Logo
Logo
×

অর্থনীতি

জাপানের সঙ্গে ইপিএ সইয়ের আশাবাদ

Icon

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩, ১০:২৪ পিএম

জাপানের সঙ্গে ইপিএ সইয়ের আশাবাদ
বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) সইয়ে যে আলোচনা চলছে, তা আটকে যাওয়ার শঙ্কা নেই বলে জানিয়েছেন বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ।

বুধবার সচিবালয়ে  মন্ত্রণালয় সভাকক্ষে দুই দেশের মধ্যে ইপিএ সইয়ের জন্য গঠিত যৌথ সমীক্ষা প্রতিবেদন প্রকাশ উপলক্ষ্যে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরিও উপস্থিত ছিলেন।

এ চুক্তি সই হলে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পর জাপানে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ।

বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনেতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) শেষ পর্যন্ত কী সম্পাদিত হবে, নাকি আটকে যাওয়ার শঙ্কা আছে, এমন এক প্রশ্নের জবাবে বাণিজ্যসচিব বলেন, আমি খুব আনন্দিত। কারণ প্রথমবার জাপানের মতো একটি বড় দেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি সই (ইপিএ) নিয়ে সত্যিকারের কোনো আলোচনা করতে যাচ্ছি। জাপান একটি উন্নত দেশ, অনেক বড় অর্থনীতি, তাদের সঙ্গে আমরা অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি করতে যাচ্ছি। এর আগে শ্রীলঙ্কা ও ভুটানের মতো ছোট অনেক অর্থনৈতিক দেশের সঙ্গে ইপিএ নিয়ে আলোচনা করেছি।
 
মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার থেমে যাওয়া নিয়ে এক প্রশ্নে তিনি বলেন, তাদের সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি। তাদের সঙ্গে এ সম্পর্কিত আলোচনায় যাওয়া যায় কিনা; আমরা কেবল সেই চেষ্টাই করেছি। সম্প্রতি আমরা ইন্দোনেশিয়ার সঙ্গে আলোচনা করেছি। তাদের সঙ্গে তিন দফা বৈঠকও হয়েছে। কিন্তু তা ছিল অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ)। এতে খুবই সীমিত সুযোগ। ধরেন, আমরা কিছু পণ্য বাছাই করে যেগুলো তাদের শুল্কমুক্ত করে দেব, তারাও আমাদের এভাবে কিছু পণ্য দেবে। এখানে অন্য কোনো সুযোগ থাকবে না।
 
কিন্তু জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কেবল বাণিজ্যের মধ্যেই সীমিত থাকবে না, এখানে বিনিয়োগ, সরকারি ক্রয়সহ সেবাখাতেও বিনিয়োগ হবে বলে জানান এই সিনিয়র সচিব।
 
ইপিএ থেকে বাংলাদেশের কী সুবিধা অর্জিত হবে, জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই বাংলাদেশ এখান থেকে লাভবান হবে। এটি থেকে প্রথমে যে অর্জনটি আসবে, সেটি হচ্ছে বাংলাদেশি পণ্য তাদের বাজারে শুল্কমুক্ত ভাবে প্রবেশ করতে পারবে। ২০২৬ সালের পরও জাপানের বাজারে আমরা এ সুবিধা পাব। প্রতি বছর দুই দেশের মধ্যে বিনিয়োগও বাড়ছে।

তিনি বলেন, গত বছর জাপানে রফতানি ৪৫ শতাংশ বেড়েছে। এটা খুবই উল্লেখযোগ্য। অন্য কোনো উন্নত দেশে আমরা এটি অর্জন করতে পারিনি। তারপর জাপান যেহেতু অন্যান্য দেশে প্রচুর এফডিআই করে, আমাদেরও উদ্দেশ্য হচ্ছে গ্লোবাল ভ্যালু চেইন মার্কেটে নিয়ে যাওয়া। তৈরি পোশাক বলি, জুতা বলি, বেশির ভাগ ক্ষেত্রে চূড়ান্ত পণ্যটি রফতানি করি। এখনকার আইডিয়া হলো মেকিং দ্য ওয়ার্ল্ড। গ্লোবাল ভ্যালু চেনে ঢুকতে গেলে বিদেশি বিনিয়োগ লাগবে।তিনি বলেন, ইপিএ সই হলে আমরা ইন্টারমিডিয়ারি গুডস (মধ্যবর্তী পণ্য) অন্য দেশে রফতানি করতে পারব। ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন উন্নত দেশে যে শুল্কমুক্ত সুবিধা পাচ্ছি, জাপানি বিনিয়োগকারীরা সেই সুযোগ ব্যবহার করতে পারেন। তারা বাংলাদেশে বিনিয়োগ করতে পারে।

তিনি বলেন, আড়াইহাজার অর্থনৈতিক অঞ্চলের মতো আমরা এমন অনেক অবকাঠামোও প্রস্তুত করেছি। সেখানে জাপানি বিনিয়োগকারীদের আলাদাভাবে সুযোগ দেওয়া হচ্ছে। বাংলাদেশে তাদের যদি কোনো সমস্যা হয়, সেটা আলাদাভাবে সমাধানের চেষ্টা করছি। কাজেই জাপানের সঙ্গে অংশীদারত্ব চুক্তি সই নিয়ে আমরা আশাবাদী হতে পারি। আমরা আশাবাদী, ২০২৫ সালের ২৫ ডিসেম্বর কিংবা ২০২৬ সালের জুনের মধ্যে আমরা চুক্তি সই করতে পারব। কারণ  স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের কারণে ২০২৬ সালের নভেম্বরে আমরা সেখানে শুল্কমুক্ত সুবিধা হারাতে যাচ্ছি। কিন্তু এরইমধ্যে চুক্তি সই হলে, সেটা হারাতে হবে না।
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেন, এই চুক্তি থেকে দুইপক্ষ কী পরিমাণ লাভবান হবে, সেটা আগে বলা কঠিন। তবে এটি কেবল শুল্কের সঙ্গেই সম্পর্কিত না, সেবাখাত, বিনিয়োগের পরিবেশ উন্নতকরণসহ বিভিন্ন বিষয় রয়েছে। এ চুক্তি থেকে জাপান-বাংলাদেশ দুদেশই লাভবান হবে। ২০২৬ সালের মধ্যেই চুক্তিটি করতে হবে। যে কারণে বর্তমান পরিস্থিতি একটু ভিন্ন।
 
 
 
 
 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন