Logo
Logo
×

সারাদেশ

বসতঘর থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ীর ৫ বছরের সশ্রম কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৫, ০৮:৩০ পিএম

বসতঘর থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ীর ৫ বছরের সশ্রম কারাদণ্ড

১৭ বছর আগে কুড়িগ্রামে নিজ বসতঘর থেকে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার হওয়া এক মাদক ব্যবসায়ীকে ৫ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সাথে পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। আজ বুধবার কুড়িগ্রামের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক এ আদেশ দেন। তবে রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তারিকুর রহমান তারিক।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম ইব্রাহিম খলিল মনি (৪৫)। তিনি কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের সোনালীকুটি গ্রামের জহুর আলীর ছেলে। তিনি মাদক ব্যবসায়ী বলে মামলা সূত্রে জানা গেছে। জামিনে মুক্ত হয়ে পলাতক থাকায় তার অনুপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেছেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তারিকুর রহমান তারিক জানান, অতিরিক্ত দায়রা জজ আদালতের অতিরিক্ত দায়িত্বে থাকা সিনিয়র জেলা ও দায়রা জজ মোছাম্মৎ ইসমত আরা এই রায় প্রদান করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ৩০ অক্টোবর ইব্রাহিম খলিল মনিকে নিজ বাড়ি থেকে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করে পুলিশ। পরে জামিনে মুক্ত হয়ে বের হওয়ার পর থেকে তিনি পলাতক রয়েছেন। চার্জশিটে মনিসহ জাহাঙ্গীর আলম নামে আরও একজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে পুলিশ। দীর্ঘ শুনানি ও তথ্য প্রমাণ উপস্থাপনে আদালত ইব্রাহিম খলিল মনিকে দোষী সাব্যস্ত করে তাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়াও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। অপর আসামি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করা হয়।

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন