Logo
Logo
×

কূটনীতি

ডিএনসিসি বিল্ডিংয়ে লুৎফে সিদ্দিকীর সঙ্গে পিটার হাসের বৈঠক

মুক্তাদির রশীদ

মুক্তাদির রশীদ

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩২ পিএম

ডিএনসিসি বিল্ডিংয়ে লুৎফে সিদ্দিকীর সঙ্গে পিটার হাসের বৈঠক

শেখ হাসিনা আমলে আলোচিত ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডেভিড হাস এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা হিসেবে কর্মব্যস্ত দিন পার করছেন। সোমবার (১ সেপ্টেম্বর) তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, নগর প্রশাসক এবং জ্বালানি খাতের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করেছেন। তার এই ধারাবাহিক বৈঠক ঢাকার কূটনৈতিক ও বাণিজ্যিক মহলে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

সোমবার সকাল ১০টায় পিটার হাস ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে যান। সেখানে তিনি ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ এবং প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে বৈঠকে মিলিত হন।

কী বিষয়ে আলোচনা হয়েছে এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাদ রেখে কেন তিনি ডিএনসিসিতে পিটার হাসের সঙ্গে দেখা করেছেন তা জানতে যোগাযোগ করা হলে লুৎফে সিদ্দিকীর কোনো উত্তর দেননি। 

এরপর দুপুরে পিটার হাস জ্বালানি খাতের বিষয়ে আলোচনার জন্য রাজধানীর কারওয়ান বাজারে পেট্রোবাংলা ভবনে যান। সেখানে দুপুর ১২টা থেকে বেলা ১টা ২০ মিনিট পর্যন্ত বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান রেজানুর রহমানের সঙ্গে তার কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। দেশের জ্বালানি খাতে এক্সিলারেট এনার্জির কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দিনের পরবর্তী ভাগে পিটার হাস বাংলাদেশ সচিবালয়ে যান। সেখানে বেলা ২টা থেকে ৩টা ৩০ মিনিট পর্যন্ত তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। এই গুরুত্বপূর্ণ বৈঠকে বাণিজ্য সচিব মাহাবুবুর রহমানও উপস্থিত ছিলেন।

ধারাবাহিক এসব বৈঠক শেষে বিকেল ৫টায় পিটার হাস গুলশানে অবস্থিত এক্সিলারেট এনার্জি বাংলাদেশ লিমিটেডের কার্যালয়ে প্রবেশ করেন এবং সেখানে দীর্ঘ সময় অবস্থান করেন।

সদ্য সাবেক এই রাষ্ট্রদূতের জ্বালানি ও বাণিজ্য খাতের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে এই বৈঠকগুলোকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতের বিনিয়োগ ও কৌশলগত অংশীদারিত্ব বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ব্যাকগ্রাউন্ড 

শেখ হাসিনার আমলে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডেভিড হাস সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন। গত শনিবার (৩০ আগস্ট) বিকেল ৫টা ৩২ মিনিটে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে (ইকে-৫৮৬) ঢাকায় পৌঁছান পিটার হাস। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান এক্সিলারেট এনার্জি লিমিটেডের স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন। 

পিটার হাস রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে রয়েছেন বলে জানা গেছে। সফর শেষে আগামী ৫ সেপ্টেম্বর তার ওয়াশিংটনের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

ছয় মাসের মধ্যে এটি তার দ্বিতীয় সফর। তবে মাঝখানে গত ৫ আগস্ট তিনি বাংলাদেশে এসেছেন গণমাধ্যমে এমন গুজব ছড়ায়। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় পাঁচ নেতা গত ৫ আগস্ট সকালে কক্সবাজারে যান। তাদের কক্সবাজার যাওয়ার পর থেকে তাদের সঙ্গে পিটার হাসের বৈঠক নিয়ে নানা গুঞ্জন ও আলোচনা তৈরি হয়। এমনকি পিটার হাসের সঙ্গে তারা বৈঠক করছেন বলেও একাধিক টেলিভিশনের খবরে বলা হয়। 

ওই গুঞ্জনের বিষয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তজা তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে পিটার হাসের তোলা ছবি শেয়ার করে লিখেছিলেন, ছবি যে দুই জন তুলছেন তাদের একজন পিটার হাস, বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত।

শেখ হাসিনা শাসনামলে পিটার হাস খুবই আলোচিত বিদেশি কূটনৈতিক ছিলেন। বিশেষত তিনি বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্র নিয়ে খুবই সরব ছিলেন।

আওয়ামী লীগের লোকজন তাকে হুমকি পর্যন্ত দিয়েছেন। ২০২৪ সালের জানুয়ারি নির্বাচনের‌ বেশ আগে থেকেই তিনি একেবারে চুপচাপ হয়ে যান। বাংলাদেশের জুলাই আন্দোলন শুরু হলে সেই মাসের শেষ দিকে তিনি ‌ঢাকা ছাড়েন। পরে চলতি বছরের এপ্রিলে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে তিনি দেখা করেন। এবার তিনি বাংলাদেশে এমন এক সময় আসলেন যখন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আবার ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন