রোহিঙ্গা শিবিরে "গোলাগুলিতে" আরসা কমান্ডার নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুন ২০২৪, ১২:৩২ এএম
কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা শিবিরে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি সমর্থক ও পুলিশের মধ্যে কথিত গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আব্দুল মোনাফ (২৬) নামের একজন আরসা নেতা নিহত হয়েছেন । এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
আজ বুধবার (১২ জুন) দুপুরে এ খবর গণমাধ্যমকে জানান উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন।
নিহত মোনাফ ঘোনার পাড়া ১৯ নাম্বার রোহিঙ্গা শিবিরের এ-৪ ব্লকের বাসিন্দা আজিম উল্লাহর ছেলে।
রোহিঙ্গা শিবিরে আইনশৃঙ্খলায় নিয়োজিত ৮ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. আমির জাফর দাবি করেন, সকালে উখিয়ার ঘোনার পাড়া ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-৪ ব্লকে মিয়ানমারের সশস্ত্রগোষ্ঠী আরসার সন্ত্রাসীদের ২ গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছলে আরসা সন্ত্রাসীরা অতর্কিত গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষার্থে পুলিশও পালটা গুলি ছুড়ে।
তিনি বলেন, "ত্রিমুখী গোলাগুলির" একপর্যায়ে আরসা সন্ত্রাসীরাপালিয়ে গেলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। এসময় ঘটনাস্থলের আশেপাশে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় বিদেশি একটি পিস্তল। পরে গুলিবিদ্ধ ব্যক্তিকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, কী কারণে আরসা সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে পুলিশ তা নিশ্চিত নয়। এ ব্যাপারে পুলিশ খোঁজখবর নিচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
