Logo
Logo
×

সারাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গোলাম আযম ও উপ-উপাচার্যের প্রতিকৃতিতে কালি

Icon

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৪:১৪ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গোলাম আযম ও উপ-উপাচার্যের প্রতিকৃতিতে কালি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত গোলাম আযম ও উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক শামীম উদ্দিন খানের আঁকা প্রতিকৃতিতে কালো কালি লেপে দেওয়া হয়েছে। শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে এসব প্রতিকৃতি আঁকা হয়েছিল।

এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত সভা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) এজিএসসহ হল সংসদের ৯ প্রতিনিধি। অনুষ্ঠানের মঞ্চে শহীদ বুদ্ধিজীবী হত্যা নিয়ে মন্তব্য করা সহ-উপাচার্যের উপস্থিতির কারণে নেতারা এই সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন।

এর আগে গতকাল সোমবার দুপুরে উপ-উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা এবং ভবনের সামনের রাস্তায় যুদ্ধাপরাধী গোলাম আযম ও উপ-উপাচার্যের প্রতিকৃতি আঁকেন। 'সর্বদলীয় ছাত্র ঐক্য' ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন জাতীয়তাবাদী ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার সকালে ওই প্রতিকৃতিগুলো কালো কালিতে লেপে দেওয়া অবস্থায় দেখা যায়। 

প্রতিকৃতি আঁকার সঙ্গে যুক্ত এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে উপ-উপাচার্যের কটূক্তি এবং তার পদত্যাগের দাবিতে প্রতীকী প্রতিবাদ হিসেবে এসব ছবি আঁকা হয়েছিল।

চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না এবং রাজাকারদের পক্ষাবলম্বন করে, তারাই যুদ্ধাপরাধীর প্রতিকৃতি মুছে ফেলার সঙ্গে জড়িত।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক শহীদ  সরওয়ার্দী বলেন, প্রতিকৃতিগুলোতে কারা কালি লেপে দিয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন