ছবি: বাসস
রাষ্ট্রীয় চুক্তির আওতায় কৃষি উন্নয়ন করপোরেশনের মাধ্যমে (বিএডিসি) মরক্কো ও তিউনিশিয়া থেকে ৫৫ হাজার মেট্রিক টন টিএসপি সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সার কিনতে প্রায় ২৪২ কোটি টাকা বা ২৪১ কোটি ৭৭ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা ব্যয় হবে।
এই সার কেনার প্রস্তাব অনুমোন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’র সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় এই অনুমোদন দেয়া হয়। সভা শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।
তিনি জানান, কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি এস এ থেকে দ্বিতীয় লটে ৩০ হাজার মেট্রিক টন টিএসপি সার কেনার অনুমোন দেয়া হয়েছে। এই সার কিনতে মোট খরচ হবে ১৩২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০০ টাকা।
এ ছাড়া কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় তিউনিশিয়ার জিসিটি থেকে চতুর্থ লটে ২৫ হাজার মেট্রিক টন টিএসপি সার আমদানির অনুমোনদ দেয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ১০৯ কোটি ১৪ লাখ ৭৫ হাজার টাকা।
