দিনাজপুর সদর উপজেলায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার দিনাজপুর-রংপুর মহাসড়কের খোসালপুর (গম গবেষণা কেন্দ্র সংলগ্ন) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, চিরিরবন্দর উপজেলার মাঝিরা গ্রামের আব্দুস সালামের মেয়ে সাদিয়া বেগম (১৫), সদর উপজেলার খানপুর কুতৈর এলাকার ইয়াকুব আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৫৫)। সম্পর্কে তারা দুইজনে নানি-নাতনি। এ ঘটনায় নিহত অপর দুইজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় চা দোকানি কামাল হোসেন বলেন, রোববার দুপুরে বীরগঞ্জ থেকে বাসটি দিনাজপুরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে ইজিবাইকটি আসছিল। খোসালপুর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এসময় ইজিবাইক থেকে কয়েকজন যাত্রী ছিটকে রাস্তায় পড়ে যায়। পরে বাসটি তাদেরকে চাপা দিয়ে সামনের দিকে অগ্রসর হয়। স্থানীয়রা ধাওয়া দিয়ে বাসটিকে আটক করে। ঘটনাস্থলেই তিনজনের নিহত হয়েছেন। অপরজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
দিনাজপুর হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক রেজাউল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর জানতে পেরে ঘটনাস্থলে আসি। ঘটনাস্থলে তিনজনের মরদেহ পাওয়া গেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মারা যাওয়ার কথা শুনেছি। স্থানীয়রা বাসটিকে আটকে ফেলে। তবে গাড়ির চালক ও তার সহকারী পলাতক রয়েছে। আমরা যত দ্রুত সম্ভব যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছি।

