Logo
Logo
×

সারাদেশ

কুমিল্লায় কুকুর লেলিয়ে যুবককে নির্যাতন, ৩ নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৪ পিএম

কুমিল্লায় কুকুর লেলিয়ে যুবককে নির্যাতন, ৩ নিরাপত্তাকর্মী গ্রেপ্তার

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের দেবপুর এলাকার সাকুরা স্টিল মিলে চুরির অভিযোগে আটক এক যুবককে কুকুর লেলিয়ে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় মিলের তিন নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশ।

গ্রেপ্তার তিনজন হলেন— মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ী থানার আড়িয়াল গ্রামের মো. জুলহাস মিয়ার ছেলে মোহাম্মদ শান্ত ইসলাম (২৮), মুন্সিগঞ্জ সদর থানার মুরমা গ্রামের মৃত সিরাজ উদ্দিন শেখের ছেলে আলামিন ওরফে লিপু(৩৬), এবং বরিশাল জেলার উজিরপুর থানার মালিকান্দা গ্রামের মো. ফারুক হাওলাদারের ছেলে মো. সজিব হাওলাদার (২৬)। তারা সবাই ওই মিলের নিরাপত্তা কর্মী। নির্যাতনের শিকার যুবকের নাম জয় চন্দ্র সরকার (৩০)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার শীতলপুর গ্রামের শ্রী বিষ্ণুচন্দ্র সরকারের ছেলে।

আজ শনিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১১ সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম। তিনি বলেন, একজন মানুষকে কুকুর লেলিয়ে নির্যাতন করার মতো অমানবিক ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বুড়িচং থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল হক বলেন, গ্রেপ্তার তিন নিরাপত্তাকর্মীকে আদালতে পাঠানো হবে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ভিডিওতে দেখা যায়, দুটি কুকুর মিল প্রাঙ্গণে আটক জয় চন্দ্র সরকারকে আক্রমণ করছে এবং কয়েকজন ব্যক্তি লাঠি দিয়ে তাকে আঘাত করছে। কুকুরের কামড় ও লাঠির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে তিনি প্রাণ বাঁচানোর জন্য চিৎকার করতে থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সাকুরা স্টিল মিলে প্রায়ই শুক্রবার জুমার নামাজের সময় চুরির ঘটনা ঘটত। এ জন্য কিছু নিরাপত্তাকর্মী ও শ্রমিক নামাজে না গিয়ে চোর ধরার জন্য প্রস্তুত ছিল। জয় চন্দ্র সরকার মিলের ভেতরে প্রবেশ করলে তাকে ধরে কুকুর লেলিয়ে দেওয়া হয় এবং পরে শারীরিক নির্যাতন চালানো হয়। ;a

Logo

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন