Logo
Logo
×

কূটনীতি

সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে বড় চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ

Icon

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১১:৩৬ পিএম

সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে বড় চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ

আকাশ প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে সামরিক ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের জন্য চীনের সঙ্গে সরকার-থেকে-সরকার (জিটুজি) চুক্তি সই করতে যাচ্ছে বাংলাদেশ। আগামীকাল মঙ্গলবার ঢাকা সেনানিবাসে বিমানবাহিনীর এনেক্স ভবনে এ চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ ও চীনের মধ্যে জি-টু-জি চুক্তির আওতায় মনুষ্যবিহীন আকাশযান (ইউএভি) উৎপাদন ও সংযোজন, কারখানা স্থাপন এবং প্রযুক্তি হস্তান্তর-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৬ জানুয়ারি অর্থ মন্ত্রণালয় ‘স্টাবলিশমেন্ট অব ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট অ্যান্ড ট্রান্সফার অব টেকনোলজি (টিওটি) ফর আনম্যানড এরিয়াল ভেহিকেল (ইউএভি)’ শীর্ষক প্রকল্প প্রস্তাবের অনুমোদন দেয়। ৬০৮ কোটি ৮ লাখ টাকার এই প্রকল্পের আওতায় ড্রোন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট স্থাপন, প্রযুক্তি আমদানি ও স্থাপনের জন্য এলসি খোলা এবং পরিশোধ বাবদ ৫৭০ কোটি ৬০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বৈদেশিক মুদ্রায় পরিশোধযোগ্য এই অর্থ চার অর্থবছরে ব্যয় করা হবে। চলতি অর্থবছরে ১০৬ কোটি টাকা, ২০২৬-২৭ ও ২০২৭-২৮ অর্থবছরে প্রতি বছরে ১৫৫ কোটি টাকা করে এবং ২০২৮-২৯ অর্থবছরে প্রায় ১৫৪ কোটি ৬০ লাখ টাকা পরিশোধ করার পরিকল্পনা রয়েছে। অবশিষ্ট ৩৭ কোটি ৪৭ লাখ টাকা দেশীয় মুদ্রায় এলসি খোলার চার্জ, ভ্যাট ও সুইফট চার্জ হিসেবে পরিশোধ করা হবে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন