যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড থেকে বাংলাদেশের অব্যাহতির চেষ্টা করব: পররাষ্ট্র উপদেষ্টা
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ১০:১৭ পিএম
যুক্তরাষ্ট্রে প্রবেশে ভিসা ‘বন্ড’ বা জামানত আরোপ হওয়া ৩৮ দেশের তালিকায় বাংলাদেশকে যুক্ত করার বিষয়টি ‘দুঃখজনক’; তবে এতে অন্তর্বর্তী সরকারের কোনো দায় নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ বৃহস্পতিবার বিকেলে নিজের দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
মার্কিন ভিসা বন্ড আরোপের বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নেবে কি না, জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটা মাত্র হয়েছে। আমরা সাধারণ পদ্ধতিতে যাব। চেষ্টা করব যেন এটা থেকে আমাদের অব্যাহতি দেওয়া হয়।’
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আরও বলেন, আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা শুধু বাংলাদেশের বিষয় নয়, অনেকগুলো দেশের মধ্যে বাংলাদেশও আছে। যেসব দেশের অভিবাসন নিয়ে সমস্যা আছে, সেগুলো এই তালিকায় আছে। আমেরিকায় বাংলাদেশিরা বেশি রাষ্ট্রীয় সহায়তা নেয়।
তৌহিদ হোসেন বলেন, ‘তাহলে তারা যদি কিছু দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, সেটার মধ্যে বাংলাদেশ থাকবে— এটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হচ্ছে না। অবশ্যই দুঃখজনক। অবশ্যই কষ্টকর আমাদের জন্য। এটা অস্বাভাবিক না।’
অন্তর্বর্তী সরকারের দায় থাকার বিষয়টি নাকচ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘যদি সবাই গত এক বছরে যেত, তাহলে আমি বলতাম যে আমরা দায়ী। সমস্যাটা হচ্ছে, যদি এক বছরে হতো, আমি বলতাম এই সরকারের কিছু দায়দায়িত্ব আছে। এই পদ্ধতি চলছে দীর্ঘদিন ধরে। কাজেই, দায়দায়িত্ব যদি আপনি ধরেন পলিসিগতভাবে কারও ওপর থাকে, সেটা হলো পূর্ববর্তী সব সরকারের আছে। সেটাকে আমরা পরিবর্তন করতে পারি নাই, পরিবর্তন করা সম্ভব না। কারণ, মানুষের এই নড়াচড়া করার সাধ্য এই সরকারের নাই, কোনো সরকারেরই ছিল না।’
