স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিভিন্ন দেশের সঙ্গে স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ শুক্রবার ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোনো বিশেষ দেশের প্রতি অতি নির্ভরশীলতা নয়; বরং পারস্পরিক শ্রদ্ধা ও সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়া হবে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার এবং সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে পরিচালিত হবে।
শামা ওবায়েদ বলেন, ‘বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।’
ভিসা জটিলতা প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার এ বিষয়ে আন্তরিকভাবে কাজ করছে। বিশেষ করে বিভিন্ন দেশের সঙ্গে স্থগিত থাকা ভিসা প্রক্রিয়া দ্রুত পুনরায় চালু করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

