বাংলাদেশে ফিরেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ
বাংলাদেশে ফিরেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স (Chargé d’affaires) ট্রেসি অ্যান জ্যাকবসন। আজ মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে চলমান রাজনীতি, আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু, বিশেষ করে রোহিঙ্গা সংকট, নিরাপত্তা সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন—যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলর এরিক গিলান ও অ্যান্ড্রু পাস্টিরিক।
প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠকটি প্রায় এক ঘণ্টাব্যাপী চলে বলে সূত্র জানিয়েছে।
এ বিষয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দপ্তরে যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ট্রেসি অ্যান জ্যাকবসন গত ১ অক্টোবর সরকারি কাজে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন।

