বাংলাদেশের জন্য আমদানি করা জ্বালানি তেল নিয়ে আসা জাহাজ গভীর সমুদ্রে নোঙর করা অবস্থায় নিরাপদ ও স্বল্প খরচে পাইপলাইনের মাধ্যমে পরীক্ষামূলক খালাস শুরু হয়েছে মঙ্গলবার (৫ ডিসেম্বর) থেকে। ‘ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) উইথ ডাবল পাইপলাইন’ নামে প্রকল্পটি চার হাজার ৯৩৫ কোটি ৯৭ লাখ টাকায় করার কথা থাকলেও শেষ পর্যন্ত ব্যয় দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে ৮ হাজার ২৯৮ কোটি ১৮ লাখ।
চার দফায় প্রকল্পটির ব্যয় বেড়েছে ৩ হাজার ৩৬২ কোটি ২১ লাখ টাকা। আর জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ তিন বছরের প্রকল্প বাস্তবায়ন করল আট বছরে। প্রকল্প পুরোপুরি শেষ হতে সময় লাগবে আরো এক বছর।
প্রকল্প প্রতিবেদনে বলা হয়েছে, এসপিএম প্রকল্প চালু হলে প্রায় ৮০০ কোটি টাকা সাশ্রয় হবে। এই হিসেবে প্রকল্পের ব্যয় উঠে আসার কথা ছিল ছয় বছরের কিছু বেশি সময়ের মধ্যে। এখন প্রকল্প ব্যয় বাড়ানোয় খরচ উঠতে সময় লাগবে সাড়ে ১০ বছরের মতো। প্রকল্পের জন্য ঋণ দিয়েছে এক্সিম ব্যাংক অব চায়না। বার্ষিক ২ শতাংশ সুদে ৫ বছর গ্রেস পিরিয়ডসহ ২০ বছর মেয়াদি এই ঋণের পরিশোধের সময় বাকি আছে ১৪ বছর। চুক্তির সময় পার হলে জরিমানা হিসেবে অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হবে।
প্রকল্প সূত্রে জানা গেছে, প্রকল্পটির অনুমোদিত প্রথম মেয়াদকাল ছিল ২০১৫ সালের নভেম্বর থেকে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত। ব্যয় ধরা হয়েছিল ৪ হাজার ৯৩৫ কোটি ৯৭ লাখ টাকা। এই মেয়াদে সময় না বাড়িয়ে প্রথম সংশোধনীতে ব্যয় বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৪২৬ কোটি ২৬ লাখ টাকা।
কাজ শেষ না হওয়ায় দ্বিতীয় দফায় মেয়াদ বাড়িয়ে করা হয় ডিসেম্বর ২০১৯। এরপর প্রকল্পের দ্বিতীয় সংশোধনী আনা হয়। এতে প্রকল্পের মেয়াদ বেড়ে দাঁড়ায় জুন ২০২২। পাশাপাশি ব্যয় বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৫৬৮ কোটি ২৬ লাখ টাকা। কিন্তু প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় তৃতীয় মেয়াদে এক বছর বাড়িয়ে করা হয় জুন ২০২৩। এতে ফের প্রকল্প ব্যয় বেড়ে দাঁড়ায় ৭ হাজার ১২৪ কোটি ৬২ লাখ টাকা।
এ সময়েও প্রকল্প বাস্তবায়ন করতে না পারায় সবশেষ চলতি ২০২৩ সালের অক্টোবরে একনেক সভায় চতুর্থ সংশোধনী আনা হয়। এতে প্রকল্পের মেয়াদ এক বছর বাড়িয়ে ফের করা হয় ২০২৪ সালের ডিসেম্বর। একই সাথে ব্যয় বেড়ে দাঁড়ায় ৮ হাজার ২৯৮ কোটি ১৮ লাখ টাকা।
বাংলাদেশ ও চীন সরকারের জি-টু-জি চুক্তির আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীন কোম্পানি ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল) প্রকল্পটি বাস্তবায়ন করছে। ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে রয়েছে চায়না পেট্রোলিয়াম পাইপলাইন ইঞ্জিনিয়ার কোম্পানি লিমিটেড।
প্রকল্প পরিচালকের অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে ১১ দিনে যে পরিমাণ জ্বালানি তেল খালাস করা যায়, প্রকল্পটি চালু হলে এর সময় কমে আসবে ২ দিন বা ৪৮ ঘণ্টায়। প্রকল্প বাস্তবায়নের পর লাইটার জাহাজের প্রয়োজন হবে না। এতে পরিবহন খরচ ও অপচয় হ্রাস পেয়ে বিপুল বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। যাতে রিজার্ভ ব্যয় কমে যাবে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, প্রায় ৯০ একর জায়গার ওপর ছয়টি স্টোরেজ ট্যাংক ও পাম্পিং স্টেশন নির্মাণ করা হয়েছে। এর মধ্যে তিনটি পরিশোধিত তেলের জন্য ও তিনটি অপরিশোধিত তেলের জন্য।
প্রতিটি পরিশোধিত স্টোরেজ ট্যাংকারের ধারণক্ষমতা ৫০ হাজার ঘনমিটার। অপরিশোধিত স্টোরেজ ট্যাংকারের ধারণক্ষমতা ৩০ হাজার ঘনমিটার।
জানা গেছে, মুরিং পয়েন্ট থেকে ৩৬ ইঞ্চি ব্যসের দুটি আলাদা পাইপলাইনের মাধ্যমে ক্রুড অয়েল ও ডিজেল আনলোড করা হবে। এরপর মহেশখালী স্টোরেজ ট্যাংক থেকে ১৮ ইঞ্চি ব্যাসের দুটি পৃথক পাইপলাইনের মাধ্যমে ক্রুড অয়েল ও ডিজেল যাবে ইস্টার্ন রিফাইনারির শোধনাগারে। এ জন্য এ প্রকল্পের আওতায় সাগরে ভাসমান মুরিং বসানো হয়েছে। সেখান থেকে সাগরের তলদেশ দিয়ে মহেশখালী স্টোরেজ ট্যাংক হয়ে আবার পতেঙ্গার ইস্টার্ন রিফাইনারি পর্যন্ত ১১০ কিলোমিটার পাইপলাইন বসানো হয়।
বর্তমানে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বছরে ১৫ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন করতে পারে। ইস্টার্ন রিফাইনারি দ্বিতীয় ইউনিট চালু হলে পরিশোধন ক্ষমতা ৪৫ লাখ টনে উন্নীত হবে। এই পরিশোধন ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করবে এসপিএম।
ইআরএলর তথ্য অনুযায়ী, এসপিএমের বার্ষিক আনলোডিং ক্ষমতা ৯০ লাখ টন। এ প্রযুক্তিতে এক লাখ ২০ হাজার ডিডবিউটি (ডেডওয়েট টনেজ) ধারণক্ষমতার ক্রুড অয়েল ট্যাংকার খালাসে সময় লাগবে ৪৮ ঘণ্টা। আর ৭০ হাজার ডিডবিউটি ধারণক্ষমতার ডিজেল ট্যাংকার খালাসে ২৮ ঘণ্টা সময় লাগবে।
প্রকল্পে প্রথম পাইপলাইন দিয়ে গত ৩০ নভেম্বর প্রায় ৮২ হাজার মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল খালাস করা হয়। অপরিশোধিত জ্বালানি তেলের পর এবার ট্যাংকার থেকে সাগরের তলদেশে পাইপলাইনের মাধ্যমে ডিজেল খালাস শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ২টা ৪৮ মিনিটে ‘এমটি জাগ অপর্ণা’ থেকে পাম্পিং করে পরীক্ষামূলকভাবে এই তেল খালাস শুরু হয়। এর মাধ্যমে দেশে দুটি পাইপলাইন দিয়ে জ্বালানি তেল খালাস শুরু হলো।
এর আগে গত জুলাইয়ে প্রথমবারের মতো সাগরের তলদেশে পাইপলাইনে তেল খালাসের উদ্যোগ নেয়া হয়। তখন জাহাজের ভারসাম্য ঠিক রাখতে না পারায় তেল খালাসের সংযোগকারী ভাসমান পাইপ ছিঁড়ে যায়। প্রথমবার ব্যর্থ হওয়ার পর চীন থেকে চারটি টাগবোট আনা হয়। দেশীয় একটি টাগবোটও রাখা হয়। সব মিলিয়ে সাগরে জাহাজের ভারসাম্য ঠিক রেখে তেল খালাস করা হচ্ছে।
ইস্টার্ন রিফাইনারির এমডি মো. লোকমান গণমাধ্যমকে বলেছেন, চলতি মাসের শেষ সপ্তাহে মহেশখালীর স্টোরেজ ট্যাংক টার্মিনাল থেকে দুটি পাইপলাইনের একটিতে অপরিশোধিত জ্বালানি তেল ও আরেকটিতে পাম্পিং করে পরিশোধিত তেল (ডিজেল) নেওয়া হবে ইস্টার্ন রিফাইনারিতে। পরীক্ষামূলকভাবে তেল খালাস সফল হলে পাইপলাইনে নিয়মিত তেল খালাস করা হবে।
