখ ৫২ হাজার ৬২৪ মেট্রিক টন। এর মধ্যে চাল আছে ১৪ লাখ ৩৫ হাজার ৩৪৮ মেট্রিক টন। বাকিটা গম।
অন্যদিকে ফুড গ্লোবাল আউটলুকের মতে, এক বছরে বিশ্বে সবচেয়ে বেশি হারে চালের উৎপাদন বাড়তে যাচ্ছে বাংলাদেশে। ২০২২-২৩ অর্থ বছরের চেয়ে ২০২৩-২৪ উৎপাদন বাড়তে পারে ১ দশমিক ৮ শতাংশ।
