নির্বাচন আয়োজনে ইসিকে সহায়তা করবে জাতিসংঘ
আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে (ইসি) জাতিসংঘ সহায়তা করবে বলে জানিয়েছেন সংস্থাটির ঢাকাস্থ আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। আজ রবিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে নির্বাচন, গণতন্ত্র ও দেশের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন গোয়েন লুইস। এসময় তিনি বলেন, আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এতে জাতিসংঘের পক্ষ থেকে কারিগরি সহায়তা দেওয়া হবে।
আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশের সব দল যুক্ত (অংশগ্রহণ করবেন) হবে বলে আশা করেন লুইস। এ সময় রোহিঙ্গা সমস্যার সমাধান খুবই চ্যালেঞ্জিং বলে উল্লেখ করেন তিনি।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী হিসেবে গোয়েন লুইসের মেয়াদ শেষ হচ্ছে। এরপর তিনি অন্য দেশে চলে যাবেন। তার বিদায় উপলক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে যে আলোচনা রয়েছে সেটাকে কীভাবে সফল করা যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, নির্বাচন এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। আলোচনার মূল বিষয়বস্তু ছিল বাংলাদেশে ডেমোক্রেটিক অর্ডার ফিরিয়ে আনতে ইউএন-এর যে একটা কমিটমেন্ট এবং ডেমোক্রেটিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে যে গণতান্ত্রিক কর্মকাণ্ড চর্চা, একে অপরের সঙ্গে কী ধরনের সম্পর্ক থাকা উচিত তা নিয়ে আলোচনা হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।

