শোক বইতে রাজনাথ সিং
ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন খালেদা জিয়া
কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০৪:৫৪ পিএম
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার এই উল্লেখযোগ্য অবদান সবসময় স্মরণ করা হবে। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে রাজনাথ সিং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য রাখা শোক বইতে এই বার্তা লেখেন। খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান।
আজ বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে যান রাজনাথ সিং। তিনি বাংলাদেশ মিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য রাখা শোক বইতে এই বার্তা লেখেন। খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান।
এর আগে বাংলাদেশ মিশনে পৌঁছালে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ তাঁকে স্বাগত জানান।
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গতকাল বুধবার খালেদা জিয়ার জানাজা ও দাফন সম্পন্ন হয়। খালেদা জিয়ার জানাজায় দলমত-নির্বিশেষে অগণিত মানুষ যোগ দেন। জানাজা শেষে জিয়া উদ্যানে স্বামী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হয়।
গতকাল বেলা দেড়টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ সময় তিনি ভারতের শোকবার্তা তারেক রহমানের কাছে হস্তান্তর করেন। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে জয়শঙ্কর ভারতীয় বিমানবাহিনীর বিশেষ একটি ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান।
