Logo
Logo
×

সারাদেশ

মাদরাসাছাত্রের মাকে কুপ্রস্তাব, ঝালকাঠিতে জামায়াত নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:২০ পিএম

মাদরাসাছাত্রের মাকে কুপ্রস্তাব, ঝালকাঠিতে জামায়াত নেতা বহিষ্কার

মাদরাসাছাত্রের মাকে কুপ্রস্তাব, উত্ত্যক্ত ও আপত্তিকর বার্তা পাঠানোর অভিযোগে ঝালকাঠির নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হাফেজ নুরুল্লাহকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের মাওলানা আমজাদ হোসেনের ছেলে এবং ঝালকাঠি সদর উপজেলার কৃষ্ণকাঠি এলাকার একটি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষক।

স্থানীয় সূত্র জানায়, নুরুল্লাহ তার কর্মস্থলের মাদরাসার এক ছাত্রের মায়ের মোবাইলে আপত্তিকর বার্তা পাঠান। বিষয়টি জানাজানি হলে ওই নারীর স্বজনের হাতে তিনি মারধরের শিকার হন। অভিযোগ রয়েছে, পরে অর্থের বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। তবে ঘটনার জবানবন্দির কিছু অংশ একটি ফেসবুক আইডি থেকে ভিডিও আকারে প্রকাশ পেলে তা দ্রুত ভাইরাল হয়ে পড়ে। যদিও স্বল্প সময়ের মধ্যেই ভিডিওটি ডিলিট করা হয়।

উপজেলা জামায়াতের সেক্রেটারি সৈয়দ মোহাম্মদ আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর তদন্ত করে নুরুল্লাহকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও জানা গেছে, কয়েকদিন আগে অচেনা এক নারীর সঙ্গে ভিডিও কলের মাধ্যমে আপত্তিকর অবস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে নুরুল্লাহকে বিব্রত ও মর্মাহত অবস্থায় একটি ঘরের খাটে বসে থাকতে দেখা যায়। এই ভিডিও প্রকাশও সংগঠনের মধ্যে তীব্র বিতর্ক সৃষ্টি করে।

তবে আব্দুস সালাম অভিযোগ করেন, মাদরাসাকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন ব্যক্তি ষড়যন্ত্রমূলকভাবে এসব ঘটনা রটিয়েছেন এবং তাকে মারধর করেছেন।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন