Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় জামায়াত সমর্থক পুলিশ হেফাজতে

বয়স্কভাতার কার্ডের বিনিময়ে সংখ্যালঘু নারীদের থেকে টাকা আদায় ও দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার শর্ত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:১২ পিএম

বয়স্কভাতার কার্ডের বিনিময়ে সংখ্যালঘু নারীদের থেকে টাকা আদায় ও দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার শর্ত

সংখ্যালঘু নারীদের বয়স্কভাতার কার্ড করে দেওয়ার নামে টাকা আদায় এবং বিনিময়ে জামায়াতে ইসলামীকে (দাঁড়িপাল্লা প্রতীক) ভোট দেওয়ার শর্ত আরোপের অভিযোগে বগুড়ায় এক জামায়াত কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আজ শনিবার দুপুর ১২টার দিকে বগুড়া পৌরসভার বড় বেলাইল হিন্দুপাড়ায় সংখ্যালঘু নারীদের কাছ থেকে জন প্রতি ২৫০ টাকা করে চাঁদা নেওয়ার সময় তাকে হাতেনাতে ধরে পুলিশে দেয় স্থানীয়রা।


আটক ব্যক্তির নাম মো. মোকসেদ আলী। তার পিতার নাম মো. মোনতাজ আলী। তিনি বগুড়া জেলার ইসলামপুর হরিগাড়ি উত্তরপাড়ার বাসিন্দা। বর্তমানে তিনি সদর থানায় পুলিশের হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

বগুড়া সদর থানার পরিদর্শক তদন্ত মাহফুজ আলম বলেন, টাকা নেওয়া হচ্ছে এমন অভিযোগে স্থানীয়রা আটক করে ট্রিপল নাইনে ফোন করেন। তাদের বলা হয়েছে তিনি জামায়াতের কর্মী, তবে তার পরিচয় নিশ্চিত করতে তদন্ত শুরু করেছি। তিনি এখন থানায় আছেন। 

এ বিষয়ে জামায়াতের প্রেস উইং-এর সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন