Logo
Logo
×

অর্থনীতি

দখল, ঋণ কেলেঙ্কারি আর লুটপাটে ভয়ংকর রূপ নিয়েছে ব্যাংক খাত

Icon

এম এস ওমর

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ১০:৩৩ পিএম

দখল, ঋণ কেলেঙ্কারি আর লুটপাটে ভয়ংকর রূপ নিয়েছে ব্যাংক খাত

দখল, লুটপাটের কারণে সম্প্রতি ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অনিয়ম, অর্থ পাচারের কারণে বছর জুরেই এখন আলাচনায় থাকছে ব্যাংক খাত।  আগে মানুষ ঘর-বাড়ি-জমি ও চর দখলের কথা বলতো। গত এক দলকে দেশে নতুন একটি শব্দ জেনেছে মানুষ, তা হলো ‘ব্যাংক দখল’। দেশের ইতিহাসে এই সময়কে বলা ব্যাংক লুটের দশক। সরকারের উচ্চ পর্যায়ের সহায়তায় একের পর এক ব্যাংক দখল করে নেয় প্রভাবশালী গ্রুপ ও ব্যক্তিরা। এছাড়া সাধারণ মানুষের আমানতের অর্থ ঋণের নামে লুট করে নিয়েছে সরকারের মদদপুষ্ট দুর্নীতিবাজ ব্যবসায়ীরা। নামে-বেনামে নেওয়া বেশিরভাগ অর্থ বিদেশে পাচার করে নিয়ে গেছে। ব্যাংকের টাকা ফেরত না দেওয়ায় লাগামহীন বাড়ছে খেলাপি ঋণ। তারল্য ও মূলধন সংকটে পড়েছে অনেক ব্যাংক। অন্যদিকে ডলার সংকটে ঋণপত্র (এলসি) খুলতে পারছেন না ব্যবসায়ীরা। আর্থিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। নির্দিষ্ট কয়েকটি বড় গ্রুপের কাছে ঋণ কেন্দ্রীভূত হয়ে পড়েছে। এস আলম, বেক্সিমকো, আবুল খায়ের, নাসাসহ গুটিকয়েক গ্রাহকের কাছে জিম্মি পুরো ব্যাংক খাত। 

ব্যাংক দখলের অন্ধকার যুগ

ব্যাংক দখলের প্রথম যাত্রা শুরু হয় ২০১৩ সালে। সে সময় ইসলামী ব্যাংক ‘জামায়াতমুক্ত’ করার রাজনৈতিক প্রকল্প হাতে নেয় সরকার। এতে মদদ দেয় সরকারপন্থী বুদ্ধিজীবী ও অর্থনীতিবিদরা। নীরব ভূমিকা পালন করে মিডিয়া। প্রথমে ব্যাংকটির মালিকানা পরিবর্তন করা হয়। এরপর ধাপে ধাপে পরিচালনা ও ব্যবস্থাপনায় আনা হয় আমূল পরিবর্তন।

এরপর ২০১৫ ও ২০১৬ সালে কয়েকটি কোম্পানির শেয়ার ক্রয়ের মাধ্যমে ইসলামী ব্যাংকে পরিবর্তন দৃশ্যমান হয়। এর মধ্যে প্লাটিনাম এনডেভার লিমিটেড, বিএলইউ ইন্টারন্যাশনাল লিমিটেড, প্যারাডাইস ইন্টারন্যাশনাল লিমিটেড, গ্র্যান্ড বিজনেস লিমিটেড, এবিসি ভেনচারস লিমিটেড ও এক্সেল ডাইং অ্যান্ড প্রিন্টিং লিমিটেডের মতো স্বল্পপরিচিত কয়েকটি কোম্পানি ইসলামী ব্যাংকের শেয়ার কেনে। যার সঙ্গে চট্টগ্রামভিত্তিক ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলমের সম্পর্ক ছিল। এরপর পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও বেশ কয়েকটি কমিটির প্রধানের পদে শুরু হয় রদবদল।

২০১৬ সালের ১৫ ডিসেম্বর ইসলামী ব্যাংকের পরিচালক হন আরাস্তু খান। ২০১৭ সালের ৫ জানুয়ারি ব্যাংকটির মালিকানা ও ব্যবস্থাপনায় জোরপূর্বক পরিবর্তনের সময় নতুন চেয়ারম্যান পদে বসেন তিনি। শুরু হয় আমানতকারীদের অর্থ লুটের মিশন। বোর্ডে আসে বড় বড় ঋণ অনুমোদনের  প্রস্তাব। রিয়েল এস্টেট, সিমেন্ট, ইস্পাত ও ভোগ্যপণ্যের ব্যবসা রয়েছে এমন একটি বড় ব্যবসায়ী গ্রুপ ইসলামী ব্যাংকের কাছে ১ হাজার ৪০০ কোটি টাকার ঋণ চেয়েছিল। সঙ্গে আবাসন ব্যবসার নামে ৫০০ কোটি টাকা ঋণ আবেদন করা হয়। কিন্তু ব্যাংকের তহবিল সংকটের কথা বলে তিনি এই ঋণ অনুমোদন করেননি। তাই যে উদ্দেশ্যে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয় তা পুরোপুরি পূরণ করতে পারছিলেন না আরাস্তু খান। যার কারণে এক বছর পর ২০১৮ সালের ২৪ এপ্রিল পদত্যাগ করতে বাধ্য হন। পরে জানা যায় ইসলামী ব্যাংক বাংলাদেশের ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বরখাস্ত করতে অস্বীকৃতি ও বড় কয়েকটি ঋণ অনুমোদন না দেওয়ায় ব্যাংকটির চেয়ারম্যান আরাস্তু খানকে পদত্যাগে বাধ্য করা হয়।

আরাস্তু খানের পদত্যাগের পর নতুন চেয়ারম্যান হন ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাজমুল হাসান। এরপর শুরু হয় লুটপাট। শুধু ইসলামী ব্যাংক নয়, শরীয়াহভিত্তিক আরও পাঁচটি ব্যাংক দখল করে নেয় আওয়ামী লীগের বড় অর্থায়নদাতা ও দেশের অর্থপাচারের সঙ্গে জড়িত শীর্ষ প্রতিষ্ঠান এস আলম গ্রপ। এগুলো হলো- আল-আরাফাহ ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। ব্যাংকগুলো এখন তারল্য সংকটে পড়েছে। তারল্য সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়েছে।

ভুয়া নথিপত্র ও ভুল ঠিকানায় শুধু ইসলামী ব্যাংক থেকে নাবিল গ্রুপের নামে ঋণ নেয় ৭ হাজার ২৪৬ কোটি টাকা। সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে প্রতিষ্ঠানটি নিয়েছে আরও দুই হাজার ৩০০ কোটি টাকা। সব মিলিয়ে সাড়ে ৯ হাজার কোটি টাকা ঋণের নামে লুট করে নিয়ে যায় নাবিল গ্রুপ। অবশ্য নাবিল গ্রুপের আড়লে এসব টাকা হাতিয়ে নেয় এস আলম গ্রুপ। এরপর বেনামে ভুয়া প্রতিষ্ঠান দেখিয়ে জালিয়াতির মাধ্যমে ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপ আরও ৪০ হাজার কোটি টাকা ঋণ নেয়। বিভিন্ন কাগুজে প্রতিষ্ঠান খুলে ব্যাংক থেকে এসব ঋণ নেওয়া হয়েছে। এমনও প্রতিষ্ঠানের নামে ঋণ দেওয়া হয়েছে, যাদের অস্তিত্বই নেই। বিষয়টি অনুসন্ধানের জন্য বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইনটেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), দুর্নীতি দমন কমিশন (দুদক) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত। ২০২২ সালের ৪ ডিসেম্বর দেওয়া নির্দেশে চার মাসের মধ্যে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়। প্রভাবশালীদের চাপে ওই নির্দেশও স্থগিত করতে বাধ্য হন উচ্চ আদালত।

১৯৮৩ সালে প্রথম প্রজন্মের বেসরকারি ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত ইসলামী ব্যাংক দক্ষিণ এশিয়ার প্রথম ইসলামী ব্যাংক। প্রতিষ্ঠাকালে এই বেসরকারি ব্যাংকের ৭০ শতাংশ পুঁজি জোগান দিয়েছিলেন বিদেশিরা। ২০১৭ সালের ‘মালিকানা ক্যু’র পরে বিদেশি শেয়ার কমে প্রায় শূন্যের কোটায় নেমেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এস আলম গ্রপের ঋণের সুনির্দিষ্ট কোন হিসাব নেই। গ্রুপটি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় প্রভাব খাটিয়ে নামে-বেনামে ঋণ নিয়েছে। অনেক ক্ষেত্রে ভুয়া নথিপত্র দিয়ে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে চাপ  দিয়ে এসব ঋণ নেওয়া হয়েছে। এসব ঋণের পরিমাণ সোয়া লাখ কোটি টাকার বেশি। যার অনেক তথ্যই কেন্দ্রীয় ব্যাংকের কাছে নেই।

শুধু এস আলম, বেক্সিমকোর অনিয়ম-দুর্নীতি নয়, গত এক যুগে ব্যাংক খাতে ঘটে গেছে বড় বড় সব ঋণ কেলেঙ্কারির ঘটনা। এর মধ্যে বহুল আলোচিত সোনালী ব্যাংকের হলমার্ক কেলেঙ্কারির ঘটনা। এরপরই বেসিক ব্যাংকের লুটপাট, জনতা-প্রাইম ব্যাংকে বিসমিল্লাহ গ্রুপের অনিয়ম। রয়েছে জনতা ব্যাংকের অ্যাননটেক্স ও ক্রিসেন্ট গ্রুপের ভয়াবহ ঋণ অনিয়ম। আলোচিত সময় পুরো একটি ব্যাংক ধ্বংস করার ঘটনাও ঘটেছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের ছোবলে বর্তমানে খাদের কিনারায় রয়েছে ফারমার্স ব্যাংক (বর্তমান পদ্মা ব্যাংক)। বেনামে কাগুজে কোম্পানিকে ঋণ দিয়ে এখন বিপাকে  ইউনিয়ন ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। ন্যাশনাল ব্যাংকের ঋণ অনিয়মের ঘটনাও আছে।

এসব কেলেঙ্কারির ঘটনায় সবচেয়ে খারাপ অবস্থায় পড়েছে রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলো। তালিকায় আছে  বেসরকারি ব্যাংকও। এসব ব্যাংক এখন অর্থ সংকটে পড়েছে, প্রভিশনিং রাখতে পারছে না, মূলধনও খেয়ে ফেলছে। অনেক সময় আমানতকারীদের অর্থ ঠিকমতো দিতে পারছে না। নানা সমস্যায় চরম দুর্দশায় ব্যাংকগুলো। যার প্রভাব পড়েছে পুরো ব্যাংক খাতেজুড়ে। তারল্য সংকট, ডলার সংকট আর মন্দ ঋণের নড়বড়ে আর্থিক খাত।   

আমানতের ধীর প্রবৃদ্ধি ও ঋণ আদায়ের ধীরগতি ইত্যাদি কারণে বাংলাদেশের বেশিরভাগ ব্যাংক তারল্য সংকটে ভুগছে। ফলে ব্যাংকগুলো ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় হিমশিম খাচ্ছে। ২০২২-২৩ অর্থবছরে আমানতের প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে  ৮ দশমিক ৪০ শতাংশে, যা এর আগের অর্থবছরে ছিল ৮ দশমিক ৯০ শতাংশ।

ব্যাংকগুলোতে তারল্য ধারাবাহিকভাবে কমছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের জুনে যেখানে ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য ছিল ২ লাখ ৩ হাজার ৪৩৫ কোটি টাকা। চলতি বছরের জুনে তা নেমে দাঁড়িয়েছে ১ লাখ ৬৬ হাজার ২০০ কোটি টাকা।

খেলাপি ঋণের চিত্র

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জুনের শেষে ব্যাংকিং খাতে মোট বিতরণ করা ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ লাখ ৪২ হাজার ৬৫৫ কোটি টাকা। এর মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে এক লাখ ৫৬ হাজার ৩৯ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ১০ দশমিক ১১ শতাংশ। খেলাপি ঋণের এ অঙ্ক দেশের ইতিহাসে সর্বোচ্চ। কেবল শেষ ৩ মাসেই খেলাপি ঋণ বেড়েছে ২৪ হাজার ৪১৯ কোটি টাকা।

২০২০ সালের ঋণ পরিস্থিতির ওপর ভিত্তি করে ২০২১ সালের অক্টোবরে ব্যাংকের একটি বিভাগের প্রণীত প্রতিবেদনে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল যে, চারজন বড় ব্যবসায়ী জনতা ব্যাংক ও ইসলামী ব্যাংক থেকে ২১ হাজার ৬৩ কোটি ৫৮ লাখ টাকা ঋণ নিয়েছে। এসব ঋণ সময় মতো ফেরত না এলে আমানতকারীরা সংকটে পড়তে পারেন। এই চার ঋণগ্রহীতা হলেন-- এস আলম গ্রুপের চেয়াররম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের চার সদস্য, এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রী, আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান এবং এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লা। প্রতিবেদনে বলা হয়, ২১ হাজার ৬৩ কোটি ৫৮ লাখ টাকা ঋণের মধ্যে মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যরা নিয়েছেন ৫৭ দশমিক ৪ শতাংশ। এই পরিবারের হাতে রয়েছে ৭টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের বড় অঙ্কের শেয়ার।

তবে বর্তমান চিত্র আরও ভয়াবহ। এস আলম গ্রুপ শুধু ইসলামী ব্যাংক থেকে নামে-বেনামে প্রায় ৪০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপ বিভিন্ন প্রতিষ্ঠানের নামে শুধু জনতা ব্যাংক থেকে ‘বিশেষ বিবেচনায়’ নিয়েছে ২১ হাজার ৯৭৮ কোটি টাকা ঋণ। এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের মালিকানাধীন নাসা গ্রুপ ঋণ বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়েছে প্রায় ৫০ হাজার কোটি টাকা। সরকারের আরেক অর্থায়নদাতা প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে নামে-বেনামে নিয়েছে ৯১ হাজার কোটি টাকা। এছাড়া ওরিয়ন গ্রুপ নিয়েছে ৪৭ হাজার কোটি টাকা এবং প্রাণ গ্রুপের কাছে আছে ৪৩ হাজার কোটি টাকার ব্যাংক ঋণ। এই ৬টি গ্রুপের কাছে আছে ৪ লাখ ২৪ হাজার কোটি টাকার ঋণ।

ভয়াবহ যে পরিণতি ডেকে আনতে পারে

২০২৩ সালের জুন পর্যন্ত ব্যাংকিং খাতে মোট বিতরণ করা ঋণের পরিমাণ ১৫ লাখ ৪২ হাজার ৬৫৫ কোটি টাকা। একাধিক সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মাত্র ১০ জন বড় গ্রাহকের কাছে ব্যাংক ঋণের এক-তৃতীয়াংশের বেশি পুঞ্জীভূত হয়ে আছে। যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে রাজনীতির সঙ্গে জড়িত। তাদের ওপর পশ্চিমা বিশ্বের রাজনৈতিক এবং বাণিজ্যিক নিষেধাজ্ঞা কার্যকর হলে অপূরণীয় ক্ষতির মুখে পড়তে পারে বাংলাদেশ।

ক্রমেই বাংলাদেশের আর্থিক কাঠামো দুর্বল হচ্ছে। একদিকে বৈদেশীক মুদ্রর অস্থিরতা ও মূল্যস্ফিতি অন্যদিকেখেলাপি ঋণের ঊর্ধ্বগতি। কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এসব সূচক। সংশ্লিষ্টদের মতে গত কয়েক বছরে একটি বিশেষ শ্রেণির জন্য দেশের আর্থিক নীতিমালাতে পরিবর্তন আনা হয়। তার প্রভাবে এখন খাদের কিনারে পুরো অর্থনীতি। যেসব নীতিমালায় পরিবর্তন আনা হয়েছিল তার মধ্যে ঋণ পুনঃতফশিল অন্যতম। গত ৮ অক্টোবর এক বৈঠকে এর জন্য বাংলাদেশ ব্যাংকের দুর্বল নীতিকেই দায়ী করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

খেলাপি ঋণ বৃদ্ধির কারণে মূলধন পরিস্থিতির আরও অবনতি হয়েছে ব্যাংক খাতে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের জুন শেষে সরকারি-বেসরকারি ১৫ ব্যাংক মূলধন ঘাটতিতে পড়েছে। এসব ব্যাংকের মূলধন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ হাজার ৭৪৪ কোটি টাকা। এর মধ্যে কয়েকটি ব্যাংকের মূলধন ভিত্তির অনুপাত (সিএআর) ঋণাত্মক ধারায় নেমেছে। হিসবা বলছে, তিন মাসের ব্যবধানে সার্বিক মূলধন ঘাটতি বেড়েছে ১৬৯ কোটি টাকা।

নিবিড় পর্যবেক্ষণেও রক্ষা পাচ্ছে না ব্যাংকগুলো

এদিকে অনিয়ম-অব্যবস্থাপনা, কেলেঙ্কারি ও পরিচালকদের চাপরোধ এবং প্রতিষ্ঠান রক্ষায় চলছে ‘নিবিড় পর্যবেক্ষণ’। কার্যক্রম তদারকি করতে সরকারি-বেসরকারি এক-চতুর্থাংশ ব্যাংকে পর্যবেক্ষক ও সমন্বয়ক বসিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তাতেও অবশ্য রক্ষা পাচ্ছে না। কার্যকর পদক্ষেপ ও অনিয়মের বিরুদ্ধে দৃশ্যমান শাস্তি না দেওয়ায় দিনের পর দিন অবনতির দিকে যাচ্ছে ব্যাংকগুলো। সংকটে পড়া ১৫ ব্যাংককে পর্যবেক্ষক ও সমন্বয়ক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে ৮ ব্যাংকে পর্যবেক্ষক বসানো হয়েছে। এগুলো হলো– রাষ্ট্রায়ত্ত্ব সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, আইসিবি ইসলামিক ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংক। এছাড়া বেনামি ঋণ ও নিয়োগ পদোন্নতিতে অনিয়ম, তারল্য সংকটে পড়া ইসলামী ব্যাংক বাংলাদেশ ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে সবশেষ পর্যবেক্ষক বসায় কেন্দ্রীয় ব্যাংক।

আরও সাত ব্যাংকে দেওয়া আছে সমন্বয়ক। এগুলো হলো- বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক, পদ্মা ব্যাংক (সাবেক ফারমার্স ব্যাংক), এবি ব্যাংক, ওয়ান ব্যাংক, বেসিক ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ও বাংলাদেশ কমার্স ব্যাংক।

এক যুগে আলোচিত ব্যাংক ঋণ কেলেঙ্কারি

হলমার্ক: গত এক যুগে সবচেয়ে বেশি আলোচিত রাষ্ট্রায়ত্ত্ব সোনালী ব্যাংকের হলমার্ক কারসাজি। ২০১১ সালে হলমার্কসহ পাঁচটি প্রতিষ্ঠান সোনালী ব্যাংকের রূপসী বাংলা (হোটেল শেরাটন) শাখা থেকে ঋণের নামে সাড়ে ৩ হাজার কোটি টাকা হাতিয়ে নেয়। আলোচিত এ ঘটনায় বাতিল করা হয় সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ। আটক করা হয় সোনালী ব্যাংকের কর্মকর্তা ও হলমার্কের মালিককে। সেই ঘটনার বিচারকাজ এখনও চলছে। টাকাও আদায় করতে পারছে না ব্যাংকটি।

বেসিক ব্যাংকে জালিয়াতি: ২০১১-১২ সালে বেসিক ব্যাংকের প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকার আর্থিক অনিয়ম ও দুর্নীতির চিত্র পায় বাংলাদেশ ব্যাংক। এতে প্রধান ভূমিকা রাখেন বেসিক ব্যাংকের চেয়ারম্যান শেখ আবদুল হাই ওরফে বাচ্চু। এই টাকা থেকে ১১০ কোটি টাকা দিয়ে ঢাকায় সেনানিবাসে দেড় বিঘা জমির ওপর একটি বাড়ি কিনেছিলেন তিনি। এত বড় বাড়ি কেনার অর্থ আবদুল হাইয়ের ব্যাংক হিসাবে কীভাবে এসেছিল, তারও বিবরণ বিএফআইইউ পাঠিয়েছিল দুদককে। তবে শেখ আবদুল হাইয়ের কিছুই হয়নি। ব্যাংকও বড় অংশ টাকা আদায় করতে পারেনি।

বিসমিল্লাহ গ্রুপ: ২০১২-১৩ সালে বিসমিল্লাহ গ্রুপ কয়েকটি ব্যাংক থেকে ১ হাজার ২০০ কোটি টাকা হাতিয়ে নেয়। ঘটনা প্রকাশের পর দেশ ছেড়ে পালিয়ে যান বিসমিল্লাহ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খাজা সোলায়মান, পরিচালক আনোয়ার চৌধুরী, নওরীন হাসিবসহ ঋণ গ্রহীতারা। ওই কেলেঙ্কারির ঘটনায় ক্ষতিতে পড়ে জনতা, প্রাইম, যমুনা, প্রিমিয়ার ও শাহ্জালাল ইসলামী ব্যাংক।

অ্যাননটেক্সের কেলেঙ্কারি: অ্যাননটেক্স গ্রুপের মালিক ইউনুস বাদলের প্রতিষ্ঠানগুলোকে উদারভাবে ঋণ দেয় জনতা ব্যাংক। এক গ্রাহককেই মাত্র ৬ বছরে তারা দেয় ৫ হাজার ৫০৪ কোটি টাকার ঋণ ও ঋণসুবিধা। নিয়মনীতি না মেনে এভাবে ঋণ দেওয়ায় বিপদে পড়েছে ব্যাংকটি। তাদের কাছে পাওনা এখন সাড়ে ৬ হাজার কোটি টাকার বেশি, যার বড় অংশই খেলাপি।

ক্রিসেন্ট কেলেঙ্কারি:  ভুয়া রপ্তানি নথিপত্র তৈরি করে বিপুল পরিমাণ অর্থ তুলে নেওয়া হয়। এভাবে সরকারের নগদ সহায়তা তহবিল থেকে ১ হাজার ৭৫ কোটি টাকা নিয়েছে ক্রিসেন্ট গ্রুপ। অপকর্মে সহায়তা করার পাশাপাশি ক্রিসেন্ট গ্রুপকে অর্থায়নও করেছে জনতা ব্যাংক। ক্রিসেন্টের কাছে জনতা ব্যাংকের পাওনা ২ হাজার ৭৬০ কোটি টাকা। বিদেশে রপ্তানির ১ হাজার ২৯৫ কোটি টাকা আটকা রয়েছে। ফলে আটকে গেছে বড় অঙ্কের অর্থ। এ ঘটনায় কারও বিচার হয়নি।

ফারমার্স ব্যাংকের অনিয়ম: অনুমোদন পাওয়ার পরই অনিয়মে জড়িয়ে পড়ে ফারমার্স ব্যাংক। কেলেঙ্কারির কারণে ফারমার্স ব্যাংক পথেই বসে গিয়েছিল। গ্রাহকদের টাকা ফেরত দিতে পারছিল না। সরকার মূলধন দিয়ে ব্যাংকটি বাঁচিয়ে রেখেছে। পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুনভাবে পদ্মা নাম ধারণ করে ব্যাংকটি এখন কোনো রকমে টিকে আছে। 

ইউনিয়ন ব্যাংকের বেনামি ঋণ: ভল্টের  ১৯ কোটি টাকা উধাও হয়ে যাওয়ার খবরে বেশ আলোচনায় আসে চতুর্থ প্রজম্মের বেসরকারি খাতের ইউনিয়ন ব্যাংক।  কাগুজে প্রতিষ্ঠানের নামে চলছে অর্থ লুট। শুধু ট্রেড লাইসেন্স দিয়ে কোম্পানি গঠন করে ঋণের বড় অংশই বের করে নিয়েছে প্রায় ৩০০টি প্রতিষ্ঠান। আবার অনেক ক্ষেত্রে ট্রেড লাইসেন্সও ছিল না। এসব কোম্পানিকে দেওয়া ঋণের বেশির ভাগেরই খোঁজ নেই। ফলে আদায় অনিশ্চিত হয়ে পড়েছে এসব ঋণ।

ন্যাশনাল ব্যাংক: অনিয়ম আর লুটপাটের স্বর্গরাজ্য ন্যাশনাল ব্যাংক। চার দশক আগে প্রতিষ্ঠিত ব্যাংকটি একসময় উদ্যোক্তা তৈরিতে বড় ভূমিকা রেখেছে। ব্যাংকটির ট্রেজারি ব্যবস্থাপনার সুবিধাভোগীর তালিকায় ছিল সরকারও। দক্ষ ব্যাংকারও তৈরি করেছে অনেক। কিন্তু প্রতিষ্ঠার ৪০ বছর পর বর্তমানে সবচেয়ে খারাপ অবস্থায় এসে পৌঁছেছে ব্যাংকটি। পরিচালকদের মধ্যে কোন্দল, ক্রেডিট কার্ডে ডলার পাচার, বড় অঙ্কের সুদ মওকুফসহ নানা কারণে সংকটে ন্যাশনাল ব্যাংক। গত দেড় বছরে ন্যাশনাল ব্যাংকের সম্পদ সংকুচিত হয়েছে প্রায় ১২ শতাংশ। ২০২২ সালে এ খাতে ব্যাংকটি লোকসান দিয়েছে ৯৮৯ কোটি টাকা। এখন ব্যাংকটিকে উদ্ধারে সমন্বয়ক নিয়োগ দিয়ে পরিস্থিতি উত্তরণের চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন