লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে অগ্নিসংযোগ, দগ্ধ হয়ে ঘুমন্ত শিশু নিহত
লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা এলাকায় বিএনপি নেতার বাড়িতে নৃশংস অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এতে ঘুমন্ত অবস্থায় ৭ বছরের শিশু আয়েশা বেগম অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়।
অগ্নিদগ্ধ হন ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন ও তার দুই মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তার। গুরুতর অবস্থায় বিথি ও স্মৃতিকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বেলাল হোসেন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বেলাল হোসেন স্ত্রী-সন্তান নিয়ে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ঘরে আটকে পড়েন সবাই। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে এনে আহতদের উদ্ধার করেন।
ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ হোসেন বলেন,‘রাতের আঁধারে সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। আমরা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রনজিৎ কুমার দাস জানান, একজন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং তিনজন অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। ঘটনাটি তদন্তাধীন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ পারভেজ বলেন,‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এটি পরিকল্পিত নাশকতা কিনা, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’
ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

