Logo
Logo
×

অর্থনীতি

পদ্মা সেতুর জন্য হচ্ছে স্বতন্ত্র কোম্পানি, বাড়বে ব্যয়

Icon

রশিদ খান

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৩, ০৪:৩২ এএম

পদ্মা সেতুর জন্য হচ্ছে স্বতন্ত্র
কোম্পানি, বাড়বে ব্যয়

পদ্মা বহুমুখী সেতু পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য স্বতন্ত্র কোম্পানি গঠন করতে যাচ্ছে সরকার। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ১১১তম বোর্ড সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। কোম্পানি গঠনের ক্ষেত্রে প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির সভায় প্রস্তাব পাঠানোর পর তারা পাঁচটি চেকলিস্ট (নজর তালিকা) দিয়েছে। সব প্রক্রিয়া শেষ হলে ২০২৭ সালের তৃতীয় প্রান্তিকে কোম্পানির হাতে সেতুর দায়িত্ব দেওয়া হবে। যদিও বাড়তি ব্যয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সেতু কর্তৃপক্ষের একাংশ কর্মকর্তা এ প্রস্তাবে অসম্মতি জানিয়ে এসেছিল। ‘পদ্মা সেতু অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স কোম্পানি পিএলসি’ কোম্পানি গঠন বিষয়ে মতামত প্রদান-সংক্রান্ত বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের চলতি মাসের এক চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি গঠনের ক্ষেত্রে প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির সভার চেকলিস্ট হচ্ছে সচিব স্বাক্ষরিত সারসংক্ষেপ। এতে রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়; অর্থ বিভাগ; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মতামতসহ সংশ্লিষ্ট মন্ত্রীদের সম্মতি।

পদ্মা সেতুর জন্য স্বতন্ত্র সত্তা গঠন করতেই নতুন কোম্পানি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। অবশ্য সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের কেউ কেউ বলছেন, নতুন কোম্পানি না করে সেতু কর্তৃপক্ষের সক্ষমতা বাড়ালেই হতো। নতুন করে কোম্পানি গঠন করলে নতুন জনবল নিয়োগ দিতে হবে। তাদের বেতন-ভাতা, অফিস ভবন, কোয়ার্টার নির্মাণ, ভবনের জন্য জমি অধিগ্রহণ ও উন্নয়ন, যানবাহন, আসবাবপত্র ক্রয় এবং এ-সংক্রান্ত আনুষঙ্গিক খরচ বাড়বে, যা সেতু খাতকে বাড়তি ব্যয় বহন করতে হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদ্মা বহুমুখী সেতু পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের জন্য নিজস্ব কোম্পানি গঠন করা হলে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জনবলের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বাড়বে। একই সঙ্গে ব্যয় হ্রাস পাবে। এ লক্ষ্যে পদ্মা সেতুর জন্য আলাদা কোম্পানি গঠনের বিষয়ে বোর্ড সভায় নীতিগত সিদ্ধান্ত হয়।

সূত্রটি আরও জানায়, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, সেতু বিভাগ এবং সংশ্লিষ্ট বিভাগ/মন্ত্রণালয়ের সদস্যসহ মোট ১৪ জন পরিচালকের সমন্বয়ে মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন (এমওএ)) এবং আর্টিকেল অব অ্যাসোসিয়েশন (এওএ) প্রস্তুত করা হয়। এসবের ওপর মতামত দেওয়ার জন্য যৌথমূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে পাঠানো হলে তারা এমওএ এবং এওএ-তে আংশিক পরিবর্তনের নির্দেশনা দেয়। ওই মতামতের ভিত্তিতে সংশোধিত এমওএ এবং এওএ-তে সংশ্লিষ্ট পরিচালকদের স্বাক্ষর নেওয়া হয়।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আইন ২০১৬-এর ২৫ নম্বর ধারায়- সেতু ও টানেল পরিচালনার জন্য কোম্পানি গঠনের বিষয়ে নি¤œলিখিতভাবে উল্লেখ রয়েছে- ‘(১) এই আইনের অন্যান্য বিধানে যাহা কিছুই থাকুক না কেন, জনস্বার্থে প্রয়োজনীয় বিবেচিত হইলে, কর্তৃপক্ষ, সরকারের পূর্বানুমতি সাপেক্ষে, কোন সেতু, টানেল বা কর্তৃপক্ষের আওতাধীন অন্য কোন স্থাপনার নির্মাণ সমাপ্তির পর, উহার মালিকানা, প্রশাসন, ব্যবস্থাপনা, পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব হস্তান্তরের উদ্দেশ্যে তদকর্তৃক নির্ধারিত শেয়ার মূলধন সম্বলিত এক বা একাধিক কোম্পানি গঠন করিতে পারিবে। (২) কর্তৃপক্ষ অনুরূপ কোম্পানির সকল বা যে কোন সংখ্যক শেয়ারের মালিক এবং অধিকারী হইবে। এবং (৩) সরকারের পূর্বানুমতি সাপেক্ষে, কর্তৃপক্ষ অনুরূপ কোম্পানিতে উহার মালিকানাধীন অথবা অধিকারী সকল বা যে কোন সংখ্যক শেয়ার জনসাধারণ, কোন সংস্থা অথবা কোন প্রতিষ্ঠানের নিকট হস্তান্তর করিতে পারিবে।"

উদ্বোধনের পর পরবর্তী পাঁচ বছরের জন্য সেতু পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে কোরিয়া এক্সপ্রেসওয়ে করপোরেশন (কেইসি) ও পদ্মা সেতুর নির্মাণ ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডকে (এমবিইসি)। এই সময় প্রতিষ্ঠান দুটি পাবে ৬৯৩ কোটি টাকা। এ বিষয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বলছে, কোম্পানি গঠনের পর দায়িত্ব পাওয়া কেইসি ও এমবিইসির কাছ থেকে প্রয়োজনীয় প্রযুক্তি সরঞ্জাম গ্রহণ করা হবে। দুই কোম্পানির নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পর পদ্মা সেতু পরিচালনা ও রক্ষণাবেক্ষণ স্বতন্ত্র কোম্পানির মাধ্যমে সেতু কর্তৃপক্ষ নিজেই সেই দায়িত্ব পালন করবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন