Logo
Logo
×

অর্থনীতি

ব্যাংকগুলোকে ব্যক্তিগত সম্পত্তি ভাবেন পরিচালকরা : ড. সালেহউদ্দিন আহমেদ

Icon

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩, ০২:২৬ এএম

ব্যাংকগুলোকে ব্যক্তিগত সম্পত্তি ভাবেন পরিচালকরা : ড. সালেহউদ্দিন আহমেদ

২০১৭ সাল থেকে ২০২৩-এর আগস্ট পর্যন্ত সাত বছরে বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে এক ডজনের বেশি এমডি, এএমডি, চেয়ারম্যান পদত্যাগে বাধ্য হয়েছেন। অর্থাৎ, মেয়াদের আগেই তাদেরকে পদ ছাড়তে হয়েছে। এর পেছনে রয়েছে নানা কারণ। এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো-অনিয়ম ও দুর্নীতি, পরিচালনা পর্ষদের সদস্যদের অনৈতিক চাপ, নিয়ম-বহির্ভুত ঋণ প্রস্তাবে সায় দেওয়া, না দেওয়া। এছাড়াও রয়েছে রাজনৈতিক নানা ইস্যু। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।

পদ্মাব্যাংক : ৩ সেপ্টেম্বর ২০২৩ পদত্যাগ করেছেন পদ্মা ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান। তিনি ব্যাক্তিগত স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর আগে ২০১৯ সালে অনিয়ম-দুর্নীতিতে নিমজ্জিত হওয়া ফারমার্স ব্যাংকের নাম পরিবর্তন করে রাখা হয় পদ্মা ব্যাংক। সে সময় ব্যাংকটির মালিকানাও পরিবর্তন করা হয় বাংলাদেশ ব্যাংকের মানদণ্ডে দুর্বল ব্যাংকের কাতারে চলে যাওয়া এ ব্যাংকটি বন্ধ না করার সিদ্ধান্ত যে ভুল ছিল সেটা স্বীকারও করেছিলেন প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ব্যাংকটির একটি সূত্র জানিয়েছে, পরিচালনা পর্ষদের সঙ্গে মতের মিল না হওয়ায় এবং নিয়ম বহির্ভূতভাবে ঋণ দেওয়ার প্রস্তাবে স্বাক্ষর না করায় পরিচালনা পর্ষদ এমডি তারেক রিয়াজকে পদত্যাগ করিয়ে কৌশলে সরিয়ে দিয়েছে। গত বছরের মার্চে তারেক রিয়াজ খান তিন বছরের জন্য পদ্মা ব্যাংকে এমডি হিসেবে যোগ দেন। ২০২৫ সালের মার্চ পর্যন্ত তাঁর মেয়াদ ছিল। এর আগে তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ডিএমডি ও প্রধান পরিচালন কর্মকর্তা ছিলেন।

ন্যাশনাল ব্যাংক : চলতি বছরের জানুয়ারিতে পদত্যাগ করেছিলেন ন্যাশনাল ব্যাংকের এমডি মেহমুদ হোসেন। তখনও তার কাজের মেয়াদ ছিল ১১ মাস। অবশ্য পরে বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে তাকে পুনর্বহাল করে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। গত ২৫ জানুয়ারি, ২০২৩-এ গণমাধ্যমে এমন একটি ব্যাখ্যা পাঠানো হয়েছিল ব্যাংকটির পক্ষ থেকে। তাতে বলা হয়েছিল, মেহমুদ হোসেন নিজের ব্যর্থতায় পদত্যাগ করেছেন।

সিটিব্যাংক : ২০১৯ সালের জানুয়ারির শেষ দিকে চাকরি ছাড়তে বাধ্য হন বেসরকারি সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সোহেল আর কে হোসাইন। সে সময় এক মাসের ছুটি চেয়ে নিজ পদ থেকে সরে দাঁড়ান সোহেল। এর সপ্তাহখানেক পর সিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, বর্তমান এমডি পদত্যাগ করে এক মাসের ছুটি চেয়েছেন। তার ছুটির আবেদন গ্রহণ করে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মাসরুর আরেফিনকে ভারপ্রাপ্ত এমডি করা হয়। সোহেল আর কে হোসাইন ২০০৭ সালে সিটি ব্যাংকের ডিএমডি হিসেবে যোগ দিয়েছিলেন। ২০১৩ সাল থেকে ২০১৯ এর জানুয়ারি পর্যন্ত এমডি হিসেবে দায়িত্ব পালন করেন।

এবি ব্যাংক : ২০১৮ সালের ১১ অক্টোবর পদত্যাগ করেন বেসরকারি খাতের এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মশিউর রহমান চৌধুরী। তখন এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এবি ব্যাংক কর্তৃপক্ষ কোনো বক্তব্য দেয়নি। একটি নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, ব্যাংকের পরিচালনা পর্ষদের চাপে তিনি পদত্যাগ করেছিলেন। অবশ্য তার বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি অফশোর বিনিয়োগের মাধ্যমে ব্যাংকটির কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা কয়েকজনের সঙ্গে যোগসাজশে চার বিদেশি কোম্পানির নামে বিদেশে বিনিয়োগ দেখিয়ে চার কোটি ২৫ লাখ ৪০ হাজার ডলার পাচার করেছেন। পরে এ ব্যাংকের মাধ্যমে অর্থ পাচার হওয়ার প্রমাণ পায় বাংলাদেশ ব্যাংক। পরে অবশ্য তিনি অস্ট্রেলিয়ায় পালিয়ে যান।

বেসিক ব্যাংক : পর্যদের চাপে এবং তৎকালীন চেয়ারম্যান আবদুল হাই বাচ্চুর যোগসাজশে বিসমিল্লাহ গ্রুপকে নিয়ম বহির্ভূতভাবে ঋণ দেওয়ার দায়ে রাষ্ট্রায়ত্ত বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ আউয়াল খান গত ১৪ আগস্ট ২০১৮ সালে ব্যাংকটি থেকে পদত্যাগ করেন। সে সময় এ নিয়ে ব্যাপক হৈচৈ পড়ে যায়। এবং এরপর থেকে রাষ্ট্রয়াত্ত ব্যাংকগুলোর নানা ঋণ কেলেঙ্কারি খবর ফাঁস হতে থাকে। মুহাম্মদ আউয়াল খান ২০১৭ সালের ১ নভেম্বর বেসিক ব্যাংকের এমডি হিসাবে যোগ দেন। ২০১৭ সালের ২৩ অক্টোবর বেসিক ব্যাংকের সে সময়ের পর্ষদ চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০১৯ সালের ১ নভেম্বর।

জনতা ব্যাংক : রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের এমডি আবদুছ সালাম আজাদকে অপসারণ করা হয় অনিয়ম-দুর্নীতির দায়ে। অভিযোগ ছিল এ্যাননটেক্স নামের একটি কোম্পানিকে বিপুল অঙ্কের ঋণ পাইয়ে দিতে তিনি অনিয়মে জড়িয়ে পড়েন। তবে সে সময় তিনি বলেন, এসব জালিয়াতিতে ‘আমি একা নই, আরও অনেকে জড়িত’। অন্যদের অপরাধ ঢাকতে আমাকে ফাঁসানো হচ্ছে।

প্রাইম ব্যাংক : ২০২০ সালের ডিসেম্বরে বেসরকারি খাতের আরেক বৃহৎ ব্যাংক প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাহেল আহমেদ পদত্যাগ করেন। কী কারণে হঠাৎ করে তিনি পদত্যাগ করেছিলেন তা সে সময় জানানো হয়নি। অবশ্য তার মেয়াদ শেষ হওয়ার মাত্র এক সপ্তাহ আগে তিনি পদত্যাগ করেছিলেন। অভিযোগ রয়েছে, পরিচালনা পর্ষদের সঙ্গে মতের মিল না হওয়ায় এবং নিয়ম বহির্ভূতভাবে ঋণ দেওয়ার প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে সরিয়ে দেওয়া হয়। এ বিষয়ে রাহেল আহমেদ গণমাধ্যমকে জানিয়েছিলেন, আরো ভালো সুযোগ গ্রহণ এবং নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য জন্য পদত্যাগ করেছি। কোন আর্থিক প্রতিষ্ঠানে যোগ দিচ্ছি সেটা শিগগিরই জানতে পারবেন। অসুস্থ না হলে হয়তো আরও আগেই পদত্যাগ করতাম।

ব্যাংক এশিয়া : চলতি বছরের আগস্টের শুরুতে নিজের ব্যর্থতা ও অদক্ষতার কথা জানিয়ে দায়িত্ব থেকে পতদ্যাগ করেন ব্যাংক এশিয়ার এমডি আদিল চৌধুরী। এ সময় গণমাধ্যম ও ব্যাংক পাড়ায় বেশ হৈচৈ পড়ে যায়। এ নিয়ে ব্যাংকটির কোনো দায়িত্বশীল কর্মকর্তা স্পষ্ট বক্তব্য দেয়নি। পরিচালনা পর্ষদের অভিযোগ, আদিল চৌধুরীর দায়িত্বের ৮ মাসেই বিভিন্ন সূচকে পিছিয়ে পড়েছে ব্যাংকটি। অব্যবস্থাপনার জন্য ব্যাংকের আমানত-ঋণ, আমদানি-রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়েছে। তবে তার পদত্যাগপত্র এখনও গৃহীত হয়নি। ফলে ওয়েবসাইটে আদিল চৌধুরী এখনও এমডি। এবং তিনি রুটিনওয়ার্ক করে যাচ্ছেন বলে জানিয়েছে ব্যাংকটি।

এসআইবিএল : বাংলাদেশের ব্যাংকিং খাতে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে রয়েছে এস আলম গ্রুপ। এই গ্রুপের নিয়ন্ত্রণে চলে যাওয়ায় স্যোসাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মাহবুব-উল-আলম ও অতিরিক্ত এমডি আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া পদত্যাগ করেন চলতি বছরের জানুয়ারির শুরুতে।

মেঘনা ব্যাংক : ২০১৭ সালের ১৯ নভেম্বর পদত্যাগ করেন মেঘনা ব্যাংক লিমিটেডের এমডি মোহাম্মদ নূরুল আমিন। ১৯ নভেম্বর ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় তার পদত্যাগপত্রটি অনুমোদন করা হয়। ৩০ নভেম্বর থেকে তার পদত্যাগপত্র কার্যকর করা হয়। ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত তাঁর চাকরির মেয়াদ ছিল। সে সময় ব্যাংকটির চেয়ারম্যান এইচ এন আশিকুর রহমানের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় তাঁকে পদ ছাড়তে হয়। মোহাম্মদ নূরুল আমিন একই সঙ্গে বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) চেয়ারম্যান ছিলেন। তার আগে তিনি এনসিসি ব্যাংকের এমডির দায়িত্ব পালন করেন।

ইসলামী ব্যাংক : দেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় ব্যাংক ও এক সময়ের সবচেয়ে বেশি রেমিট্যান্স আহরণকারী ব্যাংক হিসেবে পরিচিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের একজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) পদত্যাগে বাধ্য হন চলতি বছরের মার্চের শেষ সপ্তাহে। তার নাম ওমর ফারুক খান। তিনি ব্যাংকটির আন্তর্জাতিক ব্যাংকিং বিভাগের প্রধান ছিলেন। তাঁর পদত্যাগের পর ব্যাংকটির সর্বস্তরের কর্মীদের মধ্যে এক ধরনের অসন্তোষ এবং আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর এক সপ্তাহ পর আরেক ডিমএডি মো. সিদ্দিকুর রহমান পদত্যাগ করেন। এক সময়ের সবচেয়ে ভাল ব্যাংকিটর আর্থিক অবস্থা এখন খুবই শোচনীয়। জামায়াতে ইসলামী ও বিদেশী পরিচালকদের মালিকানায় থাকা ব্যাংকটির মালিকানা ২০১৭ সালে পরিবর্তিত হয়। সে সময় সরকারের এক সাবেক সচিব আরাস্ত খানকে ব্যাংকটির চেয়ারম্যান করা হয়। সরকারের পক্ষ থেকে চাপ সৃষ্টি করে পদত্যাগ করানো হয় তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নানকে। তখন নতুন এমডি হিসেবে ইউনিয়ন ব্যাংকের এমডি আবদুল হামিদ মিঞার নাম অনুমোদন করা হয়। নিয়ন্ত্রক সংস্থার (বাংলাদেশ ব্যাংক) অনুমোদন সাপেক্ষে তার নিয়োগ কার্যকর হয়। বর্তমানে ব্যাংকটির সব সদস্যই চট্টগ্রামের এস আলম গ্রুপের মালিকানাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, এখানে রাজনৈতিক প্রভাব ও আলাতান্ত্রিক বলয় খুবই ন্যাক্কারজনকভাবে কাজ করে। ফলে দেশের ব্যাংকিং খাতে কোনো ধরনের সুশাসন নেই। জববাদিহিতা নেই। স্বচ্ছতার প্রচণ্ড অভাব। ভাল ব্যাংকার, সৎ, দক্ষ ও যোগ্য লোকেরা বঞ্চিত এবং তারা কোণঠাসা। ফলে অসৎরা এখানে অনেক বেশি শক্তিশালী। এছাড়া বেসরকারি খাতের ব্যাংক পরিচালকরা ব্যাংকগুলোকে নিজেদের পারিবারিক ও ব্যক্তিগত সম্পত্তি ভেবে এটাকে ইচ্ছেমতো ব্যবহার করেন। অথচ এখানে আমানতকারীদের স্বার্থ থাকে। সাধারণ গ্রাহকদের স্বার্থ থাকে। ব্যাংক তো অন্য দশটা কোম্পানির মতো নয় যে-যা ইচ্ছা তা করা যাবে। এখানে কোনো কিছু করতে হলে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের নিয়ম মেনে করতে হবে। কিন্তু সেটা মানা হয় না। যার ফলে বাংলাদেশ ব্যাংকের কোনো রুলস-রেগুলেশন এখানে কাজে আসে না। বাংলাদেশ ব্যাংককে প্রভাবমুক্ত হয়ে কাজ করার কোনো বিকল্প নাই। একই সঙ্গে অপরাধের শাস্তি বিধান করার পাশাপাশি অপরাধীকে কঠোর শাস্তির আওতায় আনতে না পারলে কোন সৎ লোকই এখানে কাজ করতে পারবে না। অব্শ্য এখনই সে সময় চলে এসেছে বলে ড. সালেহউদ্দিন মনে করেন। 

 

 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন