Logo
Logo
×

সারাদেশ

ভিডিও করায় সাংবাদিককে পুলিশ কর্মকর্তার মারধর

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১০:৫৭ পিএম

ভিডিও করায় সাংবাদিককে পুলিশ কর্মকর্তার মারধর

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালনকালে পুলিশের বিরুদ্ধে এক সাংবাদিককে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। আজ রবিবার (১২ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) খুলশী থানায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় অভিযুক্ত সিএমপি উত্তর বিভাগের উপকমিশনার আমিরুল ইসলামকে অবিলম্বে অপসারণের দাবি জানিয়েছেন চট্টগ্রামে কর্মরত সাংবাদিকরা।

ভুক্তভোগী যমুনা টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো অফিসের স্টাফ করেসপন্ডেন্ট জোবায়েদ ইবনে শাহাদাত সংবাদমাধ্যমকে জানান, শনিবার রাতে জিইসি কনভেনশন সেন্টারে পুলিশের গুলির ঘটনার ফলোআপ রিপোর্ট সংগ্রহ করতে তিনি আজ সকালে খুলশী থানায় যান।

তিনি বলেন, ‘সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তারদের পরিবারের সদস্যদের সাক্ষাৎকার রেকর্ড করা শুরু করলে ডিসি আমিরুল এসে প্রশ্ন করেন যে, আমি কার অনুমতিতে রেকর্ড করছি।’

তিনি বলেন, ‘আমি তখন বলি যে, সবার সামনে সাক্ষাৎকার রেকর্ড করছি, অনুমতির প্রয়োজন নেই। তখনই তিনি ক্ষুব্ধ হয়ে আমাকে ক্যামেরা বন্ধ করতে বলেন। এতে কথা কাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে তিনি আমাকে থানার একটি কক্ষে আটকে রেখে চড়-থাপ্পর ও ঘুষি মারেন।’

ঘটনার সময় তার সঙ্গে থাকা ক্যামেরাপারসন আসাদুজ্জামান লিমনকেও মারধর করা হয় বলে অভিযোগ করেন জোবায়েদ।

জানতে চাইলে ডিসি আমিরুল ইসলাম ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ওই সাংবাদিক অনুমতি ছাড়া থানার ভেতরে সাক্ষাৎকার নিচ্ছিলেন। জিজ্ঞাসা করলে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন। পরে কিছুটা গোলমালের পর আমরা তাকে হেফাজতে নিই। অল্প সময় পর ছেড়ে দেই।’

ঘটনার পরপরই সাংবাদিক নেতারা খুলশী থানার সামনে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করে অভিযুক্ত ডিসির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি করেছেন।

চট্টগ্রাম ইউনিয়ন অব জার্নালিস্টস (সিইউজে) এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে অভিযুক্ত কর্মকর্তাকে প্রত্যাহার ও বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

যৌথ বিবৃতিতে সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, ‘একজন জ্যেষ্ঠ ও দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার এমন আচরণ নিন্দনীয় ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এটি সরাসরি সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত।’

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন