Logo
Logo
×

অর্থনীতি

ডলার সংকটে অগ্রণী ও কৃষি ব্যাংক সার আমদানির এলসি খুলছে না

Icon

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৪, ০৪:৪২ এএম

ডলার সংকটে অগ্রণী ও কৃষি ব্যাংক সার আমদানির এলসি খুলছে না

ডলার সংকটে সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের সার আমদানির ঋণপত্র বা এলসি অনুমোদন করছে না অগ্রণী ব্যাংক ও কৃষি ব্যাংক। যাতে ব্যাহত হচ্ছে প্রতিষ্ঠানটির চলতি অর্থবছরে সার আমদানির লক্ষ্য। এতে উদ্বেগ জানিয়ে প্রতিষ্ঠানটি চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক, অর্থ বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরে। বলছে, এলসি সংকটে সার আমদানি করা না গেলে বিপর্যয়ে পড়বে দেশের খাদ্য নিরাপত্তা। শিল্প মন্ত্রণালয়ের সূত্র সার আমদানির জন্য এলসি খুলতে না পারার বিষয়টি জানিয়েছে ।

কোভিড মহামারি, রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা বিশ্বজনীন অর্থনীতির নানান চাপে চ্যাপ্টা বাংলাদেশের অর্থনীতি। যার প্রভাবে গেল কবছর ধরেই ভুগছে ডলারের স্থানীয় বাজার। আর  ডলার সংকটের প্রভাব মূল্যস্ফীতি, আমদানি-রপ্তানি আয়সহ অর্থনীতির সব সূচকেই প্রতিফলিত হচ্ছে। শঙ্কার এই গ্রাফে এবার নতুন সংযোজন বাংলাদেশের সারের সরবরাহ। যা সংকট বাড়াতে পারে আসছে বোরো মৌসুমে।

কৃষিপ্রধান বাংলাদেশে এখনো চাহিদার বড় অংশ সারের যোগান আসে আমদানির মাধ্যমে। কিন্তু চলমান অর্থনৈতিক সংকটের থাবা এবার কৃষির গুরুত্বপূর্ণ এই উপসর্গ। কৃষি মন্ত্রণালয়ের তথ্য বলছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের জিটুজি চুক্তির আওতায় ৯ লাখ টন আর কাফকো বাংলাদেশ হতে সাড়ে ৫ লাখ টন ইউরিয়া সার আমদানির লক্ষ্য নির্ধারণ করেছে বিসিআইসি। যা থেকে কাফকো, বাংলাদেশ হতে আমদানির সাড়ে ৫ লাখ টনের মধ্যে এরই মধ্যে ৩ লাখ টনের জন্য এলসি খোলা হয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক ও অগ্রণী ব্যাংকে। বাকি পরিমাণের জন্য এলসি খুলতে হবে আগামী জুনের মধ্যেই।

সার আমদানির জন্য সরকার বিশেষ করে অর্থ বিভাগ বিসিআইসিকে কাউন্টার গ্যারান্টি দিয়ে থাকে। গ্যারান্টির বিপরীতে ব্যাংকগুলো ছয় মাস মেয়াদে এলটিআর (ট্রাস্ট রিসিপ্টের বিপরীতে ঋণ) সৃষ্টির মাধ্যমে সারের মূল্য পরিশোধ করে। গেল ডিসেম্বর পর্যন্ত অগ্রণী ব্যাংকের অনুকূলে ৪ হাজার কোটি টাকার কাউন্টার গ্যারান্টি ইস্যু করেছে সরকার। যার বিপরীতে ২০০৬ কোটি টাকার এলটিআর দায় সৃষ্টির মাধ্যমে ইউরিয়া সারের মূল্য পরিশোধ করা হয়েছে। বর্তমানে কাউন্টার গ্যারান্টির লিমিট ১ হাজার ৯৯৪ কোটি টাকা এখনো বাকি রয়ে গেছে। চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রার বিপরীতে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে ২ দশমিক ১০ লাখ টন ও অগ্রণী ব্যাংকের মাধ্যমে ০ দশমিক ৯০ লাখ টন ইউরিয়া সার আমদানির এলসি খোলা হয়েছে। এসব এলসির বিপরীতে কাফকো, বাংলাদেশের পাওনা ১০৪ দশমিক ৬৭ মিলিয়ন ডলার। যার মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের কাছে পাওনা ৭৫ দশমিক ৯২ মিলিয়ন ডলার আর অগ্রণী ব্যাংকের কাছে ২৮ দশমিক ৭৪৮ ডলার।

এই অর্থ সময় মতো দিতে না পারলে সমস্যা হতে পারে বাকি আড়াই লাখ টনের আমদানি প্রক্রিয়ায়। যা দেশের খাদ্য নিরাপত্তার জন্য হতে পারে বড় হুমকি।

বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মো. নাসিরুজ্জামান বলেন, সারের যে চাহিদা এটা আমরা জানুয়ারি-ফেব্রুয়ারি মাসেই বুঝতে পারবো। আমরা এখন পর্যন্ত পত্র-পত্রিকায় কোথাও দেখছি না যে কোনো এলাকায় সারের সংকট তৈরি হয়েছে। 

অর্থ মন্ত্রণালয়ে লেখা চিঠিতে বিসিআইসি বলছে, বাংলাদেশ ব্যাংক থেকে ডলার পাচ্ছে না এসব ব্যাংক, আবার নিজস্ব ব্যবস্থাপনায় নির্দিষ্ট দরেও এসব ব্যাংক ডলার সংগ্রহ করতে পারছে না। এরই মধ্যে পার হয়ে গেছে ভ্যালু ডেটের ৪ মাস। ফলে কাফকো বাংলাদেশের অনুকূলে ইউরিয়া সারের এলসি স্থাপনের ক্ষেত্রে এই দুই ব্যাংক বারবারই অনীহা প্রকাশ করে আসছে। বিসিআিইসির দুটো লটের এলসি দুই সপ্তাহ পর অনুমোদন করলেও পরবর্তী এলসির প্রস্তাব সরাসরি না করে ফেরত পাঠিয়ে দিয়েছে অগ্রণী ব্যাংক। এ অবস্থা চলতে থাকলে লক্ষ্যমাত্রার অবশিষ্ট আড়াই লাখ টন সারের এলসি খোলা সম্ভব হবে না। যাতে বিপর্যয়ে পড়বে ইউরিয়া সারের আমদানি কার্যক্রম। আর সারের সরবরাহ ব্যবস্থা ব্যাহত হলে হুমকির মুখে পড়বে দেশের খাদ্য নিরাপত্তা। যাতে ক্ষুন্ন হবে সরকারের ভাবমূর্তি, কৃষকদের মাঝে দেখা দিবে বিরুপ প্রতিক্রিয়া।
 
এমন অবস্থায় বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে দ্রুত সমাধানের উদ্যোগ নিতে বাংলাদেশ ব্যাংক শিল্প মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তরে চিঠি পাঠিয়েছে বিসিআইসি।  বিশ্লেষকরা বলছেন, সংকট সমাধানে উদ্যোগ না নিলে বিপর্যয় আরো বাড়বে।

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন