চুয়াডাঙ্গায় গরু বিক্রির দ্বন্দ্বে দুই ভাইকে হত্যা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩২ পিএম
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে গরু বিক্রি নিয়ে বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে উথলী গ্রামের রেললাইনের ৭২ নম্বর ব্রিজের পাশের মাঠে এ ঘটনা ঘটে। নিহতেরা হলেন—উথলী গ্রামের মাঝেরপাড়ার মৃত খোদা বক্স মণ্ডলের ছেলে আনোয়ার ওরফে মিন্টো (৫৫) ও হামজা (৪৫)।
স্থানীয়রা জানান, প্রায় চার মাস আগে গরু বিক্রি নিয়ে বিরোধের সূত্রপাত হয়। এ ঘটনা নিয়ে এ আগেও মারামারি হয়েছে। আজ শনিবার সকালে সেই বিরোধের জের ধরে প্রতিবেশী পক্ষের লোকজন হামলা চালায়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে হামজা এবং পরে আনোয়ার মারা যান।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, দুজনকেই কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়েছিল। একজন হাসপাতালে আসার আগেই মারা গিয়েছিলেন এবং আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, প্রাথমিকভাবে জানা গেছে, গরু কেনাবেচা পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।
