নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। আজ শনিবার বেলা ৩টার দিকে ভাসানচর থেকে নোয়াখালীর উদ্দেশে যাওয়ার পথে ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় জেলেদের তিনটি ট্রলারে ৩২ জনকে উদ্ধার করা গেলেও ৭ জন এখনো নিখোঁজ রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলারটিতে মোট ৩৯ জন যাত্রী ছিলেন। ঝড়ো আবহাওয়া ও নদীতে উঁচু ঢেউয়ের কারণে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। হাতিয়ার চানন্দী ইউনিয়নের স্থানীয় তিনটি বোটের সহায়তায় ৩২ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনো ৭ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। স্থানীয় জেলেরা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন।
ভাসানচর থানার ওসি মো. কুতুব উদ্দিন বলেন, দুপুর সাড়ে ১২টায় ভাসানচর থেকে ৩৯ যাত্রী নিয়ে ট্রলারটি ছেড়ে যায়। তীরের কাছাকাছি গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। উদ্ধার অভিযান চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
