সরকার ঘোষিত যথাসময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে: ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৫:২০ পিএম
ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, যে যাই বলুক সরকার ঘোষিত যথাসময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ। এটি নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। কোনো ধরনের বিভ্রান্তিতে কান দেওয়ার প্রয়োজন নেই।
বান্দরবান সদরের মেঘলা পর্যটন এলাকায় আজ শনিবার সকালে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিফলক উন্মোচন শেষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপদেষ্টা এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ইসলামিক সমাজের উন্নয়ন, নৈতিকতা ও মূল্যবোধ বিকাশে মসজিদগুলোর ভূমিকা অপরিসীম। সরকার প্রান্তিক জনগোষ্ঠীর সমাজ ব্যবস্থার উন্নয়নে নানামুখী পদক্ষেপ নিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস সালাম খান, প্রকল্প পরিচালক শহিদুল আলম, বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার, বান্দরবান পৌরসভার প্রশাসক মঞ্জুরুল হক প্রমুখ।
