ভারত ও মিয়ানমার থেকে নিত্যপণ্য আমদানির গোলকধাঁধা
অর্ণব লাহিড়ী
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৪, ০৬:৪৬ পিএম
রমজান মাস সামনে রেখে দেশে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের জন্য প্রতিবেশী দুই দেশ থেকে কোটায় পণ্য আমদানির গোলক ধাঁধায় পড়তে যাচ্ছে আওয়ামী লীগ সরকার। ভারতের ব্যবসায়ীদের বাংলাদেশে পণ্য রপ্তানিতে অনীহা এবং মিয়ানমারের রাখাইন রাজ্যভিত্তিক সশস্ত্র আরাকান আর্মি কালদান নদীর তীরের বন্দরনগর পালেতোয়া দখলের প্রেক্ষাপটে এটি কতটা সফল হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। পালেতোয়া বাংলাদেশের কক্সবাজার সীমান্ত থেকে মাত্র ১৮ কিলোমিটার দূরে অবস্থিত। এটি প্রতিবেশী বাংলাদেশ ও ভারতের জন্য বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ অঞ্চল। এ প্রেক্ষাপটে রমজানের দেড় মাস বাকি থাকতে প্রতিবেশী দেশ থেকে কম দামে পণ্য আমদানির বিষয়টি সূদূর পরাহত হয়ে পড়েছে ।
বাণিজ্য ও পরারাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধ্বতনরা দুই প্রতিবেশী দেশ থেকে কোটায় পণ্য আমদানির গোলক ধাঁধার বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, নির্বাচনের ভারত আমাদের অনেক সমর্থন দিলেও আমাদের কোটায় পণ্য আমদানি করতে দিতে চায় না তারা। কারণ এটা ভারতীয় ব্যবসায়ীদের লাভ-ক্ষতির বিষয়। এ বিষয়ে তারা আমাদের ছাড় দিতে চায় না ।
বাংলাদেশের দুই মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরো বলেন, ভারতের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বললে তারা প্রকাশ্যে আশার কথা শোনায়। বাস্তবে তারা উল্টা কাজ করেন। আর মিয়ারমারের সামরিক জান্তা এখন থ্রি ব্রাদারহুড বিদ্রোহী বাহিনীর কাছ থেকে রাজধানী বাঁচাতে যুদ্ধ করে যাচ্ছে।
যুদ্বরত সামরিক জান্তার সাথে সাথে কথা বললেই নানা ধরনের আশ্বাস দিয়ে থাকে। কিভাবে কীভাবে কালাদান বন্দরনগর থেকে পালেতোয়া শহর দিয়ে চাল, পেয়াঁজসহ নিত্যপণ্য আমদানি করা যাবে তার কোনো ব্যাখ্যা নাই ।
বাণিজ্য মন্ত্রণালয় বলেছে ভারত থেকে প্রতিবছর নির্দিষ্ট কোটায় চাল, গম, পেঁয়াজ, চিনি, মসুর ডাল, রসুন ও আদা আমদানির চুক্তি সই হওয়ার কথা ছিল গেল ডিসেম্বরে। কিন্তু দেশটির পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় থমকে আছে এই উদ্যোগ। যা সংকট বাড়াতে পারে রমজানে নিত্যপণ্যের যোগানে। এ বিষয়ে নতুন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু অবশ্য বলছেন, নতুনভাবে উদ্যোগ নেবে সরকার। ভারতের সাথে এ বিষয়ে ফের দর কষাকষির উদ্যোগের কথা উল্লেখ্য করেন তিনি ।
অন্যদিকে গত অক্টোবর মাসে মিয়ারমার সরকারের সাথে বাংলাদেশ সরকারের দেড় লাখ টন চাল সহ শিম ,ডাল, পেঁয়াজ, আদা এবং মরিচ আমদানি করার সিদ্বান্ত হলে সমঝোতা স্বারক স্বাক্ষর করার জন্য চুক্তির খসড়া তৈরি করছিল বাংলাদেশের মিয়ানমার দূতবাস। তবে মিয়ানমারে গৃহযুদ্ধের জন্য সবই থমকে আছে । তিন মাস আগে মিয়ানমারের বাংলাদেশের রাষ্ট্রদূত একটা চিঠি পাঠিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে বলেছিলেন।
মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত এম ডি মনোয়ার হোসেন স্বাক্ষরিত এ চিঠিতে সমঝোতা স্মারকের একটা খসড়া পাঠানো হয়েছে। এই খসড়া অনুসারে প্রতিবছর বাংলাদেশ মিয়ানমার থেকে ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল ও সিদ্ধ চাল আমদানি করবে। এর সাথে মরিচ সহ ৬টি বিভিন্ন সবজিও আমদানি করার কথা বলা হয়েছিল। এজন্য গত ডিসেম্বরে বাংলাদেশ ও মিয়ানমার সাথে চুক্তি স্বাক্ষর হবার কথা ছিল। মিয়ানমারের পক্ষে মিয়ানমার রাইস ফাউন্ডেশন এবং বাংলাদেশের পক্ষে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ এ চুক্তি স্বাক্ষর করবে। চুক্তির সময়কাল হবে আগামী পাঁচ বছর অর্থাৎ ২০২৮ সাল পর্যন্ত । প্রতিবছর বাংলাদেশ ও মিয়ানমার মধ্যে ২০ মিলিয়ান মার্কিন ডলারের বাণিজ্য হয়ে থাকে।
এদিকে দেশে চাহিদার বিপরীতে নিত্যপণ্যের যোগান আর পণ্যমূল্য নিয়ে আলোচনা, অসন্তোষ ও শোরগোল কয়েক বছর জুড়ে চলছে। পরিস্থিতি আরো জটিল হতে পারে আসছে রমজানে। এতে নতুন করে ঘি ঢালছে ভারত থেকে বার্ষিক কোটায় ৭টি নিত্যপণ্যের আমদানিতে সাড়া না পাওয়ার ঘটনাটি।
অভ্যন্তরীণ চাহিদা মেটাতে নিত্যপণ্যের বড় যোগান আসে ভারত থেকে। কিন্তু উৎপাদন ঘাটতি বা নিজেদের বাজার সুরক্ষা- এমন সব অজুহাতে তা হুটহাট বন্ধও হয়ে যায়। এরই প্রেক্ষাপটে ভারত থেকে প্রতিবছর নির্দিষ্ট কোটায় অন্তত ৭টি নিত্যপণ্য আমদানির উদ্যোগ নেয় বাণিজ্য মন্ত্রণালয়। যার মধ্যে রয়েছে চাল, গম, পেঁয়াজ, চিনি, মসুর ডাল, রসুন ও আদা। যাতে প্রাথমিক সায়ও ছিল ভারতের। প্রায় দুবছর ধরে চলে আসা আলোচনা গতি পায় গেল বছরের আগস্টে। কয়েক দফা চিঠি চালাচালির পর এসব পণ্যের পরিমাণ নির্ধারিত হয়। কথা ছিল, গেলো ডিসেম্বরেই আনুষ্ঠানিক রূপ পাবে এই উদ্যোগ। পূর্ণ প্রস্তুতি ছিল বাংলাদেশের। কিন্তু সায় আসেনি ভারতের পক্ষ থেকে।
সোমবার সিনিয়র বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ মিডিয়াতে বলেন, ভারত এখন আমাদের ফাইল ফেলে রেখেছে। কিন্তু এমন সুষ্ঠু নির্বাচনের পর দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো এগিয়ে নিতে পারে কোটায় নিত্যপণ্য চুক্তি।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২২ সালে ডিসেম্বরে প্রতি বছর ৪৫ লাখ টন গম, ২০ লাখ টন চাল, ৭ লাখ টন পেঁয়াজ, ১৫ লাখ টন চিনি, ১ দশমিক ২৫ লাখ টন আদা, ৩০ হাজার টন মসুর ডাল ও ১০ হাজার টন রসুনের কোটা চায় বাংলাদেশ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ভারত থেকে হঠাৎ করে চাল, গম ও চিনি আমদানি বেড়ে যায়। সেই অনুযায়ী এসব পণ্যের পরিমাণ উল্লেখ করে কোটা চাওয়া হয়। কিন্তু ভারত সরকার বলেছে, শুধু এক বছর নয়, অন্তত ১০ বছরের আমদানি তথ্য বিশ্নেষণ করে এসব পণ্যের পরিমাণ পুননির্ধারণ করে প্রস্তাব পাঠাতে হবে। এ জন্য বাণিজ্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে সভাপতি করে পাঁচ সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছিল।
ওই কমিটির সুপারিশের ভিত্তিতে ২৫ লাখ টন গম, ১৫ লাখ টন চাল, ১০ লাখ টন চিনি, ৬ লাখ টন পেঁয়াজ, ১ লাখ টন আদা এবং ৫০ হাজার টন রসুনের বার্ষিক কোটা চেয়েছে বাংলাদেশ। এর মধ্যে ৮ থেকে ১০ লাখ টন চাল এবং ৫ থেকে ৭ লাখ টন গম সরকারিভাবে আমদানির সুপারিশ করা হয়। বাকি চাল, গম এবং অন্যান্য পণ্য বেসরকারি খাতের ব্যবসায়ীরা আমদানি করবেন।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২০২৩ সালে বছর জুন মাস ভারত পেঁয়াজ ও গম রপ্তানি বন্ধ করে দেওয়ায় সমস্যায় পড়ে বাংলাদেশ। সম্প্রতি চাল রপ্তানি বন্ধ করেছে ভারত। কিন্তু নিত্যপণ্য আমদানিতে বার্ষিক কোটা দিলে সামগ্রিকভাবে কোনো পণ্যের রপ্তানি বন্ধ করলে বাংলাদেশ তার আওতায় থাকবে না। ভুটান ও মালদ্বীপকে এ সুবিধা দিয়ে আসছে ভারত।
ভারতে এসব পণ্যের উৎপাদন কম হলে কিংবা দাম বাড়লে অনেক সময় সেগুলোর রপ্তানি নিষিদ্ধ করে দেশটির কর্তৃপক্ষ। এতে বাংলাদেশে এসব পণ্যের বাজারে অস্থিরতা দেখা দেয়। ২০১৯ সালে ভারত হঠাৎ করে পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করার পর বাংলাদেশে পেঁয়াজের কেজি প্রায় ৩০০ টাকায় ওঠে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর চলতি বছরের মে মাসে ভারত গম রপ্তানিও নিষিদ্ধ করে। এর প্রভাবে বাংলাদেশে গমের সংকট দেখা দেয় এবং আটাসহ বেকারি পণ্যের দাম বেড়ে যায়।
