Logo
Logo
×

অর্থনীতি

কাগজে বন্ড দিয়ে ২৬ হাজার কোটি টাকার সারের ভর্তুকি মিটাচ্ছে সরকার

Icon

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৪, ০৬:৩২ এএম

কাগজে বন্ড দিয়ে ২৬ হাজার কোটি টাকার সারের ভর্তুকি মিটাচ্ছে সরকার

নগদ অর্থ সংকটের কারণে এবার কাগজে বন্ড দিয়ে ২৬ হাজার কোটি টাকার সারের ভর্তুকি মিটাচ্ছে সরকার। এ লক্ষ্যে প্রথম দফায় তিনহাজার ১১৬ কোটি টাকার বন্ড ইস্যু করা হয়েছে। এই বন্ড রাষ্ট্রায়াত্ত্ব সোনালী ও বেসকারি আইএফআইসি ব্যাংকের অনুকূলে ইস্যু করা হয়েছে। সোনালী ব্যাংকের বিপরীতে ইস্যূ করা হয়েছে দুইহাজার ৫৫৭ কোটি টাকার বন্ড। এবং অন্যদিকে, আইএফআইসিকে দেয়া হয়েছে ৫৫৯ কোটি টাকার বন্ড।

বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ বিভাগের কনফারেন্স রুমে সংশ্লিষ্ট ব্যাংক দুইটির সঙ্গে দুটি সমঝোতা স্মারক  স্বাক্ষরিত হয়েছে। অর্থ সচিব ড.খায়রুজামান মজুমদারের উপস্থিতিতে এই সামঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে বলে জানা গেছে।

সূত্র জানায়, বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী ও সার সরবরাহকারীদের বিপুল পরিমান বকেয়া পরিশোধে প্রায় ২৬ হাজার কোটি টাকার বিশেষ বন্ড ইস্যু করতে যাচ্ছে অর্থবিভাগ। এরই ধারাবাহিকতায় গতকাল সারের ভর্তুকির বিপরীতে প্রথমবারের মত বন্ড ইস্যু করা হলো।

জানা গেছে, দেড় বছর ধরে আন্তর্জাতিক বাজারে সার ও জ্বালানির দাম বেশি থাকায় এখাতে সরকারকে বর্ধিত হারে ভর্তুকির অর্থ পরিশোধ করতে হচ্ছে। কিন্তু সরকারের হাতে এখন নগত অর্থের সংকট দেখা দিয়েছে। তাই বন্ডের মাধ্যমে ভর্তুকি অর্থ পরিশোধের উদ্যোগ নেয়া হয়েছে। বিদ্যুৎ উৎপাদনকারী ও সার সরবরাহকারীদের পক্ষ থেকে ৪০টি ব্যাংকের ঋণ পরিশোধের জন্য এই বন্ড ব্যবহার করা হবে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন এবং বেসরকারি সার আমদানিকারকদের কাছে সরকারের প্রায় ১২ হাজার কোটি টাকার বকেয়া বিল রয়েছে। এই প্রতিষ্ঠানগুলোর ১০টি ব্যাংকের কাছে ঋণ রয়েছে এবং যার অধিকাংশই রাষ্ট্রীয় মালিকানাধীন।

প্রায় ১০০টি বেসরকারী বিদ্যুৎ উৎপাদনকারীর কাছে সরকারের প্রায় ২০ হাজার কোটি টাকার বকেয়া ভর্তুকি বিল রয়েছে । বিদ্যুৎ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বিশেষ বন্ডের মাধ্যমে অর্থ বিভাগ আইপিপিদের প্রায় ১৪ হাজার কোটি টাকা পরিশোধ করবে। সূত্র জানায়, ব্যাংকগুলো এসব বন্ডের বিপরীতে নির্দিষ্ট রেপো হারে সুদ পাওয়ার পাশাপাশি বাংলাদেশ ব্যাংককে নিজেদের ক্যাশ রিজার্ভ রেশিও (সিএসআর) ও স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও (এসএলআর) সংরক্ষণ করতে পারবে।

মেয়াদ শেষে সুদসহ অর্থ পরিশোধ করে বন্ডগুলো ফেরত নেবে সরকার। তবে একেক  ব্যাংকের  বন্ডের মেয়াদ আলাদা আলাদা করা হয়েছে। বন্ডের সুদের হার হতে পারে সাড়ে ৭ শতাংশ। অর্থ বিভাগের একজন কর্মকর্তা জানান, সরকার সাধারণত ২০ বছর মেয়াদি বন্ড ইস্যু করে। কিন্তু ভর্তুকির দেনা মেটাতে বিশেষ বন্ড ইস্যু করা হয়েছে, যার মেয়াদ সংশ্লিষ্ট ব্যাংকগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে ঠিক করা হয়েছে। এক্ষেত্রে একেক ব্যাংকের অনুকূলে একেক মেয়াদের বন্ড ইস্যু করা হবে। বন্ড গুলোর মেয়াদ ৮ বছর থেকে ১০ বছর পর্যন্ত হতে পারে।

জানা গেছে,২০২২-২৩ অর্থবছরে বিদ্যুৎ খাতে মোট ভর্তুকি দেওয়া হয়েছিল ৪২ হাজার ৮৯৩ কোটি টাকা। গত বছর কয়েক দফা বিদ্যুতের দাম বাড়ানোর পর এ খাতে ভর্তুকির পরিমাণ কমতে শুরু করেছে। ২০২২ সালে বিদ্যুৎখাতে প্রতি মাসে ৪ হাজার কোটি টাকার বেশি ভর্তুকির প্রয়োজন হতো, এখন তা কমে প্রায় ৩ হাজার কোটি টাকায় নেমেছে। গত বছরের অক্টোবর পর্যন্ত বিদ্যুতের ভর্তুকির পাওনা পরিশোধ করেছে সরকার।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন