বেশি দামে আরব আমিরাত ও সিঙ্গাপুর থেকে আসছে ১ লাখ টন গম
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৩, ১০:২২ পিএম
ছবি : সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুর থেকে এক লাখ টন গম আমদানির দুটি প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এ গম কিনতে ব্যয় হবে প্রায় ৩৫৯ কোটি টাকা। আগের বছরের তুলনায় এবার বেশি দামে গম কিনেতে হচ্ছে বলে জানিয়েছে সরকার।
আজ বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত কমিটির সভায় মোট ২০টি ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতেরর সেরাল ক্রপস ট্রেডিং থেকে ৫০ হাজার টন গম আমদানি করবে সরকার। প্রতি কেজি ৩৫ টাকা ১ পয়সা দরে ১৭৫ কোটি টাকার ক্রয় প্রস্তাবটি অনুমোদন করা হয়েছে। অবশ্য আগের লটে প্রতি কেজির দাম ছিল ৩২ টাকা ৫৯ পয়সা।
এ ছাড়া খাদ্য অধিদপ্তরেরর মাধ্যমে সিঙ্গাপুরের এ্যাগ্রো ক্রপ ইন্টারন্যাশনাল থেকে আরও ৫০ হাজার টন গম আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এক্ষেত্রে প্রতি কেজি ৩৪ টাকা ৬৮ পয়সা দরে ব্যয় হবে ১৭৩ কোটি ৪০ লাখ টাকা।
