চাল ব্যবসায়ীদের খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, 'নির্বাচনের নিয়ে যখন সরকার ব্যস্ত ওই সময় চারদিনের মধ্যে দেশের বাজারে চালের দাম ৬ টাকা বাড়িয়েছেন। এখন আগামি চারদিনের মধ্যে এ দাম কমিয়ে আনবেন।'
তিনি বলেন, ওই সময় আপনারা লাফিয়ে লাফিয়ে দাম বাড়িয়েছেন। এখন সেভাবে-ই কমাবেন। না হলে আইন অনুযায়ী কঠিন ব্যবস্থা নেব। কারণ এ দামবৃদ্ধি পুরোটা অযৌক্তিক। দাম বৃদ্ধির কোন কারণ নেই এই আমনের ভরা মৌসুমে।
বুধবার খাদ্য অধিদপ্তরের সভাকক্ষে দেশে ধানচালের বাজারমূল্যের উর্ধ্বগতি রোধকল্পে মতবিনিময় সভায় চালকল মালিক, পাইকারি ও খুচরা ব্যবসায়ী ও তাদের প্রতিনিধিসহ খাদ্য বিভাগের জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে সভায় তিনি এসব কথা বলেন।
খাদ্য মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে বির্তকিত নির্বাচনে জয়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদিকে ফোন দিয়ে ১৮ লাখ টন চাল আমদানির অনুমতি চেয়েছিল । ১৮ লাখের মধ্যে ১০ লাখ বেসরকারী পর্যায়ে আনা হবে। বাকি চাল সরকারী ভাবে আমদানি করবে ।
কিন্তু ভারতের বিজেপি সরকার প্রধানমন্ত্রী হাসিনার প্রস্তাব রাজি না হয়নি। পরবর্তিতে ভারতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় চলতি বছরের মাঝামাঝি সময়ে ভারতের জাতীয় নির্বাচন হবে। তাই এ প্রস্তাব রক্ষা করা যাবে না।
দেশে ২০২১-২২ অর্থবছরে চাল উৎপাদন হয়েছে ৩ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টন। যদিও এ সময় চালের মোট ভোগ ও ব্যবহার ছিল ৩ কোটি ৬৫ লাখ টন। সে অনুযায়ী গত অর্থবছরে দেশে চালের ঘাটতি ছিল সাড়ে ছয় লাখ টন। আগের অর্থবছরে (২০২০-২১) এ ঘাটতির পরিমাণ ছিল ১৫ লাখ টন।
খাদ্যমন্ত্রী আরো বলেন, ভরা মৌসুমে চালের দাম বৃদ্ধির পেছনে ব্যবসায়ীরা যে যুক্তি দিচ্ছেন তা আমরা মানতে পারছিনা। হটাৎ করে তারা সরকার গঠনের সময় অস্বাভাবিকভাবে চালের দাম বাড়িয়েছে। তাদের এ অনৈতিক কাজ মেনে নেওয়া উচিত নয়।
তিনি বলেন, অসাধু ব্যবসায়ীরা চাল মজুদ করছে। কিছু ব্যবসায়ীদের শুধু মুনাফার প্রবণতা। তাদের যদি বিবেক না থাকে, সততা না থাকে তাহলে বড় সমস্যা। চারদিনে ছয় টাকা দাম বাড়ানো কেন? এটা হয়না। এটা লোভে পরিনত হয়েছে।
এ সময় ব্যবসায়ীদের তিনি চারদিনের মধ্যে দাম কমাতে পারবেন কিনা সেটা প্রশ্ন করেন। এ সময় ব্যবসায়ীরা খাদ্যমন্ত্রীকে চারদিনের মধ্যে দাম কমানোর প্রতিশ্রুতি দেন। এরপর মন্ত্রী বলেন, এ প্রতিশ্রুতি যেন ঠিক থাকে।
এরপর মন্ত্রী বলেন, এখন যারা ধান-চাল বিনা লাইসেন্সে মজুদ করেছেন, আমারা তাদের ধরবো। ইতিমধ্যে সে কার্যক্রম শুরু হয়েছে। মজুদদার আমার বাবা হলেও ছাড় দেওয়া হবেনা।
সাধন চন্দ্র এ সময় বিভাগ ও জেলা খাদ্য নিয়ন্ত্রকদের নির্দেশ দিয়ে বলেন, কাল থেকে মাঠে নামুন। ফুডগ্রেড লাইসেন্স ছাড়া যেন কেউ ব্যবসা না করতে পারে। সকল মজুদদারদের মজুদ অবৈধ ধরে সরকারি গোডাইনে নিয়ে আসেন। অবৈধ মজুদ হলে সেই মিল বা গুদাম সিলগালা করে দেন।
মন্ত্রী বলেন, সকলকে নিজেদের বিবেক, কর্তব্যবোধ ও ধর্মীয় অনুভতি কাজে লাগাতে হবে।
তিনি বলেন, এসব কিছুর পরেও চালের দাম না কমলে আমরা চাল আমদানি করবো। প্রয়োজনে সরকারিভাবে আমদানি করবো। শূণ্যশুল্কে চাল আমদানির জন্য আমাদের এনবিআরের সঙ্গে কথা চলছে।
