যথাসময়ে নির্বাচনের রোডম্যাপ দিবে ইসি: উপদেষ্টা আসিফ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০৫:৪৬ পিএম
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের সম্ভাব্য তারিখ মাথায় রেখে যথাসময়ে রোডম্যাপ দেবে নির্বাচন কমিশন। আজ সোমবার কুমিল্লার মুরাদনগর উপজেলার জাহাপুর বাজারে সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এপ্রিলের জাতীয় নির্বাচনের সঙ্গে স্থানীয় নির্বাচনের সমন্বয় প্রসঙ্গে আসিফ বলেন, ‘রাজনৈতিক দলগুলো থেকে কনসার্ন ছিল স্থানীয় সরকার নির্বাচন হলে সংসদ নির্বাচন পিছিয়ে যেতে পারে। প্রধান উপদেষ্টা এপ্রিলে জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ করে দেওয়ায় এখন আর সেই সম্ভাবনা নেই।’
স্থানীয় সরকার নির্বাচনের ওপর জোর দিয়ে আসিফ বলেন, জনগণ অধিকাংশ সেবা স্থানীয় সরকারের মাধ্যমে পেয়ে থাকেন, জনপ্রতিনিধি না থাকায় দীর্ঘদিন ধরে তা বিঘ্নিত হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার স্থানীয় পর্যায়ে জনকল্যাণমুখী অনেক কাজ করলেও দৈনন্দিন সেবা পেতে নির্বাচিত জনপ্রতিনিধির কোনো বিকল্প নেই।
স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে সরকারের শুরু থেকেই সদিচ্ছা ছিল উল্লেখ করে উপদেষ্টা বলেন, স্থানীয় সরকারের অনেকগুলো স্তর রয়েছে, কতটুকু করা যাবে তা যাচাই-বাছাই করা হচ্ছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন কমিশনকে নির্বাচন আয়োজনের জন্য বলা হবে।
