Logo
Logo
×

অর্থনীতি

দ্য গার্ডিয়ান প্রতিবেদন : ক্রিসমাসের জাম্পার বানানো বাংলাদেশের নারী পোশাক-শ্রমিক বিল মেটাতে যৌনপেশায়

Icon

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩, ০৩:০৯ এএম

দ্য গার্ডিয়ান প্রতিবেদন : ক্রিসমাসের জাম্পার বানানো বাংলাদেশের নারী পোশাক-শ্রমিক বিল মেটাতে যৌনপেশায়

ছবি : দ্যা গার্ডিয়ান/ফারজানা হোসেন

শীতল, কঠিন ফ্লোরে শুয়ে রুবি রফিক (ছদ্মনাম) শুধু এ-পাশ ও-পাশ করে। পরিবারের চিন্তার তার ঘুম আসে না। পাশে জোড়াতালিদেয়া কম্বল মুড়ি দিয়ে তার মেয়েটা ঘুমাচ্ছে। মেয়েটার বয়স ১৩। নাম মায়া। কম্বলটা পেয়েছিল একটা দাতব্যসংস্থা থেকে। সেই কম্বলের অবস্থাও এখন করুণ।

রুবির প্রতিটা রাতই যায় এমন ছটফট করে। দুসন্তানের মা সে। বাচ্চারা ঘুমালে সে চাদর মুড়ি দিয়ে আস্তে করে ঘর থেকে বেরিয়ে যায়। ঢাকার অদূরে বুড়িগঙ্গা নদীর তীরে কেরানিগঞ্জ শহর, সেই শহরের কোনো বাজার তার গন্তব্য। বাজারের কাছে সে দাঁড়িয়ে থাকে কোনো পুরুষের অপেক্ষায়।

“কিছু না বললেও তারা বুঝতে পারে আমি কে,” রুবি বলে। “কোনো ভদ্রমেয়ে রাতের বেলা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে না”

রুবি আসলে একজন গার্মেন্টস শ্রমিক। কিন্তু, বাংলাদেশে এখন মূল্যস্ফীতি চরমে। ক্রমাগত ব্যয় বাড়ছে। স্বল্পবেতনে কুলিয়ে উঠতে না পেরে রুবি বেছে নিয়েছে যৌনকর্মী হওয়ার পথ। দিনে সে গার্মেন্টসে কাজ করে। রাতে করে যৌনকর্মীর কাজ।

আগে পরিস্থিতি এতটা খারাপ ছিল না। দুএকবেলা হয়তো না খেয়ে থাকতে হতো। মেয়েটাকে কখনো না খাইয়ে রাখতে হয়নি। স্বামী চলে যাওয়ার পর থেকেই হয়েছে বিপদ। এখন সে-ই পরিবারের একমাত্র উপার্জনকারী।

তার ছেলে সাবিকের বয়স ১৬। ক্ষুধায় যন্ত্রণায় খাবার চুরি করে খাওয়া শুরু করেছিল। কিছুদিনের মধ্যেই রুবির ঘরভাড়া বাকি পড়ে গেল। দেনা শোধ করার জন্য তাকে ঋণ করতে হলো। সেই ঋণ শোধ করার জন্য তাকে  এখন কঠিন লড়াই করতে হচ্ছে। এই বছর তার অবস্থা আরো খারাপ হয়ে গেছে।

রুবি হচ্ছে বাংলাদেশের চল্লিশ লক্ষ গার্মেন্টস শ্রমিকদের একজন। আর বাংলাদেশ হচ্ছে ফ্যাশনখাতে পৃথিবীর বৃহত্তম এক উৎপাদনাকারী দেশ। উৎপাদনের দিক দিয়ে বৃহত্তম হলেও মজুরিতে এখনো বাংলাদেশ সর্বনি্ম্ন। মাসিক মাত্র ৮ হাজার টাকা (৫৮ পাউন্ড)। ২০১৮ সাল থেকেই এ-বেতন চলছে।

বেতন বাড়ানোর জন্য বাংলাদেশের রাজধানী ঢাকায় গত নভেম্বর মাসে এক বিশাল আন্দোলন শুরু হয়েছিল। শ্রমিকদের দাবি ছিল নুন্যতম বেতন মাসিক অন্তত ২৩ হাজার টাকা। কিন্তু, সরকার তা মাত্র ১২ হাজার ৫০০ টাকায় ধার্য করে। শ্রমিকদের বিক্ষোভের মুখে আন্দোলন সহিংসতায় রূপ দেয়। তাদের দাবি চেয়ে অনেক কম বেতন ধার্য হয়েছে। খেয়েপড়ে বাঁচতে তাদের মাসে অন্তত ২৩ হাজার টাকা প্রয়োজন। 

গত মাসে গার্ডিয়ানে প্রকাশিত এক প্রতিবেদনে শ্রমিকরা বলেছেন যে, তাদের সন্তানদের বাঁচানোর জন্য ডাস্টবিন থেকে খাবার কুড়ানো ও মাঠ থেকে খাবার চুরি করা ছাড়া গতি নেই।

রুবি যে-বিশাল গার্মেন্টস ফ্যাক্টরিটিতে কাজ করে তারা ব্রিটিশ ব্রান্ডের কাপড় সরবরাহ করে। টেসকো, মাতালান এবং নেক্সটের মতো প্রতিষ্ঠানে তারা কাপড় দেয়। ক্রিস্টমাসের শুরুতে তারা ব্যস্ত ছিল উৎসবের জাম্পার তৈরিতে। বিশেষ করে শান্তার ছোট্ট সহযোগীর পোশাকটি তার প্রিয়। দ্য গ্রিঞ্চ ছবিটি সে দেখেনি। কিন্তু, হাস্যোজ্জ্বল সবুজ মুখটির সাথে সে পরিচিত, এবং এতে সে বেশ মজা পায়।

রুবির জন্য দুঃখের ঘটনা যা তা হলো প্রতিদিন ১০ ঘণ্টা করে কাজ করে সারা সপ্তাহে সে যা পায় তা দিয়ে এই একটি জাম্পার কেনার মতো টাকাও হয় না। সপ্তাহে সে পায় ১৫ পাউন্ড। নতুন নুন্যতম মজুরি ডিসেম্বর থেকেই কার্যকর হওয়ার কথা, এখনো তা হয়নি”।

পরিস্থিতি এখন এতটাই খারাপ হয়ে ঊঠছে যে রুবির মতো মেয়েরা টিকে থাকার জন্য যৌনপেশা বেছে নিতে বাধ্য হচ্ছে। যা আরো বিপজ্জনক।

কয়েক মাস আগে এক লোক রুবিকে ৫০০ টাকা দেয়ার প্রস্তাব দেয়। সাধারণত সে যা নেয় তার চেয়ে দ্বিগুণ। রবি বলে, ‘আমি ভাবি ভালোই তো, তাহলে তাড়াতাড়ি ঘরে ফেরা যাবে।’ লোকটির গাড়িতে উঠার আগে টাকা নিয়ে রুবি পরিচিত এক দোকানদারের কাছে রেখে যায় নিরাপত্তার জন্য। কিন্তু, লোকটির বাড়ি যাওয়ার পর দেখা যায় সেখানে আরো ১০ জন লোক তার জন্য অপেক্ষা করছে।

“তখনই আমি আপত্তি করি। কিন্তু তারা আমার পেছনে দরজা বন্ধ করে দেয়,” রুবি বলে। “তারা আমাকে নিয়ে টানাহেঁচড়া করতে থাকে। আমি কাঁদতে শুরু করি। তখন যে- লোকটি আমাকে নিয়ে এসেছে সে বলে টাকা ফেরত দিয়ে আমাকে চলে যাওয়ার জন্য। কিন্তু, আমি জানাই গাড়িতে উঠার আগে আমি টাকা রেখে এসেছি। তাও সে তন্নতন্ন করে করে আমার গা হাতড়ে টাকা খুঁজতে থাকে। টাকা না পেয়ে সে আমাকে অমানুষের মতো মারতে থাকে। টেবিলের সাথে আমার মুখ ঘষে দেয়। তারপর বাইরে ছুঁড়ে ফেলে। রক্তাক্ত অবস্থায় আমি রাস্তায়  পড়ে থাকি। ভাবছিলাম আমি সেইদিন মরেই যাব।” কাঁদতে কাঁদতে রুবি বলে। “শয়তানটা যখন আমাকে সমানে লাথি মারছিল তখন আমি ভাবছিলাম আমি মরে গেলে আমার ছেলেমেয়েদের কী হবে। আমার মেয়েরও হয়তো আমার মতোই দশা হবে।”

আহত হওয়া সত্ত্বেও ঋণ শোধ করার জন্য রুবিকে যৌনকর্র্মী হিসেবে কাজ করতে হয়। “জিনিশপত্রের খুব দাম বেড়ে গেছে। ডিম খাওয়াও এখন সাধ্যের বাইরে।” সে বলে। “নতুন কাপড়ের কথা তো ভুলেই গেছি। এই পুরনো জাম্পারটাই গত পাঁচ বছর ধরে পড়ছি। এটা দেখতে ছিল সুন্দর হলুদ রঙের। রঙ উঠে এখন কেমন কাদার মতো বাদামী রঙের হয়ে গেছে।”

একজনর খদ্দের থেকে রুবি সাধারণত ২০০ টাকা নেয়। প্রতিরাতে সে দুজন বা তিনজন লোকের সাথে দেখা করে। এই টাকা দিয়ে সে খাবার কেনে। ফ্যাক্টরি থেকে উপার্জিত টাকা চলে যায় ঘরভাড়ায়, অন্যান্য বিলে আর ছেলেমেয়েদের লেখাপড়ার পেছনে।

“ঘরে ফিরতে ফিরতে আমার মাঝরাত হয়ে যায়। শারীরিক ও মানসিকভাবে আমার তখন ভেঙ্গে পড়ার অবস্থা হয়,” রুবি বলে। “আমি জানি না আর কত এ-শরীর সহ্য  করবে। ছেলেমেয়েদের মুখ চেয়ে বেঁচে আছি। আমার মেয়ে মায়া ডাক্তার হতে চায়। এরকম স্বপ্ন আমি কল্পনাও করতে পারি না। মা হিসেবে আমার কর্তব্য তাদের কিছু স্বপ্ন সফল হতে দেয়া।

প্রতিরাতে ঘুমাতে যাওয়ার আগে রুবি হাতের কাছে একটু আগুন জ্বালায়। ছোটপাত্রে আগুনটুকু রেখে নিজেকে কিছুটা গরম রাখার চেষ্টা করে। কখনো কখনো নিজে নিজে গুনগুন করে। সে যে জাম্পার বানায় সেগুলো কোন বিদেশে যায় সেসব কথা ভেবে অবাক হয়।

 “তোমরা যেসব ক্রিস্টমাসের জাম্পার পরে আনন্দ-উৎসব করো সেগুলো বাংলাদেশ থেকেই যায়, আর সেগুলো যারা বানায় তারা না খেয়ে দিন পার করে। শুধু এটুকু জেনে রেখো, আমরা মানুষ, মেশিন না। আমাদেরও কি একটু আনন্দ করার অধিকার নাই?”

টেসকোর একজন মুখপাত্র বলেছেন, “একজন শ্রমিকের এবং তার পরিবারের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে যত অর্থ লাগে টেসকো অবশ্যই সেই পরিমাণ মজুরি দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা একটি দায়িত্বশীল ক্রয়-পদ্ধতির প্রতি প্রতিশ্রুতিশীল। আমাদের সরবরাহ শৃঙ্খল যারা বজায় রাখেন সেইসব শ্রমকিদের যেন যথাযথ পারিশ্রমিক দেয়া হয় সে ব্যাপারে আমরা নিশ্চয়তা চাই।”

 

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন