ভারতে অবস্থান প্রসঙ্গে হাসিনাকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। সেই থেকে ভারতে অবস্থা করছেন তিনি। এর মধ্যে মানবতা বিরোধী অপরাধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে। শেখ হাসিনাকে একাধিকবার ফেরত চেয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গতকাল শুক্রবার জানিয়েছেন, ভারত থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।
এদিকে আজ শনিবার হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে প্রশ্ন করা হয়, শেখ হাসিনা কি যতদিন ইচ্ছে, ততদিন ভারতে থাকতে পারেন? সেই প্রশ্নের উত্তরে জয়শঙ্কর বলেন, ‘শেখ হাসিনা এখানে একটা নির্দিষ্ট পরিস্থিতিতে (জুলাই আন্দোলন) এসেছিলেন। আমার মনে হয়, তার সাথে যা ঘটেছে তার পেছনেও সেই পরিস্থিতিই রয়েছে। কিন্তু আবারও বলছি, এটা এমন একটা বিষয় যেখানে তাকে মনস্থির করে সিদ্ধান্ত নিতে হবে।’
এদিকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর বলেন, ‘বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছেন, তাদের থেকে আমরা শুনেছি যে, আগে যেমনভাবে নির্বাচন হতো, তা নিয়ে তারা অসন্তুষ্ট। সেটাই যদি হয়, তাহলে সর্বপ্রথম তাদের স্বচ্ছ নির্বাচন করতে হবে।’

