Logo
Logo
×

সারাদেশ

বিদ্যালয় কর্তৃপক্ষের সতর্কবার্তা: ছাত্রদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বন্ধে নোটিশ

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১০:০৭ পিএম

বিদ্যালয় কর্তৃপক্ষের সতর্কবার্তা: ছাত্রদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বন্ধে নোটিশ

চট্টগ্রামের মীরসরাইয়ে শিক্ষার্থীদের আচরণগত শৃঙ্খলা রক্ষা ও রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে গুরুত্বপূর্ণ এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল রবিবার মীরসরাইয়ের করেরহাট কামিনী মজুমদার উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি প্রকাশ করে। সোমবার বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু শিক্ষার্থীর চলাফেরা, হাবভাব, বাজারে ঘোরাফেরা, মিছিল, মিটিং, মাইকিং, পোস্টারিং ও বিভিন্ন নেতার সঙ্গে যুক্ত হওয়ার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এসব কর্মকাণ্ড ছাত্রজীবনের পরিপন্থি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তোমরা এখনও ছাত্র। তোমাদের কাজ পড়াশোনা করা। ভবিষ্যতে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে গিয়ে এসব কর্মকাণ্ডে যুক্ত হওয়ার যথেষ্ট সময় পাবে। কিন্তু এখন এসব করে তোমরা ব্যবহার হয়ে যাচ্ছো। পিতা-মাতা, শিক্ষক ও রাষ্ট্রের কাছে তোমাদের জীবন মূল্যবান। তাই এসব কাজে নিজেকে ছোট করে ফেলো না। আমার এই উপদেশ মানলে একদিন অনেক বড় হবে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এমরান হোসেন শামীম বলেন, নোটিশটি ক্লাসের মধ্যে শিক্ষকদের মাধ্যমে শিক্ষার্থীদের পড়িয়ে শোনানো হয়েছে। আমরা স্পষ্টভাবে বলেছি, স্কুলের শিক্ষার্থীদের রাজনীতিতে অংশগ্রহণের কোনো সুযোগ নেই। এটি আমাদের শেষ সতর্কবার্তা। এরপর যদি কেউ এ ধরনের কাজে জড়িত হয়, অভিভাবককে ডাকা হবে এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হবে।

বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে শিক্ষাবিদ, অভিভাবক ও স্থানীয় সচেতন মহল এটিকে স্বাগত জানান। 

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন