প্রকাশ্যে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানোর পর বুধবার কুড়িগ্রাম থেকে রংপুরগামী একটি মিনি বাসে অভিযান চালিয়ে সংগঠনের সদস্য সন্দেহে পাঁচজনকে আটক করে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ডিবি সূত্র জানায়, বুধবার দুপুরে জেলা শহরের কলেজমোড়সহ একাধিক জায়গায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের পোস্টার সাঁটানো হয়। খবর পেয়ে শহরের বিভিন্ন স্থানে অভিযানে নামে থানা পুলিশ ও ডিবি পুলিশ। পরে খলিলগঞ্জ বাজারসংলগ্ন স্থান থেকে রংপুরগামী একটি মিনিবাসের গতিরোধ করে ভেতরে থাকা সন্দেহভাজন পাঁচ তরুণকে আটক করা হয়।
আটক তরুণরা হলেন জাবের আল রাফিয়ান, সাকিবুল হাসান, শামীম হোসেন, ফাহমিদ হাসান এবং মাহমুদুর রহমান। তাদের বাড়ি যশোর, ঢাকা, লক্ষ্মীপুর, নাটোর ও মাদারীপুর জেলায়।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, আটক তরুণদের জিজ্ঞাসাবাদ করে তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। সব নিশ্চিত হয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
