যে কারখানায় তৈরি হয় নকল প্রেগন্যান্সি স্ট্রিপ, চলে কনডম রি-প্যাকিং
ওষুধ প্রশাসন অধিদপ্তর ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীতে নকল প্রেগন্যান্সি স্ট্রিপ ও কনডম রি-প্যাকিংয়ের কারখানার সন্ধান পেয়ে যৌথ অভিযান চালিয়েছে। শনিবার (১ জুন) দুপুরে রাজধানীর বাবুবাজারের আবদুল আলিম মার্কেটে ওই অভিযান চালানো হয়। ওষুধ প্রশাসন অধিদপ্তরের ওষুধ তত্ত্বাবধায়ক রোমেল মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন।
রোমেল মল্লিক জানান, আবদুল আলিম মার্কেটে অবস্থিত ওই কারখানায় নকল প্রেগন্যান্সি স্ট্রিপ তৈরি করা হতো। এছাড়া খোলা বাজারে পাওয়া কনডম এখানে এনে প্যাকেটজাত করা হতো। অভিযানে বিপুল নকল প্রেগন্যান্সি স্ট্রিপ ও খোলা বাজারের কনডম জব্দ করা হয়। এছাড়া মার্কেটটির বিভিন্ন দোকান থেকে বিপুল নকল ও নিবন্ধনহীন ওষুধ জব্দ করা হয়েছে।
তিনি আরো জানান, মার্কেটের নাঈম ফার্মেসি, শাকিল ব্রাদার্স, সাহরা ড্রাগস, রাজীব এন্টারপ্রাইজ, আল আকসা মেডিসিন ও আলাউদ্দিন মেডিসিন নামের দোকান থেকে বিপুল নকল ও নিবন্ধনহীন ওষুধ জব্দ করা হয়েছে।

