গোপালগঞ্জে এনসিপির পদযাত্রার আগে পুলিশের গাড়িতে আগুন, আহত ৩ পুলিশ সদস্য
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শুরুর আগে গোপালগঞ্জে পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর ইউনিয়নের খাটিয়াগড় চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের তিন সদস্য আহত হন।
আহতরা হলেন—গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আহমেদ বিশ্বাস, কনস্টেবল কাওছার ও কনস্টেবল মিনহাজ। তাদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান।
ঘটনার পরপরই পুলিশের পক্ষ থেকে ছাত্রলীগকে দায়ী করা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান জানান, “জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা আজ পৌর পার্কে পদযাত্রায় অংশ নিতে গোপালগঞ্জে আসছিলেন। এই কর্মসূচিকে বানচাল করতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকরা পুলিশের গাড়িতে আগুন ও ভাঙচুর চালায়।”
তিনি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খাটিয়াগড় গ্রামে ছাত্রলীগের কর্মীদের জমায়েত হওয়ার খবর পেয়ে টহলে যায়। সেখানেই পুলিশের গাড়িতে হামলা হয় এবং আগুন ধরিয়ে দেওয়া হয়।”
তবে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, “এখনো নিশ্চিত নই কারা এই হামলা চালিয়েছে। তদন্ত চলছে।”
এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
উল্লেখ্য, ১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচি শুরু করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মাসব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা ১১টায় গোপালগঞ্জে কেন্দ্রীয় পদযাত্রার আয়োজন ছিল।
এই কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল রাতে গোপালগঞ্জে একাধিক স্থানে মশাল মিছিল করে এনসিপি নেতাকর্মীরা।
এর আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে “১৬ জুলাই… মার্চ টু গোপালগঞ্জ” বলে কর্মসূচির ঘোষণা দেন।
এই ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত কেউ আটক হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

